রাজধানীর গুলিস্তানের একটি আবাসিক হোটেলে আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। ফেসবুকে পরিচয় হওয়া নারী বন্ধুর সঙ্গে দেখা করতে এসে শুক্রবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
আল আমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুর রাস্তা এলাকার মৃত ফেরদৌস উদ্দীনের ছেলে। আর তার নারী বন্ধু বাগেরহাটের বাসিন্দা। ঢাকায় এলে দুজনের দেখা হয় গুলিস্তানে। ওঠেন হোটেল রমনার নবম তলার একটি রুমে। সেখানে তাদের কথাবার্তা হয়।
ওই নারী বন্ধু জানিয়েছেন, প্রায় ৬ মাস আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। সেই থেকে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই কথা হত তাদের মধ্যে। চলতি মাসের ১৩ জুন আল আমিন সৌদি থেকে দেশে আসেন। বৃহস্পতিবার কথা হয় তাদের মধ্যে। শুক্রবার সকালে তিনি বাগেরহাট থেকে গুলিস্তান আসেন।
তিনি বলেন, আল আমিন ওয়াশরুমে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ একটি ভারী শব্দ শুনতে পাই। ভেতরে গিয়ে দেখি ওয়াশরুমের দরজা খোলা অবস্থায় আল আমিন মেঝেতে পড়ে আছেন। এটি দেখে চিৎকার দিলে হোটেলের বয় হানিফসহ কর্তৃপক্ষ এগিয়ে আসে। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ছোট ভাই রুহুল আমিন জানিয়েছেন, তার বড় ভাই আল আমিন চলতি মাসের ১৩ তারিখ বাংলাদেশে আসেন। সৌদি থেকে কিছু মালামাল কাউকে দিতে ঢাকায় এসেছিলেন। পরে সংবাদ পাই রমনা হোটেলের ওয়াশরুমে পড়ে মারা গেছেন। ঢাকা মেডিকেলে এসে তার মৃতদেহ দেখতে পাই।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পল্টন থানায় অবগত করা হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে দেখবেন।






