• ই-পেপার

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা, গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা, গণবিজ্ঞপ্তি
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে রাজধানীর কেন্দ্রগুলো ঘিরে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিশেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এক গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি।

এই আদেশ ২ জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

গেন্ডারিয়ায় ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল চালকের

অনলাইন ডেস্ক
গেন্ডারিয়ায় ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল চালকের
সংগৃহীত ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম গোলাম মোস্তফা (৫২)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মো. শুরু হাওলাদারের ছেলে।

জানা গেছে, দুর্ঘটনায় আহত মোস্তফাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সকালে গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী অটোরিকশা আমার বাবার রিকশার পেছনে ধাক্কা দেয়। এতে বাবা গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকায় মেঘলা থাকবে আকাশ, হতে পারে বৃষ্টি

অনলাইন ডেস্ক
ঢাকায় মেঘলা থাকবে আকাশ, হতে পারে বৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। 

সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব
সংগৃহীত ছবি

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে উল্লেখ করে এ সংকট উত্তরণে সংশ্লিষ্ট সবার সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যভিত্তিক। এখানে মিথ্যা কিংবা অর্ধসত্যের কোনো স্থান নেই। এ ক্ষেত্রে আপসেরও কোনো সুযোগ নেই।’

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

অপসাংবাদিকতার প্রসঙ্গ টেনে কাদের গনি বলেন, ‘বগল সম্পাদকরা এখন ভয়ংকর হয়ে উঠেছেন। পত্রিকা ছাপিয়ে সেটি বগলে নিয়ে সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে গিয়ে তদবির-বাণিজ্যে লিপ্ত হচ্ছেন। এসব বগল সম্পাদক ও হলুদ সাংবাদিকতার কারণে মানুষ অতিষ্ঠ।’

তিনি আরো বলেন, ‘যা ইচ্ছা তাই লিখে দেওয়া সাংবাদিকতা নয়। অথচ অহরহ এমনটা হচ্ছে। তাই জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সত্য লিখবেন, রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দেবে।’

কাদের গনি বলেন, ‘সাংবাদিকদের বিবেকবান হতে হয়। কিন্তু আজ আমরা নিজেরাই আত্মসমর্পণ করে বসে আছি। দাস-সাংবাদিকদের মানুষ ঘৃণা করে।’

এ সময় তিনি গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের দলদাস সাংবাদিকদের গণবিরোধী ভূমিকার কথাও তুলে ধরেন।

ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএফইউজের মহাসচিব। তিনি বলেন, ‘আমরা প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের শিকার হচ্ছি। ২০২৫ সালে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে ১৪০টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারা দেশে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, ‘একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ, সাংবাদিকদের নিরাপত্তা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং জবাবদিহিমূলক কাঠামোর সমন্বয়ের মাধ্যমেই বাংলাদেশে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ অন্যরা বক্তব্য দেন।