গাইবান্ধা শহরে পৌরসভার একটি ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মাসুদুর রহমান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদুর রহমান শহরের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি নারায়ণপুর মডেল মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শহরের একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে কর্মস্থল নারায়ণপুর মডেল মসজিদে যাচ্ছিলেন মাসুদুর রহমান। পথে শহরের পশ্চিমপাড়ার একটি সংযোগ সড়ক থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে ওঠার সময় পৌরসভার একটি ময়লাবাহী ডাম্প ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’




