নারায়ণগঞ্জ আদালতে হত্যা মামলার আসামি শরীফকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে এই ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন নামের এক ডিশ লাইন (ক্যাবল) ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য আদালতে ওঠানো হয়। সেই সঙ্গে তাকে কোর্ট হাজত থেকে আদালতে নেওয়ার পথে নিহত মো. নাছির উদ্দিনের এলাকাবাসী শরীফকে পুলিশের সামনেই হামলা করার চেষ্টা করে।
এক পর্যায়ে আসামি শরীফ আদালতের দরজার সামনে পড়ে যায়। আর এতেই বিক্ষুব্ধ জনতা শরীফকে মাটিতে ফেলে মারধর করে। পরে আরো পুলিশ ও অন্যান্য আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে আসামির রিমান্ড শুনানি হয় এবং আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভুঁইয়া সবুজ বলেন, নাছির উদ্দিন নামের এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত চত্বরে আসামিকে মারধর করা প্রসঙ্গে সবুজ বলেন, এলাকাবাসী তার ওপর অনেক ক্ষুব্ধ ছিল। তাকে সরাসরি দেখে নিজেদের ঠিক রাখতে না পেরে তারা এই কাজটা করেছে। তবে আমরা বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলা করার চেষ্টা করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছি। সেই সঙ্গে আদালত আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ১৪ মে চানমারী মাউরাপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে মো. নাছিরউদ্দিন ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ফতুল্লা থানায় শরীফ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।





