• ই-পেপার

ভোরে ব্রাজিল-মরক্কো ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন

ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: স্কটল্যান্ড অধিনায়ক

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিপক্ষে খেলা স্বপ্নের মতো: স্কটল্যান্ড অধিনায়ক
সংগৃহীত ছবি

বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়া যেকোনো ফুটবলারের জন্য এক ‘স্বপ্নের’ মুহূর্ত বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ড অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরছে স্কটল্যান্ড। আর এই ঐতিহাসিক যাত্রায় দেশের নেতৃত্ব দিতে পেরে উচ্ছ্বসিত এই লিভারপুল লেফট-ব্যাক।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্প শোনানোর পাশাপাশি বিশ্বমঞ্চে ব্রাজিল বধের পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। উল্লেখ্য, আগামী ১ জুলাই ফ্রি ট্রান্সফারে টটেনহ্যাম হটস্পারে যোগ দিতে চলেছেন এই ডিফেন্ডার।

কুইন্স পার্ক থেকে অ্যানফিল্ডে আসার রূপকথা মনে করিয়ে দিয়ে রবার্টসন বলেন, ‘আমি আমার এই যাত্রাটাকে ভালোবাসি। অনেক কঠোর পরিশ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এর জন্য। তবে এর প্রতিটি মুহূর্তই সার্থক। কখনো ভাবিনি আমি দেশের অধিনায়কত্ব করব। ছোটবেলা থেকে স্বপ্নটা ছিল কেবল স্কটল্যান্ডের জার্সিতে মাঠে নামার।’

১৫ বছর বয়সে সেল্টিক থেকে বাদ পড়ার সেই কঠিন স্মৃতির কথা রোমন্থন করে স্কটিশ অধিনায়ক বলেন, ‘প্রত্যাখ্যাত হওয়া এবং সেই কষ্টের মুহূর্তগুলোই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ফুটবলে সবসময়ই ধাক্কা আসবে, তবে আপনি সেটার প্রতিক্রিয়া কীভাবে দেখাচ্ছেন—সেটাই আসল।’

গত নভেম্বরে হ্যাম্পডেন পার্কে ডেনমার্ককে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্টিভ ক্লার্কের শিষ্যরা। টুর্নামেন্টে বেশ কঠিন ‘সি’ গ্রুপে পড়েছে স্কটল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো এবং পরাশক্তি ব্রাজিল। আগামী ১৩ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর মরক্কো এবং সবশেষে মিয়ামিতে ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে তারা।

ব্রাজিল ম্যাচ নিয়ে নিজের রোমাঞ্চ লুকিয়ে রাখেননি রবার্টসন। তিনি বলেন, ‘আমরা আমাদের নিজেদের ইতিহাস গড়তে চাই। আমরা ব্রাজিল এবং তাদের সোনালী অতীতকে সম্মান করি, তবে সেটা মাঠের খেলায় কোনো প্রভাব ফেলবে না। তাদের বিপক্ষে খেলাটা স্বপ্নের মতো। আমরা তাদের কাজটা কঠিন করে তুলতেই মাঠে নামব।’

দর্শকরা ভাঙতে যাচ্ছেন বিশ্বকাপের সব রেকর্ড

ক্রীড়া ডেস্ক
দর্শকরা ভাঙতে যাচ্ছেন বিশ্বকাপের সব রেকর্ড
ছবি : রয়টার্স

ফিফা বিশ্বকাপ শুরু হলেই বিশ্বজুড়ে তৈরি হয় অন্যরকম উন্মাদনা। দর্শকপ্রিয়তার দিক থেকে এই আসর এগিয়ে অন্য যেকোন স্পোর্টস ইভেন্ট থেকে। 

পরিসংখ্যান বলছে, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখেছেন প্রায় ৫৭ কোটি ১০ লাখ মানুষ। অন্যদিকে অন্যতম জনপ্রিয় সুপার বোলের গড় লাইভ দর্শক সংখ্যা ১৫ থেকে ২০ কোটির মধ্যে।

বিশ্বকাপ ২০২৬ এ দলসংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ এবং ম্যাচসংখ্যা ১০৪ হওয়ায় দর্শকসংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে টেলিভিশন, স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে প্রায় ৫০০ কোটি মানুষ যুক্ত ছিলেন। এবারে সেই সংখ্যা আরো বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রে ফুটবল জনপ্রিয়তা তুলনামূলক কম হলেও বিশ্বকাপ ঘিরে আগ্রহ বাড়ছে। ২০২২ সালের ফাইনাল দেশটিতে প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ দেখেছেন। তবে বিশ্বের অন্যান্য ফুটবলপ্রধান দেশের তুলনায় এটি কম।

বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ বিশ্বকাপের বড় অংশ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় দেশটিতে ফুটবলের দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বিশ্বকাপের বৈশ্বিক আবেদন এবং দর্শকসংখ্যার দিক থেকে এটি এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর হিসেবে শীর্ষে রয়েছে।

যুক্তরাষ্ট্রে চুরির ধাক্কা, একটি ফুটবল ছাড়া বাকি সব খোয়া গেল ইংল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রে চুরির ধাক্কা, একটি ফুটবল ছাড়া বাকি সব খোয়া গেল ইংল্যান্ডের
সংগৃহীত ছবি

বিশ্বকাপের মূল লড়াই মাঠে গড়ানোর আগেই বড়সড় এক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছে হ্যারি কেইন-জুড বেলিংহামদের ইংল্যান্ড। কানসাস সিটিতে নিজেদের প্রথম অনুশীলন সেশনের আগেই চুরি হয়ে গেছে থমাস টুখেলের শিষ্যদের ম্যাচ খেলার বুট। শুধু বুটই নয়, চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও। 

জানা গেছে, ফ্লোরিডার প্রি-টুর্নামেন্ট ক্যাম্প থেকে যখন ফুটবলারদের কিট ও সরঞ্জাম মিসৌরির সোপ সকার ভিলেজের অনুশীলন ক্যাম্পে নেওয়া হচ্ছিল, ঠিক তখনই এই চুরির ঘটনা ঘটে। তারকা ফুটবলারদের বুট খোয়া যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ডেইলি মেইল জানিয়েছে,  চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে মাত্র একটি ফুটবল ছাড়া কিছুই ছিল না।

তবে স্বস্তির খবর হচ্ছে, কানসাস সিটি পুলিশ বিভাগ দ্রুত অ্যাকশনে নেমেছে। ইতিমধ্যে সন্দেহভাজন দুজনকে আটক করেছে তারা। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘তদন্তের স্বার্থে দুজনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।’ তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। চুরি হওয়া সরঞ্জাম দ্রুত উদ্ধারে স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘এল’ গ্রুপের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে থমাস টুখেলের দল। ১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো ট্রফি জয়ের লক্ষ্যে এবার আটঘাট বেঁধে নেমেছে ইংলিশরা। কিন্তু মাঠের লড়াইয়ের আগেই এমন হুটহাট হ্যাপা ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

অবশ্য মাঠের বাইরের এই কাণ্ড বাদ দিলে দলের ভেতরের আবহাওয়া বেশ চনমনে। ওয়েস্ট পাম বিচের গরমে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে দল। ফ্লোরিডায় খেলা দুটি প্রস্তুতি ম্যাচেই এসেছে জয়।

‘ব্রাজিল তো ব্রাজিলই’— এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি

ক্রীড়া ডেস্ক
‘ব্রাজিল তো ব্রাজিলই’— এটা আগের ব্রাজিল দল নয় মন্তব্যের উত্তরে হাকিমি
ছবি : রয়টার্স

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে কাল ভোরে মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম দাবীদার মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। তাদের সঙ্গে ২০২৩ সালে সর্বশেষ দেখায় প্রীতি ম্যাচে হেরেছে ব্রাজিল। 

তবে ব্রাজিল দলের সাম্প্রতিক পরিসংখ্যান দেখে তাদেরকে পেছনের সারিতে রাখতে চান না মরোক্কান তারকা আশরাফ হাকিমি। ব্রাজিলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।’ 

এদিকে ব্রাজিলের দায়িত্বে আছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। মরোক্কান অধিনায়ক হাকিমি মজার ছলে জানিয়েছেন, ‘আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি। হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।’ 

এদিকে ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োসের সঙ্গে সম্পর্ক ভুলে থাকতে চান হাকিমি। কেননা তারা একসঙ্গে পিএসজির রক্ষণ সামলে জিতেছেন টানা দুইটি চ্যাম্পিয়নস লিগ। তাই বন্ধুর সঙ্গে আপাতত সম্পর্ক বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তুলে রাখতে চান হাকিমি। 

মজার ছলে তিনি জানান, ‘পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি। তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।’ 

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৮৮ ডিগ্রি ফারেনহাইট (৩১ ডিগ্রি সেলসিয়াস) থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এতে কোনো অসুবিধা দেখেন না মরক্কান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা গরম আবহাওয়ায় অভ্যস্ত। আমরা আফ্রিকান।’