বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ফুটবলপ্রেমীরা। আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সমর্থকদের মধ্যেও। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই তারকা খায়রুল বাসার ও কেয়া পায়েল।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেন খায়রুল বাসার। ছবিতে আর্জেন্টিনার জার্সি পরে তার সঙ্গে দেখা যায় কেয়া পায়েলকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’

বাসার ও পায়েল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘সামির’ ও ‘মেহরীন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন। সেই জনপ্রিয় চরিত্র দুটির নামই এবার ব্যবহার করেছেন বাসার, যা ভক্তদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।
পোস্টটি প্রসঙ্গে বাসার জানান, তিনি ও কেয়া পায়েল—দুজনেই আর্জেন্টিনা দলের সমর্থক। পাশাপাশি সম্প্রতি নাটকে তাদের জুটি দর্শকদের কাছেও বেশ সাড়া ফেলেছে। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে এভাবেই সমর্থন প্রকাশ করেছেন তারা।
এআই প্রযুক্তিতে তৈরি হলেও বাসার-পায়েলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে ইতিমধ্যে ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে এক হাজার, যেখানে বেশিরভাগই আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে শুভকামনা জানিয়েছেন।




