কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে দিনদুপুরে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কামাল মাস্টার (৬৫) নামে এক সাবেক শিক্ষককে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত কামাল মাস্টার ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাহাড় থেকে নেমে আসা কয়েকজন অস্ত্রধারী এলাকায় প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কামাল মাস্টারকে তাঁর বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা আবারও গুলি ছুড়ে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।
ঘটনার পর থেকে কামাল মাস্টারের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।
বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, ‘আমাদের এলাকার একজন শিক্ষিত ও সম্মানিত ব্যক্তি কামাল মাস্টারকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্রধারীদের গুলিতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এভাবে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটলে মানুষের নিরাপত্তা কোথায়?’
তিনি আরো বলেন, অপহরণকারীরা গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ের দিকে চলে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর একটি ছয় সদস্যের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পাশাপাশি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অপহরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।’





