অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও ঘটেছে এক মর্মস্পর্শী পারিবারিক ট্র্যাজেডি। শহরের পশ্চিমাঞ্চলের পারামাট্টা নদী থেকে এক ব্যক্তি ও তার সাত বছর বয়সী কন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় কমিউনিটিতে।
শনিবার (১৩ জুন) দুপুরের আগে কনকর্ড এলাকার হেন অ্যান্ড চিকেন বে সংলগ্ন নদীতে এক ব্যক্তিকে পানিতে ভাসতে দেখে পথচারীরা। স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে জরুরি সেবা বিভাগে খবর দেওয়া হলে পুলিশ, মেরিন রেসকিউ ও অ্যাম্বুল্যান্সকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
উদ্ধারকারীরা ওই ব্যক্তিকে নদী থেকে তুলে জীবনরক্ষাকারী ব্যবস্থা নিলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তদন্তে জানা যায়, তার সঙ্গে থাকা সাত বছর বয়সী কন্যা নিখোঁজ রয়েছে।
এরপর শুরু হয় ব্যাপক অনুসন্ধান অভিযান। পুলিশ ডুবুরিদল, মেরিন ইউনিট এবং আকাশপথে অনুসন্ধান চালিয়ে কয়েক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫ টার দিকে শিশুকন্যার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে,পরিবারটি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির পশ্চিমাঞ্চলীয় ওয়েস্টমিড এলাকার বাসিন্দা ছিল। ঘটনার দিন তারা একটি ভাড়াকৃত নৌকা ব্যবহার করছিলেন। শিশুটি পরিবারের একমাত্র সন্তান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বারউড পুলিশ এরিয়া কমান্ডের কর্মকর্তারা ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। শিশুটির মা ও পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পারিবারিক সহিংসতা, দুর্ঘটনা অথবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সংকট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত বা পারিবারিক সংকটের সময়ে দ্রুত সহায়তা নেওয়া এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করা অনেক ক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।




