বর্তমানে আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময় বিমানবন্দরে তাকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। কালো শার্ট ও কালো প্যান্ট পরা অভিনেতাকে দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়, তিনি কোথায় যাচ্ছেন।
জবাবে অক্ষয় মুচকি হেসে বলেন, ‘কেন, আপনি কি আমার মামা?’
অভিনেতার এমন তাৎক্ষণিক উত্তর শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। পরে অবশ্য তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নিতেই দিল্লি যাচ্ছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় নানা প্রতিক্রিয়া। একজন মন্তব্য করেন, ‘হেরাফেরি সিনেমার রাজুর কথা মনে পড়ে গেল।’ আরেকজন লেখেন, ‘অক্ষয় আর তাঁর কথা দুটোই অতুলনীয়।’ তৃতীয় একজনের ভাষ্য, ‘কমেডি ওঁর রক্তে রয়েছে।’
এদিকে অক্ষয় এখন অপেক্ষায় রয়েছেন ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ মুক্তির। আহমেদ খান পরিচালিত ছবিটি জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, ফরিদা জালাল, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, দালের মেহেন্দি ও আফতাব শিবদাসানিসহ আরও অনেকে।
ফিরোজ নাদিয়াদওয়ালা ও কেপ অব গুড ফিল্মস প্রযোজিত সিনেমাটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া অক্ষয়ের হাতে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ‘হায়ওয়ান’। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে অক্ষয় ও সাইফকে। বর্তমানে ছবিটি পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।





