ময়মনসিংহের ধোবাউড়ায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু নিসা মনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে তিনি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানিয়েছেন।
বুধবার (১৭ জুন) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টেংগটি গ্রামে নিহত শিশুটির বাড়িতে যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সেখানে তিনি শোকসন্তপ্ত বাবা-মাতাকে প্রধনমন্ত্রী তারেক রহমান ও নিজের পক্ষ থেকে সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় প্রিন্স বলেন, ‘নিসার ওপর সংঘটিত এই নির্মম, বর্বর ও অমানবিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে। আমরা আশা করি তদন্ত দ্রুত সম্পন্ন হবে এবং প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।’
দ্রুত বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তিনি মঙ্গলবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আইনমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন, ঢাকার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মতোই নিসা হত্যা মামলারও দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রয়োজনীয় তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।’
প্রিন্স বলেন, ‘কোনো অপরাধীই যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকে এই দুঃসময়ে সবাইকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে হবে।’
এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




