এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর নজির গড়েছে বাংলাদেশ। ধবলধোলাইয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামার আগে বড় সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ-লিটন দাসরা।
সিরিজ জেতায় আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেটারদের ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার প্রেসসচিব আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ। তাতে ২১ বছরের অপেক্ষা ফুরায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম এবং সর্বশেষ জয়টি ২০০৫ সালে পেয়েছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ।
আগামীকাল সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে। ম্যাচটি যথারীতি মিরপুরেই। ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সিরিজটি হচে চট্টগ্রামে। সূচি অনুযায়ী ম্যাচ ১৭, ১৯ ও ২১ জুন।




