• ই-পেপার

১২ লাখ ইউরোর গহনা জব্দ, তদন্তের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭৩ হাজার

অনলাইন ডেস্ক
গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭৩ হাজার
রয়টার্স ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৯৮৩ জন নিহত এবং ৩ হাজার ১২২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৯৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩০ জনেরও বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান সংঘাতের কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চাপে রয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং জ্বালানির সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

‘ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না’

অনলাইন ডেস্ক
‘ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না’
সংগৃহীত ছবি

ইরানিরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই। তিনি বলেন, ‘এই অবিশ্বাসের পেছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা ও বাস্তব অভিজ্ঞতা।’

বার্তা সংস্থা আলজাজিরা বলছে, গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা।

তিনি দাবি করেন, চলমান যুদ্ধে ইরান শত্রুদের নেতৃত্বকে নির্মূল করতে এবং আগ্রাসীদের শক্তি ভেঙে দিতে সফল হয়েছে।

মোহসেনি এজেই বর্তমান যুদ্ধের শুরুতে গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের প্রথম দিন, ২৮ ফেব্রুয়ারি, নিহত হওয়ার পর এই পরিষদ তেহরানের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাইবার হামলায় শীর্ষে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে সাইবার হামলায় শীর্ষে উত্তর কোরিয়া
সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার হ্যাকাররা গত এক বছরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিরুদ্ধে চালানো রাষ্ট্র-সমর্থিত সাইবার হামলার প্রায় অর্ধেকের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক বার্ষিক সাইবার নিরাপত্তা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠীগুলো আগের চেয়ে আরো বেশি সংগঠিত ও দক্ষ হয়ে উঠেছে। তারা এখন শুধু কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশই করছে না, বরং ভুয়া পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিও নিচ্ছে। এ কাজে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করছে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাতেও তাদের সম্পৃক্ততা বাড়ছে।

ক্রাউডস্ট্রাইকের তথ্য অনুযায়ী, 'ফেমাস চোল্লিমা' নামে পরিচিত একটি উত্তর কোরীয় হ্যাকার গোষ্ঠী ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মে পর্যন্ত প্রযুক্তি খাতের বিরুদ্ধে পরিচালিত রাষ্ট্র-সমর্থিত সাইবার কার্যক্রমের ৪৭ শতাংশের জন্য দায়ী। প্রতিষ্ঠানটি এই গোষ্ঠীকে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য সবচেয়ে সক্রিয় সাইবার হুমকিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রায়ই যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে দূর থেকে কাজ করার চাকরির জন্য আবেদন করে। তারা নিজেদের সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার বা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেয়।

এই পরিচয়কে বিশ্বাসযোগ্য করতে তারা এআই প্রযুক্তিতে তৈরি ছবি ব্যবহার করে। অনেক ক্ষেত্রে চুরি করা পাসপোর্ট, জাল পরিচয়পত্র এবং ভুয়া নথিও কাজে লাগানো হয়। চাকরি পাওয়ার পর তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, সফটওয়্যার এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থায় প্রবেশের সুযোগ পায়। বাইরে থেকে তাদের সাধারণ কর্মী মনে হলেও ভেতরে তারা গোপনে তথ্য সংগ্রহ করে।

ক্রাউডস্ট্রাইক বলছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর কোরিয়া আর্থিক ও কৌশলগত- দুই ধরনের সুবিধাই পায়। হ্যাকারদের বেতন শেষ পর্যন্ত দেশটির সরকারের কাছে পৌঁছায় বলে ধারণা করা হয়। একই সঙ্গে তারা কোম্পানির গোপন তথ্য, প্রযুক্তিগত নকশা, মেধাস্বত্ব এবং ব্যবসায়িক তথ্য সংগ্রহ করে।

কিছু ক্ষেত্রে চুরি করা তথ্য পরে চাঁদাবাজির হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়। হ্যাকাররা প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করে এবং অর্থ না দিলে সংবেদনশীল তথ্য প্রকাশ করে দেওয়ার হুমকি দেয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্য এখনো ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইন খাত। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি কোম্পানি, ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং ব্লকচেইন ডেভেলপারদের তারা নিয়মিত লক্ষ্যবস্তু বানাচ্ছে।

ক্রাউডস্ট্রাইকের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উত্তর কোরিয়া এখন ক্রমেই সাইবার চুরি ও ডিজিটাল সম্পদ হাতিয়ে নেওয়ার ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সাইবার অপরাধীরা প্রায় ২০০ কোটি ডলারের সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। এর আগেও বিশ্বের বিভিন্ন বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় উত্তর কোরিয়ার নাম উঠে এসেছে।

ক্রাউডস্ট্রাইক আরো জানিয়েছে, বর্তমানে 'হ্যান্ডস-অন-কিবোর্ড' ধরনের সাইবার হামলার ব্যবহার বাড়ছে। এ ধরনের হামলায় শুধু স্বয়ংক্রিয় ক্ষতিকর সফটওয়্যারের ওপর নির্ভর করা হয় না। বরং হামলাকারীরা সরাসরি কম্পিউটার নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকে।

চুরি করা ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে তারা প্রতিষ্ঠানের ভেতরে আগে থেকেই থাকা বৈধ সফটওয়্যার ও সরঞ্জাম কাজে লাগায়। ফলে অনেক সময় তাদের কার্যক্রম স্বাভাবিক ব্যবহারকারীর কাজের মতো দেখায় এবং নিরাপত্তা ব্যবস্থার নজর এড়িয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা শনাক্ত করা তুলনামূলকভাবে কঠিন। কারণ হামলাকারীরা দীর্ঘ সময় ধরে গোপনে তথ্য সংগ্রহ করতে পারে এবং প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন সিস্টেমে প্রবেশের সুযোগ পায়।
 

ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন নীতি কার্যকর

অনলাইন ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন নীতি কার্যকর
সংগৃহীত ছবি

মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি প্যাক্ট বা অভিবাসন ও শরণার্থী সংক্রান্ত নতুন চুক্তি সব সদস্য রাষ্ট্রে কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১২ জুন) থেকে এই নীতি কার্যকর হয়। 

ইইউ কমিশনের মুখপাত্র মার্কাস লামার্ট এক ব্রিফিংয়ে বলেন, দুই বছরের প্রস্তুতির পর এখন নতুন নিয়ম পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বড় অর্জন।

তিনি জানান, নতুন নীতিমালায় বহির্বিশ্ব সীমান্ত আরো নিরাপদ করা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগি এবং আশ্রয় ও প্রত্যাবাসন প্রক্রিয়া আরো দ্রুত ও কার্যকর করার ব্যবস্থা রাখা হয়েছে।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, অভিবাসন একটি যৌথ ইউরোপীয় সমস্যা। এর জন্য একটি কার্যকর ও ন্যায়সংগত সমাধান প্রয়োজন।

তবে হাঙ্গেরির মতো কয়েকটি দেশ এই চুক্তির বাধ্যতামূলক ‘সলিডারিটি মেকানিজম’ নিয়ে আপত্তি জানিয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে লামার্ট বলেন, হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা চলছে।

তিনি আরো জানান, হাঙ্গেরিতে সম্প্রতি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রাসেলস তাদের সঙ্গে সব বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

তবে চুক্তি বাস্তবায়ন না করলে ইইউ তহবিল বন্ধ করা হবে কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

২০১৫ সালের শরণার্থী সংকটের পর তৈরি এই প্যাক্টে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, দ্রুত আশ্রয় প্রক্রিয়া এবং সদস্য দেশগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ আলোচনার পর এটি ২০২৪ সালের মে মাসে গৃহীত হয়।