প্রতিবছর বাজেট ঘোষণার পর সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত চাকরিজীবী ও বেতনভোগী শ্রেণি, সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে যে বিষয়গুলোর দিকে তাকিয়ে থাকেন, তার মধ্যে ব্যক্তিশ্রেণির আয়কর অন্যতম। কারণ করনীতি কেবল রাষ্ট্রের রাজস্ব সংগ্রহের বিষয় নয়; এটি সরাসরি মানুষের দৈনন্দিন জীবন, সঞ্চয়, ব্যয় এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। একজন করদাতার কাছে বাজেটের সাফল্য শেষ পর্যন্ত নির্ধারিত হয় মাস শেষে তার হাতে কত টাকা অবশিষ্ট থাকছে।
সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রকৃত আয়ের ওপর ক্রমবর্ধমান চাপের কারণে এই প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের ঘোষণা নিঃসন্দেহে প্রথম দৃষ্টিতে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে হতে পারে। তবে করদাতার দৃষ্টিকোণ থেকে প্রশ্ন হলো, এই করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রকৃত প্রভাব কতটুকু এবং এর আড়ালে করদাতার মোট করভার সত্যিই কমছে, নাকি ভিন্ন উপায়ে বৃদ্ধি পাচ্ছে—সেই বিষয়টিই গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
একই সঙ্গে করস্ল্যাব ও করহার পুনর্বিন্যাস করা হয়েছে। ফলে করমুক্ত সীমা বৃদ্ধির মাধ্যমে যে সামান্য সুবিধা দেওয়া হয়েছে, উচ্চতর আয়ের স্তরে নতুন স্ল্যাব ও করহারের কারণে তা সম্পূর্ণভাবে বিলীন হয়ে মধ্যবিত্তের জন্য স্বস্তির বার্তা না দিয়ে বরং অনেক করদাতাদের মোট করভার বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
করনীতির মূল্যায়নে নামমাত্র আয় (Nominal Income) ও প্রকৃত আয় (Real Income)-এর পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতির কারণে টাকার ক্রয়ক্ষমতা সময়ের সঙ্গে কমে যায়। ধরা যাক, গত তিন বছরে গড় মূল্যস্ফীতি বার্ষিক ৯ শতাংশ ছিল। সে ক্ষেত্রে সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়ায় প্রায় ২৯.৫ শতাংশ।
এই বাস্তবতায় করমুক্ত সীমা মাত্র ৭ শতাংশ বৃদ্ধি প্রকৃত অর্থে উল্লেখযোগ্য সুবিধা দেয় না। উদাহরণস্বরূপ, পূর্বের ৩ লাখ ৫০ হাজার টাকার করমুক্ত সীমার ক্রয়ক্ষমতা ধরে রাখতে বর্তমান সীমা মূল্যস্ফীতির হার অনুযায়ী কমপক্ষে ৪ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকার মধ্যে হওয়া উচিত ছিল। সেই হিসাবে ৩ লাখ ৭৫ হাজার টাকার নতুন সীমা বাস্তবে পূর্বের সীমার সমতুল্যও নয়। বরং ক্রয়ক্ষমতার বিচারে করমুক্ত আয়ের প্রকৃত পরিসর সংকুচিত হয়েছে বলেই যুক্তি দেওয়া যায়।
করদাতার চূড়ান্ত করদায় শুধু করমুক্ত সীমা দ্বারা নয়, পুরো করকাঠামোর মাধ্যমে নির্ধারিত হয়। অনেক সময় করমুক্ত সীমা বৃদ্ধি করা হলেও পরবর্তী স্ল্যাবের হার বা কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সরকার আরো বেশি রাজস্ব আদায় করতে পারে। অর্থনীতিতে এই ঘটনাকে “ফিসকাল ড্র্যাগ” বা নীরব করবৃদ্ধি বলা হয় অর্থাৎ মুদ্রাস্ফীতি বা নামমাত্র আয় বৃদ্ধির কারণে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর করস্ল্যাবে প্রবেশ করেন, যদিও তাদের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ে না। এর ফলে দৃশ্যমান করহার অপরিবর্তিত থাকলেও কার্যকর করভার ধীরে ধীরে বৃদ্ধি পায়।
এই প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে কাজ করে। প্রথমত, মুদ্রাস্ফীতির কারণে মানুষের নামমাত্র আয় বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারীর মাসিক বেতন ৪০ হাজার টাকা থেকে বেড়ে ৪৮ হাজার টাকা হয়, তাহলে কাগজে-কলমে তার আয় ২০ শতাংশ বেড়েছে বলে মনে হবে। কিন্তু একই সময়ে যদি পণ্য ও সেবার দাম ৩০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে তার প্রকৃত ক্রয়ক্ষমতা বরং কমে যেতে পারে। অর্থাৎ আয়ের বৃদ্ধি বাস্তব সমৃদ্ধির প্রতিফলন নয়; অনেক ক্ষেত্রে এটি কেবল মূল্যস্ফীতির ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা মাত্র।
দ্বিতীয়ত, করস্ল্যাব যদি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত সমন্বয় করা না হয়, তাহলে করদাতারা ধীরে ধীরে উচ্চতর করহারের আওতায় চলে যান। ফলে যে আয় বৃদ্ধি মূলত মূল্যস্ফীতির কারণে হয়েছে, সেটিকেও অতিরিক্ত আয় হিসেবে গণ্য করে বেশি কর আরোপ করা হয়। অর্থাৎ করদাতার প্রকৃত আর্থিক অবস্থার উন্নতি না ঘটলেও তার করদায় বেড়ে যায়।
তৃতীয়ত, এই অতিরিক্ত করের ফলে করদাতার হাতে অবশিষ্ট ব্যয়যোগ্য আয় (Disposable Income) কমে যায়। একদিকে খাদ্য, বাসাভাড়া, শিক্ষা, চিকিৎসা ও পরিবহন ব্যয় বাড়ছে, অন্যদিকে আয়ের একটি বড় অংশ কর হিসেবে চলে যাচ্ছে। ফলে সঞ্চয়, বিনিয়োগ এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য উপলব্ধ অর্থ ক্রমশ সংকুচিত হয়।
ফিসকাল ড্র্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—এটি দৃশ্যমান করহার পরিবর্তন ছাড়াই সরকারের রাজস্ব বৃদ্ধি করে। সরকার আনুষ্ঠানিকভাবে করহার না বাড়িয়েও বেশি কর আদায় করতে পারে। রাজনৈতিকভাবে এটি তুলনামূলকভাবে সুবিধাজনক, কারণ করদাতারা সরাসরি করবৃদ্ধির কোনো ঘোষণা দেখতে পান না; কিন্তু বছরের শেষে হিসাব করলে দেখা যায়, তাদের কর পরিশোধের পর হাতে অবশিষ্ট অর্থ আগের তুলনায় কমে গেছে। বাংলাদেশের মতো দেশে, যেখানে করস্ল্যাব মুদ্রাস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয় না, সেখানে ফিসকাল ড্র্যাগের প্রভাব আরো তীব্র হতে পারে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণি এর প্রধান ভুক্তভোগী। কারণ তাদের বেতন সাধারণত মূল্যস্ফীতির চাপ সামাল দিতে কিছুটা বাড়ে, কিন্তু করসীমা সেই হারে সমন্বিত হয় না। ফলে তারা এমন আয়ের ওপর কর প্রদান করেন, যা প্রকৃত অর্থে তাদের জীবনমানের উন্নতি ঘটায়নি।
উদাহরণস্বরূপ, একজন করদাতার বার্ষিক আয় ৫ লাখ টাকা হলে নতুন কাঠামোতে তার করযোগ্য আয় হবে ১ লাখ ২৫ হাজার টাকা। কিন্তু এখানে শুধু করমুক্ত সীমা বৃদ্ধির দিকটি নয়, করস্ল্যাবের হার পরিবর্তনও গুরুত্বপূর্ণ। ২০২৫-২৬ অর্থবছরে প্রথম করযোগ্য ১ লাখ টাকার ওপর করহার ছিল ৫ শতাংশ, যা ২০২৬-২৭ অর্থবছরে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি পরবর্তী স্ল্যাবে করহার ১০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে করযোগ্য আয়ের ওপর করের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
পুরোনো কাঠামোতে ৫ লাখ টাকা আয়ের ক্ষেত্রে করযোগ্য আয় ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে কর হতো ৫ হাজার টাকা, এবং অবশিষ্ট ৫০ হাজার টাকার ওপর ১০ শতাংশ হারে কর হতো ৫ হাজার টাকা। ফলে মোট কর দাঁড়াত প্রায় ১০ হাজার টাকা। অন্যদিকে নতুন কাঠামোতে করযোগ্য আয় কমে ১ লাখ ২৫ হাজার টাকা হলেও প্রথম ১ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে কর দাঁড়ায় ১০ হাজার টাকা, এবং অবশিষ্ট ২৫ হাজার টাকার ওপর ১৫ শতাংশ হারে কর দাঁড়ায় ৩ হাজার ৭৫০ টাকা। ফলে মোট কর দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৭৫০ টাকা।
অর্থাৎ করমুক্ত সীমা বৃদ্ধি পেলেও এবং করযোগ্য আয় কমলেও করহার বৃদ্ধির কারণে একজন ৫ লাখ টাকার করদাতার মোট কর প্রায় ৩ হাজার ৭৫০ টাকা বেড়ে যায়। এটি স্পষ্টভাবে দেখায় যে করমুক্ত সীমা বৃদ্ধির ঘোষণার পরও বাস্তবে করদাতার করভার কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। এ থেকে স্পষ্ট যে করনীতিতে নামমাত্র পরিবর্তন এবং প্রকৃত করভার পরিবর্তন এক বিষয় নয়। করমুক্ত সীমা বৃদ্ধি করদাতার জন্য ইতিবাচক পদক্ষেপ হতে পারে, কিন্তু যদি সেই বৃদ্ধি মূল্যস্ফীতি এবং করস্ল্যাবের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তার প্রকৃত সুফল সীমিত থেকে যায়।
এখানেই মধ্যবিত্তের প্রকৃত সংকট। করব্যবস্থা নামমাত্র আয়ের ওপর কর নির্ধারণ করে, প্রকৃত আয়ের ওপর নয়। ফলে মূল্যস্ফীতিজনিত আয়বৃদ্ধির ওপরও কর আরোপিত হয়, যদিও বাস্তবে জীবনমানের কোনো উন্নতি ঘটে না। এর ফলে একদিকে জীবনযাত্রার ব্যয় বাড়ে, অন্যদিকে করযোগ্য আয়ও বৃদ্ধি পায়। ফলস্বরূপ তাদের হাতে অবশিষ্ট ব্যয়যোগ্য আয় ক্রমেই সংকুচিত হয় এবং দীর্ঘমেয়াদে সঞ্চয় ও আর্থিক স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়ে।
করনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর যোগাযোগ বা “পলিসি ন্যারেটিভ”। কোনো বাজেট শুধু সংখ্যার সমষ্টি নয়; এটি একটি বার্তাও বহন করে। সরকার যখন করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করে, তখন সেটি সাধারণত জনগণের কাছে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হয়, যা করদাতাদের মধ্যে ধারণা তৈরি করে যে করের চাপ কমছে। কিন্তু প্রকৃত প্রভাব বুঝতে হলে কেবল ঘোষণার ভাষা নয়, পুরো করকাঠামো, করস্ল্যাব, করহার এবং মূল্যস্ফীতির প্রভাব একসঙ্গে বিশ্লেষণ করা জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যায়, করমুক্ত সীমা বাড়লেও স্ল্যাব কাঠামো বা মূল্যস্ফীতির কারণে সেই সুবিধা বাস্তবে সীমিত হয়ে যায়।
এখানেই প্রশ্ন ওঠে—করনীতির উদ্দেশ্য কি সত্যিকারের আর্থিক স্বস্তি দেওয়া, নাকি স্বস্তির একটি ধারণা তৈরি করা? যখন ঘোষিত সুবিধা এবং বাস্তব ফলাফলের মধ্যে ব্যবধান তৈরি হয়, তখন নীতিগত স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কারণ করদাতা শেষ পর্যন্ত বাজেটের ঘোষণার চেয়ে নিজের বাস্তব আর্থিক অবস্থাকেই বেশি গুরুত্ব দেন।
তবে বিষয়টির আরেকটি দিকও রয়েছে। সরকারের জন্য করনীতি কেবল জনসন্তুষ্টির বিষয় নয়; এটি রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাতিয়ার। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত রাজস্ব প্রয়োজন। বিশেষ করে মূল্যস্ফীতির সময় সরকারি ব্যয়ও বৃদ্ধি পায়। ফলে সরকারকে একদিকে জনমুখী করনীতি গ্রহণ করতে হয়, অন্যদিকে পর্যাপ্ত রাজস্ব সংগ্রহও নিশ্চিত করতে হয়। সমস্যা তৈরি হয় তখনই, যখন জনস্বস্তি ও রাজস্ব সংগ্রহের এই ভারসাম্য করদাতার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য হারায়। যদি করদাতা অনুভব করেন যে তার ব্যয় বাড়ছে, ক্রয়ক্ষমতা কমছে এবং করদায়ও অপরিবর্তিত থাকছে, অথচ তাকে কর-সুবিধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে, তাহলে করব্যবস্থার প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ে। এই কারণেই করনীতিকে আরও ন্যায্য ও টেকসই করতে হলে কেবল নামমাত্র পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন কাঠামোগত সংস্কার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল্যস্ফীতির সঙ্গে করস্ল্যাবের স্বয়ংক্রিয় সমন্বয়, যাতে বাস্তব ক্রয়ক্ষমতার ভিত্তিতে করদায় নির্ধারিত হয়।
একই সঙ্গে মধ্যবিত্তের বাস্তব জীবনযাত্রার ব্যয়—যেমন খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—বিবেচনায় নিয়ে করযোগ্য আয়ের সীমা নির্ধারণ করা জরুরি। কারণ আয়ের বড় অংশ যদি মৌলিক চাহিদা পূরণেই ব্যয় হয়ে যায়, তাহলে সেই আয়ের ওপর অতিরিক্ত কর আরোপ মধ্যবিত্তের ওপর অযথা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে।
কর ব্যবস্থার আরেকটি অপরিহার্য দিক হলো স্বচ্ছতা। করদাতাকে স্পষ্টভাবে জানাতে হবে কোন আয়ের অংশে কত কর আরোপ হচ্ছে, করস্ল্যাব পরিবর্তনের ফলে তার মোট করদায় কিভাবে পরিবর্তিত হচ্ছে এবং সরকারের রাজস্ব নীতির মূল উদ্দেশ্য কী। এই স্বচ্ছতা না থাকলে করদাতার মধ্যে আস্থাহীনতা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে কর-অনুবর্তিতা (Tax Compliance) কমিয়ে দিতে পারে এবং শেষ পর্যন্ত রাজস্ব ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সবশেষে বাংলাদেশের ব্যক্তিশ্রেণির করনীতির সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে বলা যায়, করমুক্ত সীমা বৃদ্ধির আড়ালে করভার পরিবর্তনের প্রশ্নটি কেবল সংখ্যাগত হিসাব নয়; এটি একটি বৃহত্তর অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। মুদ্রাস্ফীতি, করস্ল্যাব পুনর্বিন্যাস এবং মধ্যবিত্তের আয় কাঠামোর চাপ একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, ঘোষিত “স্বস্তি” অনেক ক্ষেত্রেই বাস্তবে সীমিত বা প্রতীকী হয়ে দাঁড়ায়, যেখানে কার্যকর করভার প্রত্যাশিত হারে কমে না, বরং স্থিতিশীল থাকে বা কিছু ক্ষেত্রে বাড়তেও পারে। বাংলাদেশের সদ্য ঘোষিত বাজেটের করমুক্ত সীমা বাস্তব অর্থে করদাতার স্বস্তি বাড়ায়নি বরং কমিয়েছে। বিশেষ করে নীতিগত ঘোষণার স্তরের একটি সংখ্যাগত পরিবর্তন বাস্তব জীবনে মধ্যবিত্ত করদাতার চাপ বারিয়েছে।
লেখক : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট




