• ই-পেপার

আদ-দ্বীনের নির্বাহী পরিচালক

স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি

  • লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

স্পেনকে চমকে দিল কেপ ভার্দে

ক্রীড়া প্রতিবেদক
স্পেনকে চমকে দিল কেপ ভার্দে
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া গত রাতে স্পেনের বিপক্ষে গোলবারের সামনে যেন এক অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। ছবি : রয়টার্স

কী অবিশ্বাস্য এক ম্যাচই না খেললেন ভোজিনিয়া! এবারের বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের ৪০ বছর বয়সী এই গোলরক্ষক গত রাতে স্পেনের বিপক্ষে গোলবারের সামনে যেন এক অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। স্প্যানিশদের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়েছে তাঁর দুর্দান্ত সেভ আর কেপ ভার্দের সুসংগঠিত রক্ষণভাগের সামনে।

শক্তি ও সামর্থ্যের বিচারে স্পেনের চেয়ে অনেক পিছিয়ে কেপ ভার্দে। মাঠের খেলায় বলের দখলও ছিল প্রায় পুরোপুরি স্প্যানিশদের নিয়ন্ত্রণে। তবু একের পর এক আক্রমণ প্রতিহত করে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়। দুই অর্ধ মিলিয়ে কেপ ভার্দের জালে কোনো গোলই দিতে পারেনি স্পেন।

প্রথমার্ধেই তিনটি দুর্দান্ত সেভ করেন ভোজিনিয়া। শুরু থেকেই বলের দখল ধরে রেখে খেলতে থাকা স্পেন ৩৬ মিনিটে ম্যাচের সেরা সুযোগগুলোর একটি পায়। পেদ্রির শট কর্নারের বিনিময়ে রুখে দেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক। যদিও পরে কুকুরেলা অফসাইডে থাকায় কর্নারটি  বাতিল হয়। ৩৮ মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্পেন। ফেরান তোরেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মিকেল ওইয়ারসাবাল হেড নিলেও অসাধারণ ক্ষিপ্রতায় বল ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন ভোজিনিয়া। ৪৫ মিনিটে আরো একটি দুর্দান্ত সেভ করেন তিনি। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন তোরেস। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি ধরে ফেলেন কেপ ভার্দের গোলরক্ষক।

যোগ করা সময়েও নিজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ দেন ভোজিনিয়া। বিরতির আগে পেদ্রির নেওয়া কর্নার থেকে আমেরিক লাপোর্তে শক্তিশালী হেড নিলে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলের গতিপথ বদলে দেন তিনি। দ্বিতীয়ার্ধে তরুণ তারকা লামিন ইয়ামালকে নামিয়েও কেপ ভার্দের রক্ষণ ভাঙতে পারেনি স্পেন। মিকেল মেরিনোর বদলি হিসেবে ৭১ মিনিটে মাঠে নামেন ইয়ামাল। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও গোলের পথ খুঁজে পেতেই তাঁকে মাঠে নামান স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে তাতেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্পেনকে। অন্যদিকে জয়ের সমান এক ড্র নিয়েই মাঠ ছেড়েছে কেপ ভার্দে, যে ড্রয়ের মাহাত্ম্য বোঝা যাচ্ছিল ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেপ ভার্দের ফুটবলারদের চোখে অশ্রু দেখে।

রাজবাড়ীতে জামায়াত নেতার হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

৬ জেলায় ২ খুন, ৪ লাশ

কালের কণ্ঠ ডেস্ক
রাজবাড়ীতে জামায়াত নেতার হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার

রাজবাড়ীতে এক জামায়াত নেতার হাত-পা বাঁধা দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মাগুরায় ভাতিজার ইটের আঘাতে মারা গেছেন বৃদ্ধ চাচা। দিনাজপুরে পায়ের রগ কেটে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধে।

এ ছাড়া বরিশাল, যশোর ও ময়মনসিংহে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর

রাজবাড়ী : কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক জামায়াত নেতার দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আসাদুল ইসলাম (২৪) মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামী মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে সোনাপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আসাদুল। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। জামায়াতে ইসলামী মদাপুর ইউনিয়ন শাখার আমির ফিরোজ আহমেদ জানান, দুর্বৃত্তরা আসাদুলের হাত-পা বেঁধে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। পরে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মাগুরা : পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির সময় ভাতিজার ছোড়া ইটের আঘাতে চাচা আরব আলী নিহত হয়েছেন। গতকাল দুপুরে কোদালিয়া শ্রীরামপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। লাশ সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

বোচাগঞ্জ (দিনাজপুর) : বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ তাঁর সাবেক স্ত্রীর বিরুদ্ধে। গতকাল সকালে তিনি মৃত্যুরণ করেন। এর আগে গত রবিবার দুপুরে উপজেলার রামদাসপাড়ায় অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা ও মিলের শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রায়ই মোস্তাফিজের সাবেক স্ত্রী শিল্পী মিলে এসে ঝগড়াবিবাদ করতেন। রবিবারও ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মিলমালিককে আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরদিন মারা যান।

বরিশাল : কালিজিরা নদী থেকে গতকাল সকালে বস্তাবন্দি অবস্থায় এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমুল মোল্লা (২২) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হতে পারে। লাশের ধরন দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

অভয়নগর (যশোর) : গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোহিনী বিশ্বাস (৭৫) নামের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়ায় নিজ ঘরের বারান্দা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহিনী বিশ্বাস ওই গ্রামের মৃত মৃন্দা বিশ্বাসের স্ত্রী।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রিয়ামনি (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল কংস নদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গফরগাঁও (ময়মনসিংহ) : পৌর শহরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী ও ফুলবাড়িয়া সদরের দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের শিলাসী মাজারবাড়ি এলাকায় মজিবর রহমানের বাসার ছাদের একটি কক্ষে থাকতেন শরিফুল। গতকাল কাজে না যাওয়ায় ব্যাংক থেকে বাসার মালিককে ফোন করে শরিফুলের খোঁজ করা হয়। পরে শরীফের কক্ষের বন্ধ দরজা খুলে তাকে ফাঁসিতে ঝুলতে দেখা যায়।

রাউজানে ২২ মাসে ২৫ খুন

কাজী মনজুরুল ইসলাম, চট্টগ্রাম ও জাহেদুল আলম, রাউজান
রাউজানে ২২ মাসে ২৫ খুন

চট্টগ্রামের রাউজানে একের পর এক ঘটছে খুনের ঘটনা। গত ২২ মাসে রাউজানে খুন হয়েছে ২৫ জন। বালুমহালের নিয়ন্ত্রণ, পাহাড় কাটা, মাটি কাটা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে রাউজানে এসব খুনের ঘটনা ঘটছে। এসব খুনের ঘটনায় অনেক আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। একের পর এক খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, খুন করে সন্ত্রাসীরা পাহাড়ে পালিয়ে যায়, যে কারণে তাদের ধরা কঠিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামের রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে এবং গুলিবিদ্ধসহ আহত হয়েছে সাড়ে তিন শতাধিক মানুষ।

সর্বশেষ গত শনিবার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় মাসুদুল হক চৌধুরীকে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী তাঁর বড় ভাই। পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাসুদুল। এ ছাড়া তাঁর বালুর ব্যবসাও ছিল। এই হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজে পাঁচজনকে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা গেছে। ঘটনার সময় দুজনের হাতে শটগান ও তিনজনের হাতে পিস্তল ছিল। তারা প্রথমে গুলি করে যুবদল নেতাকে হত্যা করে। এরপর গুলি ছুড়ে সিএনজি অটোরিকশায় চড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচজনকে শনাক্ত করেছে পুলিশ। মাসুদুল হত্যাকাণ্ডের পেছনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের ক্যাডার বাহিনীর সংশ্লিষ্টতা আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা যায়, বেতাগী ইউনিয়নের পাশেই রাউজানের পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়ন। তিন ইউনিয়নের দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত হয়েছে কর্ণফুলী নদী। নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাউজান ও রাঙ্গুনিয়ায় একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই বালু উত্তোলন কিংবা বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষণা দেওয়ার কারণেই মাসুদুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাউজানে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে ২৫টি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে প্রায় ৬০ থেকে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিহতদের পরিবার বলছে, প্রকৃত খুনি ও অস্ত্রধারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

রাউজানের হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা বা মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। টার্গেট ব্যক্তিকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে আবার পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা বলছেন, রাউজান ও রাঙ্গুনিয়ার কর্ণফুলী ও হালদা নদী থেকে বালু উত্তোলন করে কোটি টাকার বাণিজ্য করা হয়। এই ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালীদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে একের পর এক খুনের ঘটনা ঘটছে। এ ছাড়া পাহাড় কাটা, ইট ও মাটির ব্যবসা নিয়ন্ত্রণ, স্থানীয় বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও রাউজানে একের পর এক খুনের ঘটনা ঘটছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, রাউজানে ৫ আগস্টের পর সংঘটিত হত্যা মামলাগুলোর চার্জশিট দেওয়া হয়েছে কি না তা আমি নিশ্চিত নই। বিষয়টি দেখার সুযোগই পাইনি। আমার যোগদানের দুদিনের মাথায় আরেকটি ঘটনা ঘটে গেল। তিনি আরো বলেন, সংঘটিত প্রতিটি হত্যার আসামিকে ধরতে অভিযান চলছে। পাহাড় ও দুর্গম এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মাসুদুল হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের শনাক্ত করা হয়েছে। সবাই রাউজানের চিহ্নিত সন্ত্রাসী। তিনি বলেন, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির প্রাকৃতিক পাহাড়ের সুবিধা নেয় সন্ত্রাসীরা। তবে এই সুবিধা বেশিদিন ব্যবহার করতে পারবে না।

সীমান্তে পুশ ইনকে কেন্দ্র করে একাধিক স্থানে উত্তেজনা

কালের কণ্ঠ ডেস্ক
সীমান্তে পুশ ইনকে কেন্দ্র করে একাধিক স্থানে উত্তেজনা

সীমান্তে পুশ ইনকে কেন্দ্র করে দেশের একাধিক স্থানে উত্তেজনা, ব্যর্থ অপচেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। লালমনিরহাটের পাটগ্রাম ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশ ইন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়, আর জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আটকে পড়া এক ভারতীয় বৃদ্ধকে পরে নিজেদের দেশে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাপ্পারবাড়ি (আজিজপুর) সীমান্তে রবিবার রাতে কাঁটাতারের বেড়ার গেটের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুশ ইনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। তবে বিজিবির তৎপরতা ও সীমান্তবাসীর উপস্থিতির কারণে শেষ পর্যন্ত ওই চেষ্টা সফল হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে কাঁটাতারের গেট দিয়ে পাঁচ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে কাঁটাতারের ওপার থেকে কয়েকটি ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ ওঠে। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ পুশ ইন করা লোকজনসহ নিজেদের অবস্থানে ফিরে যায়।

তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি সরাসরি স্বীকার করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

অন্যদিকে বিজিবি জানায়, সার্চ লাইট বন্ধ রেখে তিনজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হলেও তাদের সক্রিয় অবস্থানের কারণে বিএসএফ তা বাস্তবায়ন করতে পারেনি।

এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশ ইনের শিকার নারী, পুরুষ, শিশুসহ ১২ জনকে চার দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতকাল সোমবার সকালে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় দ্বিতীয় দফা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গত শুক্রবার ভোরে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিল। পরে দুই দফা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি সূত্র জানায়, প্রথম দফা বৈঠক ব্যর্থ হওয়ার পর শনিবার আরেকটি বৈঠক হলেও সিদ্ধান্ত হয়নি। পরে সোমবার চূড়ান্ত বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় শূন্যরেখায় অবস্থানের কারণে তারা মানবেতর পরিস্থিতির মধ্যে ছিল।

অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎপাড়া এলাকায় পুশ ইন করা এক ভারতীয় বৃদ্ধ নাগরিককে রবিবার রাতে বিএসএফ ফিরিয়ে নেয়। বিজিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় কৃষক লুৎফর রহমান বলেন, ৫ জন ভারতীয়কে পুশ ইন করার চেষ্টা করা হলেও চারজন ফিরে যায়, এক বৃদ্ধ আটকে পড়ে। পরে তাঁকে বিএসএফ ফিরিয়ে নেয়।

হাটখোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, বিজিবির বাধায় পুশ ইন ভেস্তে যায় এবং পরে বৃদ্ধকে ফেরত নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাটখোলা সীমান্তের কম্পানি কমান্ডার আনিছুর রহমান বলেন, বৃদ্ধকে ফেরত নেওয়ার পর সীমান্ত পরিস্থিতি এখন শান্ত। বিজিবি সব সময় সতর্ক রয়েছে।

গত রবিবার সকালেও হাটখোলা সীমান্তে পাঁচ ভারতীয় নাগরিককে পুশ ইন করার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।