• ই-পেপার

শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে কাকে পেল মরক্কো?

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি : আলিসন বেকার

ক্রীড়া ডেস্ক
আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি : আলিসন বেকার
ছবি : রয়টার্স

চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ দল হিসেবে অংশ না নিলেও, দর্শক হিসেবে পুরো টুর্নামেন্টেই যেন এক অতিপরিচিত নাম। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ শেষ হতেই এ দেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস নিয়মিত জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে।

বাংলাদেশিদের এই ফুটবলপ্রেম আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রতি অন্ধ ভালোবাসা এবার সরাসরি পৌঁছে গেছে খোদ মাঠের তারকাদের কাছেও। আর্জেন্টিনার ‘বাজপাখি’ খ্যাত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশকে নিয়ে নিজের হৃদয়ের আবেগ প্রকাশ করলেন ব্রাজিলের অতন্দ্র প্রহরী আলিসন বেকারও।

গত রাতে শেষ ৩২-এর এক রুদ্ধশ্বাস ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় সেলেসাওরা। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফিরিয়েছিলেন ক্যাসেমিরো। ম্যাচ শেষে মিক্সড জোনে এসে ক্যাসেমিরো বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তবে ব্রাজিলিয়ান সমর্থকদের মূল চমকটি উপহার দিয়েছেন লিভারপুল তারকা আলিসন বেকার। টি স্পোর্টসের ক্যামেরার সামনে আলিসন বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু (উল্লাসের) ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের এই আকাশী-সাদা উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচের পর মার্তিনেজ স্মৃতিচারণ করে বলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে সশরীরে গিয়েছি এবং দেখেছি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।’

টুর্নামেন্টের সমীকরণে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরিকোস্ট। অন্যদিকে, শেষ ৩২-এর বৈতরণী পার হতে আগামী ৪ জুলাই কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

জার্মানি ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

ক্রীড়া ডেস্ক
জার্মানি ম্যাচে ভিএআরের সিদ্ধান্তে তুমুল বিতর্ক
ছবি : রয়টার্স

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) বিতর্ক যেন পিছু ছাড়ছে না চলতি বিশ্বকাপে। টুর্নামেন্ট যত গড়াচ্ছে, ভিএআরের ‘যাঁতাকলে’ পড়ে দলগুলোর কপাল পোড়ার মিছিল ততই দীর্ঘ হচ্ছে। বিতর্কিত এই প্রযুক্তির সর্বশেষ নির্মম শিকার চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

রাউন্ড অব থার্টি টুর বাঁচা-মরার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল জার্মানরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায় প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ডাই মানশাফটদের। তবে এই ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়াতই না, যদি না ভিএআরের একটি বিতর্কিত সিদ্ধান্তে জার্মানির নিশ্চিত একটি গোল বাতিল করা হতো।

ম্যাচ তখন অতিরিক্ত সময়ের প্রথমার্ধে। নাথানিয়েল ব্রাউনের দারুণ এক কর্নার কিক থেকে পেনাল্টি বক্সে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে জড়ান জোনাথান তাহ। উল্লাসে মেতে ওঠে পুরো জার্মান শিবির। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডাগআউটে থাকা ভিএআর রুম থেকে রেফারির কানে আসে এক বার্তা। মাঠের রেফারিকে অন-ফিল্ড রিভিউ (ওএফআর) করার জোর সুপারিশ করা হয়।

ভিএআর রেফারিদের দাবি ছিল, গোলটি হওয়ার ঠিক আগমুহূর্তে প্যারাগুয়ের গোলরক্ষক গিলকে অবৈধভাবে ব্লক করা হয়েছিল। ভিএআর কক্ষের রিভিউ অনুযায়ী, জার্মানির ভাল্ডেমার আন্তন প্রতিপক্ষ গোলরক্ষককে নিয়মবহির্ভূতভাবে বাধা দেন, যার ফলে গোলরক্ষক বলটি সেভ করার সুযোগ পাননি। মনিটরে রিপ্লে দেখার পর ভিএআরের সেই মূল্যায়নের সঙ্গেই একমত হন মাঠের রেফারি। ফলে বাতিল হয়ে যায় জার্মানির গোলটি।

তবে প্রযুক্তির চোখ দিয়ে ফাউল খোঁজার চেষ্টা করা হলেও, খালি চোখে ও সাধারণ রিপ্লেতে বাস্তব চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্পষ্ট দেখা গেছে, জার্মান ডিফেন্ডার আন্তনের পক্ষ থেকে গোলরক্ষককে ফাউল করার মতো কোনো উদ্দেশ্যমূলক বা অনৈতিক পদক্ষেপ ছিল না। উল্টো প্যারাগুয়ের গোলরক্ষক নিজেই জার্মানির খেলোয়াড়ের দিকে ঘুরে যান এবং সামান্য গা ঘেঁষাঘেঁষি হতেই নাটকীয়ভাবে মাটিতে লুটিয়ে পড়েন।

বিবিসি স্পোর্টসে ওই বাতিল গোলের ব্যাপারে নিজের ভাবনা জানিয়েছেন শিয়েরার।

তিনি বলেন, ‘আমার কাছে এটা কোনোভাবেই ফাউল নয়। এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নই। গোলরক্ষক নিজেও জানে, তার গায়ে সামান্য স্পর্শ লেগেছে। কিন্তু সে খুব সহজেই মাটিতে লুটিয়ে পড়েছে।’

শিয়েরার আরো বলেন, ‘হ্যাঁ, কিছুটা সংস্পর্শ হয়েছে, কিন্তু এটি তো শারীরিক সংস্পর্শের খেলা। ছয় গজের বক্সের আশপাশে ১৩-১৪ জন খেলোয়াড় ছিল। গোলরক্ষক জানে, শুধু সামান্য স্পর্শই লেগেছে। গোলকিপার পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে ফাউল আদায় করে নিয়েছে।’ 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০২৬ বিশ্বকাপে জার্মানির হতাশাজনক বিদায়ের মধ্য দিয়েই জাতীয় দলের জার্সিতে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে গড়ানো ম্যাচে জার্মানিকে লড়াইয়ে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন নয়্যার। ম্যাচজুড়ে একাধিক দুর্দান্ত সেভ করলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে জার্মানির সবচেয়ে বড় সাফল্যের অন্যতম নায়ক ছিলেন নয়্যার। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে অসাধারণ অবদান রাখেন তিনি। দুর্দান্ত শট ঠেকানো, নিখুঁত নেতৃত্ব এবং ‘সুইপার-কিপার’ হিসেবে নতুন ধারার সূচনা করে আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই জার্মান কিংবদন্তি।

আন্তর্জাতিক ফুটবলে নয়্যারের বিদায়ের মধ্য দিয়ে জার্মান ফুটবলের এক গৌরবময় অধ্যায়েরও সমাপ্তি হলো।

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

ক্রীড়া ডেস্ক
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা
ছবি : রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে পরাশক্তি জার্মানিকে বিদায় করে শেষ ষোলোর টিকিট কেটেছে প্যারাগুয়ে। আর এই ঐতিহাসিক ও অবিস্মরণীয় জয়কে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। আজ মঙ্গলবার (১ জুলাই) দেশটির সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

এক বিশেষ পুশ বার্তায় সোমবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় ফুটবল দলের এই অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্য যেন পুরো দেশবাসী একসঙ্গে উদযাপন করতে পারে, সেই সুযোগ করে দিতেই এই বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

মাঠের লড়াইয়ে এদিন স্নায়ুযুদ্ধের চরম পরীক্ষা দিতে হয়েছে প্যারাগুয়েকে। নকআউট পর্বের এই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় ছিল। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ু ধরে রেখে ৪-৩ ব্যবধানে শক্তিশালী জার্মানিকে স্তব্ধ করে দেয় প্যারাগুয়ে। রেফারি শেষ বাঁশি বাজানোর পরপরই রাজপথে নেমে আসে দেশটির লাখো ফুটবলপ্রেমী। রাজধানীসহ দেশজুড়ে শুরু হয় বাঁধভাঙা আনন্দ-উল্লাস।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে প্যারাগুয়ে। তবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানিকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়াটা ছিল টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক। ফুটবলবোদ্ধারা এই জয়কে প্যারাগুয়ের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ও গৌরবময় মুহূর্ত হিসেবে আখ্যা দিচ্ছেন।

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি বিশেষ সরকারি ছুটি ঘোষণার সাংবিধানিক এখতিয়ার রয়েছে। ফুটবলারদের এই ঐতিহাসিক কীর্তিকে সম্মান জানাতেই নিজের সেই আইনি ক্ষমতা ব্যবহার করে এই জাতীয় ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।