• ই-পেপার

ফের দলবদল : আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন দুলু

নাচোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নাচোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদিয়া ওরফে আফরিন (১৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের ননদ এবং ওই মোটরসাইকেলের অন্য আরোহি আসমা বেগম (১৮)। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নেজামপুর ইউনিয়নের স্বপ্নপল্লী দোগাছি মোড় এলাকায় নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আফরিন রাজশাহীর তানোর উপজেলার হাপানিয়া গ্রামের মো. বারিউলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রামে মোশারফের বাড়ি থেকে একই মোটরসাইকেলে ৩ জন নাচোল হয়ে হাপানিয়া যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর আহতাবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আফরিন মারা যান। মাত্র ৪ মাস পূর্বে আফরিনের বিয়ে হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনার সংবাদ পাওয়ার পর বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি ৩ দিনের জন্য বন্ধ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি ৩ দিনের জন্য বন্ধ

সংস্কার কাজের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি ওঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হবে।

সংস্কার শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পূর্বের ন্যায় ফেরি চলাচল শুরু হবে।

মঙ্গলবার (৩০ জুন) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামত এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। যার কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্কার শেষে সোমবার সকাল ৬টা থেকে আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।

নোয়াখালী

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রমজান হাওলাদার (১১) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রমজান হাওলাদার একই এলাকার মো. রাসেল হাওলাদারের ছেলে এবং স্থানীয় মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা রাসেল হাওলাদার জানান, স্কুল শেষে বিকেলে বাড়ি ফিরে রমজান তার মাকে জানায়, সে পুকুরে সাঁতার শিখতে যাবে। এসময় সে সঙ্গে দুটি প্লাস্টিকের বোতল নিয়ে ঘর থেকে বের হয়। হঠাৎ একটি কল আসায় তার মা ফোনে ব্যস্ত হয়ে পড়ায় ছেলের সঙ্গে যেতে পারেননি। পরে রমজান একাই পুকুরে যায়। সাঁতার শেখার সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মা পুকুরঘাটে গিয়ে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে রমজানকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

সেনবাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গায় সুমন শেখ হত্যা : ১১ জনকে আসামি করে থানায় মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় সুমন শেখ হত্যা : ১১ জনকে আসামি করে থানায় মামলা
সুমন শেখ। সংগৃহীত ছবি

ভাঙ্গায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (২২) হত্যার ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সুমনের বাবা মিলন শেখ বাদী হয়ে এ মামলা করেন।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, এ মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে।

সুমন শেখের বাড়ি ভাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী মহল্লায়।

এদিকে ভাঙ্গার সার্বিক পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারে জোর অভিযান অব্যাহত রয়েছে।

নিহত সুমনের বাবা মিলন শেখ সাংবাদিকদের বলেন, হাসামদিয়া গ্রামের সজীব মাতুব্বরসহ যারা আমার আমার ছেলে সুমনকে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।

গত বুধবার রাত ৯টার দিকে ভাঙ্গা ঈদগাঁহ মসজিদে সুমন শেখের জানাজা শেষে ঈদঁগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে সুমন হত্যার বিচার দাবিতে এলাকাবাসী বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়ক আধা ঘণ্টার জন্য অবরোধ করে বিক্ষোভ করে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।