প্রায় পাঁচ দশক ধরে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই বলিউড সুপারস্টার সালমান খানের পরিচিত ঠিকানা। ঈদ, জন্মদিন কিংবা বিশেষ দিনগুলোতে এই বাড়ির ব্যালকনি থেকেই ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। তবে এবার সেই ঠিকানা বদলের জল্পনা জোরালো হয়েছে।
সম্প্রতি বান্দ্রার চিম্বাই এলাকায় নতুন একটি ছয়তলা আবাসিক ভবন নির্মাণের সরকারি অনুমোদন পেয়েছে সালমান খানের পরিবারের একটি প্রকল্প। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে কি নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন এই অভিনেতা? যদিও এ বিষয়ে এখনো সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
জানা গেছে, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি গত ১৬ জুন প্রকল্পটির অনুমোদন দিয়েছে। নতুন ভবনটি নির্মিত হবে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে অল্প দূরত্বে অবস্থিত বান্দ্রার চিম্বাই এলাকায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, যে জমিতে ভবনটি নির্মাণ হবে, সেটি সালমানের মা সালমা খানের নামে নিবন্ধিত। সেখানে আগে ১৯৫৬ সালেরও আগে নির্মিত একটি দোতলা বাড়ি ছিল। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেটি ভেঙে ফেলা হয়।
অনুমোদিত নকশা অনুযায়ী, নতুন ভবনে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, স্টিল্ট পার্কিং এবং তার ওপরে ছয়টি আবাসিক তলা। ভবনটির মোট নির্মিত এলাকা হবে প্রায় ১ হাজার ১৪ বর্গমিটার। নির্মাণকাজের দায়িত্বে রয়েছে স্যাচ ডেভেলপার্স।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে বৃহন্মুম্বাই পৌরসভা থেকে প্রাথমিক ছাড়পত্র পেয়েছিল প্রকল্পটি। সর্বশেষ এমসিজেডএমএ-এর অনুমোদন মেলায় নির্মাণকাজ শুরুর পথ আরো সুগম হয়েছে।
প্রকল্পটির জন্য পরিবেশগত কিছু শর্তও আরোপ করেছে কর্তৃপক্ষ। অনুমোদন অনুযায়ী, নির্মাণকাজে কোনো বিদ্যমান গাছ কাটা যাবে না। বরং প্রকল্প এলাকাজুড়ে স্থানীয় প্রজাতির নতুন গাছ লাগাতে হবে। উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন বাড়ির অনুমোদনের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, এবার হয়তো গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দীর্ঘ অধ্যায়ের ইতি টানবেন সালমান। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বসবাস করছেন সালমান খান। বছরের পর বছর ভক্তদের কাছে এটি তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে। ফলে নতুন বাড়িতে ওঠার সিদ্ধান্ত নিলে সেটি হবে তার জীবনের একটি বড় পরিবর্তন।
অন্যদিকে, নতুন বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় সেখানে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা—দুই দিক থেকেই বেশি সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনার পর সালমান খানের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। ওই ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বর্তমানে এই অভিনেতা ওয়াই প্লাস (Y+) নিরাপত্তা বেষ্টনীর আওতায় রয়েছেন।







