আবারও বিয়ের গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে আন্তর্জাতিক পপ তারকা টেইলর সুইফট। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, চলতি বছরের জুলাইয়ের শুরুতেই মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ জুলাই নিউইয়র্কে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত গোপনীয়তার মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এরপর ৩ জুলাই আয়োজন করা হতে পারে একটি বড় সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে প্রায় দুই হাজার অতিথির উপস্থিতির সম্ভাবনার কথা বলা হচ্ছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই আয়োজনের কঠোর গোপনীয়তা। জানা গেছে, অতিথিদের কাছে কোনো ছাপানো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। পরিবর্তে ব্যক্তিগতভাবে ফোন করে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানসংক্রান্ত কোনো তথ্য বা ছবি প্রকাশ্যে না আনতেও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে অতিথিদের।

গুঞ্জন রয়েছে, বিয়ের সম্ভাব্য আয়োজন হতে পারে নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায়। নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং বিশাল আয়োজনের সুবিধার কথা বিবেচনা করেই এই ভেন্যু বেছে নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।
এদিকে একটি প্রোডাকশন সংস্থা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা এবং ভেন্যুর বাইরে অস্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি চেয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। এই তথ্য সামনে আসার পর থেকেই বিয়ের জল্পনা আরো জোরালো হয়েছে।
তবে এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্র্যাভিস কেলসি—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তাদের ঘনিষ্ঠ মহলও নীরব রয়েছে। ফলে বিয়ের খবরটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে।





