• ই-পেপার

অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ

রেকর্ড ভেঙে এক বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

বিনোদন ডেস্ক
রেকর্ড ভেঙে এক বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’
সংগৃহীত ছবি

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য দেখিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটি সংগীতনির্ভর জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা অর্জন করেছে।

গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দর্শকদের ব্যাপক সাড়া পেতে শুরু করে সিনেমাটি। সর্বশেষ বক্স অফিস হিসাব অনুযায়ী, ‘মাইকেল’-এর বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। এর ফলে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেডি মার্কারির জীবনভিত্তিক আলোচিত চলচ্চিত্র ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে এটি।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই ছবিটি একশ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। সেই লক্ষ্য পূরণ হলে ‘মাইকেল’ হবে বিশ্বের প্রথম সংগীতভিত্তিক জীবনীচিত্র, যা এক বিলিয়ন ডলারের বক্স অফিস ক্লাবে জায়গা করে নেবে।

চলচ্চিত্রটির পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। কিংবদন্তি শিল্পীর চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক—উভয় মহলেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ারসহ একাধিক পরিচিত শিল্পী। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমা এখন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত প্রজেক্টে পরিণত হয়েছে।

গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা

বিনোদন প্রতিবেদক
গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা
সংগৃহীত ছবি

বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নাম সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তার দীর্ঘ সংগীতজীবন, অসামান্য অবদান এবং কালজয়ী সৃষ্টিকে স্মরণ করে শুক্রবার (১২ জুন) রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয় ‘কালজয়ী কণ্ঠ : শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘সবার অকুণ্ঠ প্রশংসায় তিনি যেমন আপ্লুত হয়েছেন, তেমনি কিছুটা বিব্রতও বোধ করেছেন।’ নিজের অর্জনের বিষয়ে বিনয় প্রকাশ করে তিনি আরো বলেন, ‘মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো তেমন কিছু তার নেই।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘তাদের প্রজন্ম বড় হয়েছে সৈয়দ আব্দুল হাদীর গান শুনে। বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানে তার কণ্ঠ ও পর্দার অভিনয়ের সমন্বয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে এবং বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান শৈশবের স্মৃতিচারণা করে বলেন, “বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’-এ নিয়মিতই সৈয়দ আব্দুল হাদীর গান শোনা যেত। তার মতে, সংগীতের জগতে সৈয়দ আব্দুল হাদী নিজেই একটি মানদণ্ডে পরিণত হয়েছেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এ সময় আরো বক্তব্য দেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

আয়োজনের শুরুতেই প্রদর্শন করা হয় সৈয়দ আব্দুল হাদীর দীর্ঘ সংগীতজীবন ও সৃষ্টিকর্ম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর ভিডিও বার্তায় তাঁকে নিয়ে স্মৃতিচারণা ও মূল্যায়ন করেন আবিদা সুলতানা, ফোয়াদ নাসের বাবু, মাকসুদ জামিল মিন্টু, মনির খান এবং রোমানা ইসলাম।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় প্রায় দেড় ঘণ্টার বিশেষ সংগীতানুষ্ঠান। বর্তমান প্রজন্মের শিল্পীরা পরিবেশন করেন সৈয়দ আব্দুল হাদীর জনপ্রিয় একের পর এক গান। এর মধ্যে ছিল ‘বাংলাদেশের ছবি এঁকে দিও’, ‘তোমাদের সুখের এই নীড়’, ‘চোখ বুঝিলেই দুনিয়া আঁধার’, ‘আমার অর্থই একবার যদি কেউ ভালোবাসত’, ‘আমি তোমারই প্রেম ভিখারি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘তুমি ছাড়া আমি একা’, ‘যেও না সাথি’ এবং ‘আউল বাউল লালনের দেশে’সহ তাঁর বহু কালজয়ী সৃষ্টি।

অনুষ্ঠানের শেষ মুহূর্তটি ছিল সবচেয়ে আবেগঘন। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় তাঁর বহুল জনপ্রিয় দুটি গান—‘আছেন আমার মোক্তার’ এবং ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’। সেই সুরে পুরো মিলনায়তন শিল্পীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় মুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, সৈয়দ আব্দুল হাদী ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া ২০০০ সালে তাঁকে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়।

ব্রাজিলের জার্সিতে পড়শী, জানালেন শুভ কামনা

বিনোদন প্রতিবেদক
ব্রাজিলের জার্সিতে পড়শী, জানালেন শুভ কামনা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। সেই আবহে প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। প্রথম ম্যাচের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি প্রকাশ করেন পড়শী। ছবিতে ব্রাজিলের জার্সি পরে হাতে ফুটবল নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আবহে তার এই উপস্থিতি ভক্তদের নজর কাড়ে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ কামনা ব্রাজিল।’

May be an image of child, soccer and football

পোস্টটিতে তিনি ব্রাজিলের পতাকার ইমোজির পাশাপাশি ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ হ্যাশট্যাগও ব্যবহার করেন। এর পরই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের নানা প্রতিক্রিয়া।

একজন ভক্ত লেখেন, ‘ব্রাজিল মানেই আগুন। আমার ভালোবাসার মানুষটাও ব্রাজিল।’

আরেকজন মজার ছলে আক্ষেপ করে মন্তব্য করেন, ‘এটা কোনো কথা, তুমিও ব্রাজিল।’

বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

আর ডি বর্মণের বায়োপিকে ফারহান আখতার

বিনোদন ডেস্ক
আর ডি বর্মণের বায়োপিকে ফারহান আখতার
সংগৃহীত ছবি

ভারতীয় সংগীতের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। ‘আর ডি বর্মণ’ নামে পরিচিত এই কালজয়ী শিল্পীর জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরিচালক নীরাজ পাণ্ডে। আর বহুল প্রতীক্ষিত এই প্রকল্পে আর ডি বর্মণের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা, নির্মাতা ও সংগীতশিল্পী ফারহান আখতার।

‘এম এস ধোনি : দি আনটোল্ড স্টোরি’ নির্মাণের মাধ্যমে প্রশংসিত নীরাজ পাণ্ডে এবার ভারতীয় সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের জীবনগাথা তুলে ধরতে চান। 

নির্মাতাদের লক্ষ্য শুধু একজন সফল সুরকারের গল্প বলা নয়, বরং তার সৃষ্টিশীলতা, সংগীতচিন্তা এবং ভারতীয় চলচ্চিত্রসংগীতে তার বৈপ্লবিক অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেবেন ফারহান আখতার। আর ডি বর্মণের হাঁটার ভঙ্গি, কথা বলার ধরণ, মঞ্চে উপস্থিতির স্বকীয়তা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহারের কৌশল রপ্ত করতে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন তিনি। প্রয়োজন হলে চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিজের শারীরিক গঠনেও পরিবর্তন আনবেন এই অভিনেতা।

সিনেমাটির সংগীত নিয়েও বিশেষ পরিকল্পনা করছেন নির্মাতারা। ইতোমধ্যে আর ডি বর্মণের একাধিক জনপ্রিয় গানের স্বত্ব সংগ্রহ করা হয়েছে। গল্পের প্রয়োজন অনুযায়ী সেসব গান নতুনভাবে উপস্থাপনের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।

এই বায়োপিকে শুধু তাঁর সংগীতজীবনের সাফল্যই নয়, ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায়ও তুলে ধরা হবে। প্রেম, সংগ্রাম, একাকিত্ব, সৃষ্টিশীলতার উত্থান-পতন এবং ভারতীয় সংগীতে তাঁর যুগান্তকারী অবদানের নানা দিক সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকেই ছবিটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে এই প্রকল্পের পাশাপাশি ফারহান আখতার আরও একটি আন্তর্জাতিক বায়োপিকে যুক্ত হয়েছেন। অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডিস নির্মিত ‘দ্য বিটলস’–ভিত্তিক চলচ্চিত্রে তিনি কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে অভিনয় করবেন।