বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছয়টি অনুষদের ৬ মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত মেধাবৃত্তি অর্জন করেছেন। ২০২০-২১ শিক্ষাবর্ষের এসব শিক্ষার্থী প্রথম ৬ সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় এ বৃত্তির জন্য নির্বাচিত হন তারা। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের চতুর্থ বর্ষে অধ্যয়নরত এবং স্নাতক শেষবর্ষের পূর্বের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনুষদে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। পাবলিক ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ইউজিসি প্রতিবছর এ বৃত্তি দিয়ে থাকে।
এসময় বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে মেধাবৃত্তি বাবদ ২৪ হাজার টাকা এবং বই-পুস্তক ক্রয়ের জন্য ২ হাজার টাকা প্রদান করা হয়েছে। ছয়জন শিক্ষার্থীর মধ্যে সর্বমোট ১ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ভেটেরিনারি অনুষদের বায়েজিদ আলম, কৃষি অনুষদের খালিদ হাসান, পশুপালন অনুষদের মো. জামিল হোসেন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যুথি দত্ত, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মো. শাদমান জামান রোহিত এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের মোগোলাম সাকলায়েন আনাস।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘তোমাদের সকলের এমন একাডেমিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। আশা করি তোমরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং একাডেমিকে ভালো করার পাশাপাশি দক্ষ কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তুলবে।’






