• ই-পেপার

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্রীড়া ডেস্ক
হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
জোড়া গোল করে নরওয়ের জয়ের নায়ক হালান্ড। ছবি : রয়টার্স

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর জন্য তারও দরকার গোল। নিউ ইয়র্ক/নিউ জার্সিতে যেন গোলের পণ করেই মাঠে নামেন নরওয়ের তারকাও।

মেসি-এমবাপ্পের ম্যাজিকাল রাতে তাই ভাগ বসালেন হালান্ড। দুই কিংবদন্তির মতোই ম্যাচে জোড়া গোল পেয়েছেন তিনিও। তার জোড়া গোলে সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় পেয়েছে নরওয়ে। এতে করে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে খেলবে নরওয়ে। ইরাকের বিপক্ষে প্রথম ম্যাচেও জোড়া গোল করেন হালান্ড। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় নরওয়ে। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডি। ম্যাচের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক সেভ দেন তিনি। কর্নার থেকে নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আয়ার গোল প্রায় পেয়েই গিয়েছিলেন। তবে তার হেড জালে জড়ানোর আগে অবিশ্বাস্যভাবে পা দিয়ে সেভ করেন সেনেগালের গোলরক্ষক।

৩৭ মিনিটে নরওয়েকে লিড এনে দেওয়ার সুর্বণ সুযোগ পেয়েছিলেন মার্টিন ওডেগার্ডও। বক্সের মধ্যে আর্লিং হালান্ডের কাছ থেকে বল পেয়ে জোরাল ভলি নিয়েছিলেন আর্সেনালের মিডফিল্ডার। তবে গোলবার ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক মেন্ডির শরীরে লাগায় গোল আর পাওয়া হয়নি তার।

বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে অবশ্য নরওয়েকে আনন্দে ভাসান মার্কাস পেডারসেন। ৪৩ মিনিটে তার নেওয়া ডান পায়ের শট এবারও অনেকটা ঠেকিয়েই দিয়েছিলেন মেন্ডি। তবে বলে পাওয়ার থাকায় হাতে লাগার পরেও জালে জড়ায়।

যোগ করা সময়ে ২-০ লিড পেতে পারত নরওয়ে। তবে হতাশ করে পোস্ট। ডান প্রান্ত থেকে গোলে শট নিয়েছিলেন আর্লিং হালান্ড। কিন্তু তার শট কাছের পোস্টে লাগায় গোল আর পাওয়া হয়নি। একই আক্রমণে আরেকটি সুযোগ পেয়েছিলেন তিনি। সতীর্থর ক্রসে হেড নিয়েছিলেনও তিনি, তবে বাঁ দিকে ঝাঁপিয়ে ধরে ফেলেন মেন্ডি।

হতাশা নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধ শুরু হতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পান হালান্ড। সতীর্থ ওডেগার্ডের পাসে ৪৮ মিনিটে জোরাল শটে গোল করেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। ২-০ গোলে পিছিয়ে পড়া সেনেগাল ম্যাচে ফেরে ৫৩ মিনিটে। সাদিও মানের পাস থেকে ব্যবধান কমান ইসমাইলা সার।

তবে গোল ব্যবধান কমানোর আনন্দ বেশিক্ষণ উপভোগ করা হয়নি সেনেগালের। ৫৮ মিনিটে যে জোড়া গোল করেন হালান্ড। প্যাট্রিক বার্গের ক্রসকে পেনাল্টি স্পট থেকে সাইড-ফুটেড ভলিতে গোলটি করেন হালান্ড।

৮৮ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছে গিয়েছিলেন হালান্ড। তার শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে ব্লক না হলে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটা পেয়েই জেতেন তিনি। ৯০ মিনিটে অবিশ্বাস্য এক সেভ দেন সেনেগালের আরেক ডিফেন্ডার পাথে চিস। অস্কার ববের জোরাল এক শট গোল লাইন থেকে হেডে বাঁচিয়ে দেন।

বিপরীতে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি গোল করে ম্যাচ জমানোর ইঙ্গিত দেন সার। নিকোলাস জ্যাকসনের অ্যাসিস্টে বক্স থেকে গোল করে। তবে গোলটিতে ব্যবধান ৩-২ হলেও সমতায় ফেরা হয়নি সেনেগালের।

এ জয়ে ফ্রান্সের পর গ্রুপ ‘আই’ থেকে নকআউট নিশ্চিত করেছে নরওয়ে। উভয় দলই টানা দ্বিতীয় জয় পেয়েছে। তবে পয়েন্ট সমান ৬ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকা ফ্রান্স শীর্ষে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন কারা হবে সেটা নির্ভর করবে আগামী ২৭ জুনের ম্যাচে। সেদিন বোস্টনে মুখোমুখি হবে নরওয়ে-ফ্রান্স।

জানা গেল ফ্রান্স-ইরাক স্থগিত ম্যাচ শুরুর সময়

ক্রীড়া ডেস্ক
জানা গেল ফ্রান্স-ইরাক স্থগিত ম্যাচ শুরুর সময়
বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কায় ম্যাচ সাময়িক বন্ধ ছিল। ছবি : রয়টার্স

বিরতির সময় শেষ হয়ে আরও প্রায় দেড় ঘণ্টার বেশি পেরিয়ে যাওয়ার পর অবশেষে ম্যাচ ফ্রান্স-ইরাক ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে যাচ্ছে। বৃষ্টি কিছুটা কমে আসায় এবং বজ্রপাতের আশঙ্কা না থাকায় আবার শুরু হচ্ছে ম্যাচটি। ম্যাচ শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় ভোর ৫ টা ৫০ মিনিট।

এর আগে ম্যাচ স্থগিত থাকে প্রকৃতির বাধায়। ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ম্যাচ শুরু হওয়া নিয়ে সংবাদমাধ্যমকে ফিফার এক মুখপাত্র জানিয়েছিলেন, ‘নিরাপদ মনে হলেই ম্যাচ আবার শুরু করা হবে।’

অন্যদিকে স্টেডিয়াম মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, ‘এই মুহূর্তে এলাকাজুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করছে। তাই ম্যাচ এখনো স্থগিত রয়েছে।’

সঙ্গে ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড়স্ক্রিনে বার্তা দেওয়া হয়েছিল, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হবে। দর্শকদের নিরাপদ আশ্রয় নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

নিয়ম হচ্ছে, স্টেডিয়ামের ৮-১০ মাইলের মধ্যে বজ্রপাত হলে ম্যাচ স্থগিত থাকবে। নতুন করে খেলা শুরু করার জন্য ৩০ মিনিটের মধ্যে কোনো বজ্রপাত না হওয়ার শর্ত থাকতে হবে। আর এ সময়ের মধ্যে যদি আবারও বজ্রপাত হয়, তবে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষার পর খেলা শুরু করা হবে। 

এর আগে কিলিয়ান এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

গোলে রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে, এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
গোলে রোনালদোকে ছুঁলেন এমবাপ্পে, এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স
ফ্রান্সকে লিড এনে দেওয়া গোলটি করেছেন এমবাপ্পে। ছবি : রয়টার্স

শুধু লিওনেল মেসিই নন, বিশ্বকাপে উড়ছেন কিলিয়ান এমবাপ্পেও। পারফরম্যান্স দিয়ে দর্শক-সমর্থকদের বিমোহিত করে চলছেন তিনি। ডি-বক্সের বাইরে থেকে করা অপূর্ব গোলটি মুগ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

ম্যাচের ১৪ মিনিটের গোলটি সত্যি অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে করা এমবাপ্পের গোলটি একবার হাইলাইটস দেখে নিতে পারেন। বাঁকানো শটটি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। গোলটির এমনি শক্তি। তাতে ফ্রান্সের হয়ে ১০০তম ম্যাচ গোলে রাঙালেন তিনি। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ইরাকের বিপক্ষে বিরতিতে গেছে ফ্রান্স।

৪১ মিনিটে জোড়া গোল পেতে পারতেন এমবাপ্পে। শরীরকে দারুণভাবে স্পিন করিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে ঢুকেছিলেন তিনি। তবে শট নেওয়ার মুহূর্তে হুসেইন আলি স্লাইড দিয়ে বলকে থামালে আর গোলটি পাওয়া হয়নি এমবাপ্পের। 

দলকে লিড এনে দেওয়া গোলে একটা কীর্তি গড়েছেন এমবাপ্পে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদো নাজারিওকে ছুঁয়েছেন ফ্রান্সের অধিনায়ক। ইরাকের বিপক্ষে করা তার প্রথম গোলটি বিশ্বকাপে ১৫তম। সমান গোল ব্রাজিল কিংবদন্তিরও। 

যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে-রোনালদো। তাদের ওপরে আছেন মিরোস্লাভ ক্লোসা ও লিওনেল মেসি। ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন জার্মান কিংবদন্তি। তাকে আজ রাতেই ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এখন চূড়ায় এখন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোল ১৮। 

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি আর পাওয়া হতো না’

ক্রীড়া ডেস্ক
‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি আর পাওয়া হতো না’
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ম্যাচসেরাও হয়েছেন মেসি। ছবি : রয়টার্স

বয়সের ভারে অন্যরা যখন নিজেদের হারিয়ে ফেলেন লিওনেল মেসি তখন ঠিক উল্টো। তার পারফরম্যান্সের ধার যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়কের পারফরম্যান্স দেখে তেমনটাই বলেছেন অলিভার জিরু। মেসিকে নিয়ে ফ্রান্সের সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন লিওনেল মেসি।’

তবে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের নায়কের শুরুটা অবশ্য ভালো ছিল না। ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোলের সহজ সুযোগ পেলেও তা করতে ব্যর্থ হন মেসি। মিস করায় বিরক্ত হয়েছিলেন জানিয়ে ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ‘পেনাল্টিটা মিস করার পর কিছুক্ষণ ভীষণ বিরক্ত ছিলাম। কিন্তু পরে সেটা পুষিয়ে নিতে পেরেছি।’

পেনাল্টি মিস করায় তার জন্য ভালো হয়েছে জানিয়ে মেসি আরও বলেছেন, ‘পুরো বিষয়টি যেভাবে ঘটেছে, সত্যিই অসাধারণ। পেনাল্টিতে গোল করতে পারলে ব্যবধান আরও বাড়াতে পারতাম। যদি সেই (পেনাল্টি) গোলটি পেতাম তাহলে হয়তো পরের গোল দুটি আর পাওয়া হতো না।’

ম্যাচ জেতায় খুশি মেসি সমর্থকদের আরও আনন্দ দিতে চান। ৩৭ বছর বয়সী তারকা বলেছেন, ‘এই জয়ে আমি সত্যিই খুব খুশি, জয়টি বিশেষ ছিল। এরই মধ্যে আমরা মানুষকে অনেক আনন্দ উপহার দিয়েছি। সামনে তাদের আরও আনন্দ দেওয়ার চেষ্টা করব।’