• ই-পেপার

টম ক্রুজ থেকে বেকহাম, তারকায় মুখরিত বিশ্বকাপের গ্যালারি

একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক
একই গাড়িতে প্রাক্তন ও হবু স্ত্রীকে নিয়ে ঘুরছেন আমির খান, ভাইরাল ভিডিও
সংগৃহীত ছবি

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও আলোচনায়। এবার কারণ, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে একই গাড়িতে দেখা গেছে তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও, ছেলে আজাদ এবং প্রেমিকা তথা হবু স্ত্রী গৌরী স্প্র্যাট।

অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় দেখা যায়, প্রথমে গাড়িতে ওঠেন গৌরী স্প্র্যাট। এরপর একই গাড়িতে ওঠেন কিরণ রাও ও ছেলে আজাদ। সামনের আসনে বসেছিলেন আমির নিজে। গাড়ির কাচ তোলা থাকলেও হাসিমুখে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় অভিনেতাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে আরো দেখা যায়, পেছনের আসনে পাশাপাশি বসে গল্পে মেতে আছেন কিরণ রাও ও গৌরী স্প্র্যাট। তাদের মাঝখানে বসে ছিল আমিরের ছেলে আজাদ। এই দৃশ্যই নেটিজেনদের নজর কেড়েছে সবচেয়ে বেশি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এই না হলে আমিরি কেতা!’ আবার কারো মন্তব্য, ‘লোকের একটি নিয়েই গলদঘর্ম, আর আমির একসঙ্গে দুই স্ত্রীকে নিয়ে ঘুরছেন!’ অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন।

তবে বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমির খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন নয়। প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের সঙ্গেই তিনি দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখেছেন। বিভিন্ন সময় পারিবারিক অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।

এরই মধ্যে জানা গেছে, আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন জীবনে পা রাখবেন এই অভিনেতা। 

বিয়ের আগে প্রাক্তন ও হবু স্ত্রীকে ঘিরে এমন স্বাভাবিক ও আন্তরিক সম্পর্কের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব

বিনোদন প্রতিবেদক
শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব
সংগৃহীত ছবি

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী সংগীত উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২১ ও ২২ জুন জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সরকারের উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে অংশ নেবেন কিংবদন্তি গীতিকবি মনিরুজ্জামান মনির।

উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন।

দুই দিনের আয়োজনেই সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, এরপর সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এতে দেশের বিভিন্ন প্রজন্মের সংগীতশিল্পীরা পরিবেশন করবেন গান। 

আয়োজকরা জানিয়েছেন, উৎসবের সব আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

পুলিশ নন, এবার সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

বিনোদন প্রতিবেদক
পুলিশ নন, এবার সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব
সংগৃহীত ছবি

দীর্ঘ দুই বছর পর ওটিটিতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তাকে দেখা যাবে একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়। সালেহ সোবহান অনীম পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। সেখানে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ, ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা অনিয়ম-দুর্নীতি, ব্যক্তিগত সংকট এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের আভাস মিলেছে। থ্রিলারধর্মী এই গল্পে সমসাময়িক বাস্তবতার প্রতিফলনও দেখা যাবে।

সিরিজটিতে ‘জহির’ নামের এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনো সে খুবই আবেগপ্রবণ, আবার কখনো বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একজন অভিনেতা হিসেবে এই ধরনের বহুস্তরীয় চরিত্র সবসময়ই আমাকে আকৃষ্ট করে।’

এর আগে ২০২৪ সালে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা গেছে অপূর্বকে। তার পর আর ওটিটিতে পাওয়া যায়নি তাকে। যদিও সিরিজটির সিক্যুয়াল দিয়ে আবারও ফেরার কথা ছিল তার। কিন্তু প্রজেক্টটি পিছিয়ে যাওয়ায় এবার তিনি ফিরছেন সাংবাদিক হয়ে। 

এদিকে, এই সিরিজের মাধ্যমে তিন বছর পর আবারও ওটিটিতে ফিরছেন আফসান আরা বিন্দু। নতুন এই কাজ নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন।

আট পর্বের ‘হেডলাইন’-এ অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

জানা গেছে, সিরিজটি আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

টিকতে পারল না মাধবদীর ‘মমতা’ সিনেমাহল, গেটে ঝুলছে বিক্রির বিজ্ঞাপন

বিনোদন প্রতিবেদক
টিকতে পারল না মাধবদীর ‘মমতা’ সিনেমাহল, গেটে ঝুলছে বিক্রির বিজ্ঞাপন
সংগৃহীত ছবি

একসময় নরসিংদী জেলায় সিনেমাপ্রেমীদের অন্যতম বিনোদনের মাধ্যম ছিল অসংখ্য প্রেক্ষাগৃহ। জেলার বিভিন্ন এলাকায় ২০টিরও বেশি সিনেমা হল চালু থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে একে একে সেগুলোর দরজা বন্ধ হয়ে গেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মাধবদীর চার দশকের পুরোনো ‘মমতা’ সিনেমাহলও। দীর্ঘদিন লোকসানে পরিচালিত হওয়ার পর হলটি ও এর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

নরসিংদীতে বর্তমানে টিকে থাকা হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহের একটি ছিল ‘মমতা’। তবে গত কয়েক বছর ধরে দর্শকসংকটের কারণে হলটি নিয়মিত লোকসানের মুখে পড়ে। বিশেষ করে গত দুই ঈদের ব্যবসা ছিল অত্যন্ত হতাশাজনক। এরপর টিকতে না পেরে চলতি সপ্তাহে হলটির প্রধান ফটকে বিক্রির বিজ্ঞাপন টানানো হয়েছে। 

১৯৭৯ সালে সফর আলী ভূঁইয়া প্রতিষ্ঠা করেন ‘মমতা’ সিনেমাহল। প্রায় ৪৬ বছরের পুরোনো এই প্রেক্ষাগৃহের পরিচালনা প্রায় এক দশক আগে বন্ধ করে দেন তিনি। এরপর বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি ভাড়া নিয়ে হলটি পরিচালনার চেষ্টা করলেও কেউই লাভের মুখ দেখতে পারেননি। বরং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে পড়ে।

সবশেষ আজমান রুশো পরিচালিত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা প্রদর্শনের পরও লোকসান গুনতে হয়েছে পরিচালনাকারীদের। এরপর নতুন কোনো ভাড়াটিয়া না পাওয়ায় হলটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিক্রির বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সফর আলী ভূঁইয়ার ব্যবস্থাপক শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, চার দিন আগে বিজ্ঞাপনটি টানানো হয়েছে। উপযুক্ত ক্রেতা পাওয়া গেলে সিনেমাহলসহ পুরো ৪৮ শতাংশ জমিই বিক্রি করে দেওয়া হবে।

এদিকে নরসিংদীতে একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ার ধারাও অব্যাহত রয়েছে। ২০২৫ সালে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ‘রুনা’ সিনেমাহলও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। একসময় ওই উপজেলায় ‘পিপাসা’ ও ‘রুনা’—দুটি প্রেক্ষাগৃহ থাকলেও আগে ‘পিপাসা’ বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালের পর থেকে ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় ৩৯ বছরের পুরোনো ‘রুনা’ হলটিও কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়।

এর আগে ২০২৪ সালে রায়পুরার হাসনাবাদ এলাকার দর্শকপ্রিয় ‘ছন্দা’ সিনেমাহল বিক্রি করা হয় একটি মাদ্রাসার কাছে। ফলে একসময় সিনেমা হলসমৃদ্ধ নরসিংদীতে প্রেক্ষাগৃহের সংখ্যা এখন আশঙ্কাজনকভাবে কমে এসেছে, যা দেশের এককালের জমজমাট হল সংস্কৃতির ক্রমাবনতিরই আরেকটি উদাহরণ।