সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। একদিনে তিন শিশুর মৃত্যুর একদিনের মাথায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। মৃতদের মধ্যে ৭৩ জনই শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে।
বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশু হলো—সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের দিপন পালের মেয়ে দিবানি পাল (৯ মাস) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ-বিলাইউড়া গ্রামের মনোয়ার মিয়ার ছেলে রাইয়ান (২ মাস ২৪ দিন)। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনের মৃত্যু সরাসরি হামে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭১ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৩৯ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করে ভর্তি হয়েছেন।




