অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের কৃষি খাতে আমূল পরিবর্তনে বিএনপি সরকারের সুদূরপ্রসারী ও নানামুখী পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, কৃষি খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
সোমবার (২৯ জুন) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে ‘বাজেট ২০২৬-২৭ : কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বক্তারা কৃষিকে জাতীয় বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানান। পাশাপাশি কৃষি গবেষণা, সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, কোল্ড চেইন অবকাঠামো উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধে বলা হয়, কৃষি খাতে সরকারি কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও জাতীয় বাজেটে কৃষির অংশ ক্রমান্বয়ে কমে বর্তমানে প্রায় ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। এতে দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আরো পড়ুন
ফের রিমান্ডে সাবেক মহিলা এমপি আশিকা
সেমিনারে আরো চারটি প্রধান সুপারিশ তুলে ধরা হয়—জাতীয় বাজেটের অন্তত ১০ শতাংশ কৃষি গবেষণা ও উন্নয়নে বরাদ্দ, আধুনিক কোল্ড চেইন ও হিমাগার সম্প্রসারণ, সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিতকরণ এবং স্মার্ট কৃষি ও ডিজিটাল কৃষিসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ।
একই সঙ্গে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ হিসেবে অর্থ ছাড়ে বিলম্ব, দুর্বল তদারকি, কৃষক পর্যায়ে সহায়তা পৌঁছাতে অনিয়ম, আন্তর্জাতিক বাজারে উপকরণের মূল্যবৃদ্ধি, জলবায়ু ঝুঁকি এবং আন্তঃসংস্থার সমন্বয় ঘাটতির বিষয়গুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কৃষি খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খাল কাটা কর্মসূচি’ ও কৃষি বিপ্লবের কথা স্মরণ করে তিনি বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের ঘোষিত এই বাজেটে কৃষকের স্বার্থ সুরক্ষা, সার-বীজ-কীটনাশকে ভর্তুকি বৃদ্ধি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির সহজলভ্যতার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। দেশের কৃষি উন্নয়নে কৃষিবিদদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরো পড়ুন
বৈভবকে বসিয়ে রেখে ভারতের পরাজয়ে সমালোচনার ঝড়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম মোহাম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান।
প্রধান আলোচক ছিলেন দীপ্ত টেলিভিশনের হেড অব নিউজ এস এম আকাশ। আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আবদুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বারি) নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ আবদুস সালাম।
সেমিনারের সভাপতিত্ব করেন অ্যাগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।