দীর্ঘদিন পিকআপ চালিয়ে কষ্ট করে জমানো বড় মেয়ের বিয়ের সঞ্চয় চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এক পিকআপচালক বাবা। মৌলভীবাজারের কমলগঞ্জে বাসার তালা ভেঙে স্টিলের সিন্দুক থেকে প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২১ জুন) উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন নাজমুল মিয়া (৫০)। তিনি আবুল খায়ের কোম্পানির পিকআপচালক এবং স্থানীয় বাসিন্দা।
নাজমুল মিয়া জানান, রবিবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। পরে তার স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা দিয়ে বাইরে যান। কিছু সময় পর বাসায় ফিরে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায়, স্টিলের সিন্দুকের ড্রয়ার খুলে সেখানে রাখা নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
কান্নাজড়িত কণ্ঠে নাজমুল মিয়া বলেন, ‘পিকআপ চালিয়ে অনেক কষ্টে বড় মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম। চোরেরা সব নিয়ে গেছে। এখন মেয়ের বিয়ে কীভাবে দেব, বুঝতে পারছি না।’
তিনি দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
স্থানীয় বাসিন্দা ইমরান ও জুয়েল আহমদ বলেন, মেয়ের বিয়ের জন্য বহুদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। ঘটনার পর থেকে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের ছবি ও ভিডিও পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




