• ই-পেপার

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিচ্ছেদ

ডা. এ বি এম আবদুল্লাহ ইস্যুতে বিবৃতি দিয়ে যা বলল বিএমইউ

নিজস্ব প্রতিবেদক
ডা. এ বি এম আবদুল্লাহ ইস্যুতে বিবৃতি দিয়ে যা বলল বিএমইউ
সংগৃহীত ছবি

আইন, সুশাসন ও আর্থিক জবাবদিহি নিশ্চিত করতেই ডা. এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রফেসর ইমেরিটাস পদে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সবার অবগতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু তথ্য তুলে ধরা হলো। এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে গৃহীত নয়; বরং বিশ্ববিদ্যালয়ের আইন, প্রশাসনিক স্বচ্ছতা, আর্থিক জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে। নথিপত্র পর্যালোচনায় দেখা যায় যে এই নিয়োগকে ঘিরে একাধিক প্রক্রিয়াগত, প্রশাসনিক ও আর্থিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে।

বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি জারি করা অফিস আদেশে ৬৬তম একাডেমিক কাউন্সিলের সুপারিশ এবং ৮৫তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। এই নিয়োগকালে তাকে মাসিক ৩০ হাজার টাকা সম্মানি, চিকিৎসা সুবিধা এবং সীমিত প্রশাসনিক সুবিধা দেওয়া হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক দায় ছিল সীমিত এবং নির্দিষ্ট মেয়াদে আবদ্ধ। এই নিয়োগ বিধি অনুযায়ী হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিন্ডিকেট এই নিয়োগ নিয়ে কোনো আপত্তি করেনি।

বিএমইউ জানায়, তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার প্রায় ছয় মাস আগে ২০ জুন, ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯২তম সভায় প্রফেসর ইমেরিটাস অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে প্রফেসর ইমেরিটাস পদের নিয়োগ প্রক্রিয়ায় আজীবন নিয়োগের বিধানসহ আর্থিক ও প্রশাসনিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনা হয়। এটি ছিল ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের জন্য সিন্ডিকেট মিটিং। এই নিয়োগে অধ্যাপক আবদুল্লাহর মাসিক সম্মানি নির্ধারণ করা হয় অধ্যাপক হিসেবে তার অবসরে যাওয়ার সময়ের ভেতর ভাতার সমান। এর পাশাপাশি তিনি আজীবন চিকিৎসা সুবিধা, স্টাফসহ অফিস ও অন্যান্য সুবিধা পাবেন। সিন্ডিকেটের বাজেট অধিবেশনে মূল এজেন্ডার বাইরে এই ধরনের প্রস্তাব উত্থাপন নজিরবিহীন ও বেআইনি। এতে প্রতীয়মান হয় যে এই নিয়োগ তড়িঘড়ি বিবেচনার মাধ্যমে একজনকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল।

এ পর্যন্ত তিনি এই খাতে আনুমানিক সাড়ে ১৪ লাখ টাকারও বেশি অর্থ গ্রহণ করেছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রফেসর ইমেরিটাস নিয়োগের ক্ষেত্রে প্রফেসর ইমেরিটাস অধ্যাদেশের ধারা ৫ অনুযায়ী বিভাগীয় চেয়ারম্যানের প্রস্তাব, ডিনের মাধ্যমে উপাচার্যের কাছে উপস্থাপন, উপাচার্য কর্তৃক মূল্যায়ন কমিটি গঠন এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ প্রদানের বিধান রয়েছে। কিন্তু অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর ক্ষেত্রে এই নির্বাচন প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করে কেবলমাত্র একজন সদস্যের প্রস্তাব অনুযায়ী তাকে আজীবনের জন্য প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ দেয়া হয়। যোগ্যতা হিসেবে ‘সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক’ হিসেবে উল্লেখ করা হয়। এই নিয়োগের পর গত প্রায় ২ বছর তিনি নিয়মিত কর্মস্থলে আসেননি, শিক্ষাদান করেননি, কোনো গবেষণার সঙ্গে সম্পৃক্ত থাকেননি কিংবা প্রশাসনকেও অবহিত করেননি। কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইমেরিটাস পদে নিয়োগের নজির রয়েছে। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোনো প্রফেসর ইমেরিটাসকে আজীবনের জন্য পূর্ণকালীন অধ্যাপকের সর্বোচ্চ বেতনের সমপরিমাণ পারিশ্রমিক এবং এ ধরনের বিস্তৃত আর্থিক ও প্রশাসনিক সুবিধা প্রদানের নজির পাওয়া যায় না। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি পর্যালোচনাকালে দেখতে পায় যে এই ব্যবস্থার ফলে বিশ্ববিদ্যালয়ের ওপর দীর্ঘমেয়াদি ও পুনরাবৃত্ত (Recurring) আর্থিক দায় সৃষ্টি হয়েছে।

এতে আরো বলা হয়, ২০২২ সালের ব্যবস্থায় প্রফেসর ইমেরিটাস পদ ছিল একটি সীমিত সম্মানিভিত্তিক (Honorarium-based) পদ। কিন্তু ২০২৪ সালের সংশোধনের মাধ্যমে পূর্ণকালীন অধ্যাপকের সর্বোচ্চ বেতনের সমপরিমাণ পারিশ্রমিক নির্ধারণ করা হয়। এর ফলে প্রচলিত রীতিতে দেওয়া সম্মানির পরিবর্তে কার্যত বেতন-সদৃশ আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। এই পরিবর্তন প্রফেসর ইমেরিটাস পদের আর্থিক প্রকৃতিতে মৌলিক পরিবর্তন এনেছে এবং একটি সম্মানসূচক পদ কার্যত বেতনসদৃশ আর্থিক সুবিধাসংবলিত পদে রূপান্তরিত হয়েছে বলে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

বিএমইউ জানায়, বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী অর্থ কমিটির অন্যতম দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ের তত্ত্বাবধান এবং আর্থিক বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান। প্রফেসর ইমেরিটাস পদের এ ধরনের আর্থিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থ কমিটির সুপারিশ গ্রহণ করা যুক্তিসংগত ও প্রত্যাশিত। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নথিতে বিষয়টি অর্থ কমিটিতে উপস্থাপন, আর্থিক বিশ্লেষণ কিংবা অর্থ কমিটির সুপারিশের কোনো তথ্য পাওয়া যায় না। ফলে আর্থিক সুশাসনের বিষয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, বেআইনিভাবে এজেন্ডার বাইরে প্রস্তাব উত্থাপন করে, কোনো অধ্যাদেশ সংশোধনের পর একই সভায় সেই সংশোধিত বিধানের সুবিধা তাৎক্ষণিকভাবে প্রয়োগ করা প্রশাসনিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিতর্কিত এবং এ ধরনের পদক্ষেপ প্রশাসনিক ও আর্থিক অনিয়মের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। বর্তমান সিন্ডিকেট গত ১৩ জুনের সভায় সমস্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ২৮ জুন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর আজীবন ইমেরিটাস অধ্যাপক নিয়োগকে বিধি বহির্ভূত বিবেচনায় বাতিল করতে বাধ্য হয়।

টাকা ফেতর দেয়ার বিষয়ে বিবৃতিতে বলা হয়, বিধি অনুযায়ী যদি কোনো নিয়োগ পরবর্তীকালে প্রক্রিয়াগত বা আইনগত ত্রুটির কারণে বাতিল বা অকার্যকর বলে বিবেচিত হয়, তাহলে সেই নিয়োগের ভিত্তিতে দেয়া আর্থিক সুবিধাও পুনরুদ্ধারের বাধ্যবাধকতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রয়েছে। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত সময়ের বেতনের টাকা ফেরত দেয়ার অনুরোধ করেছে। এটি প্রচলিত আইনের বিধান, কাউকে হয়রানি করা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য নয়।

বিবৃতিতে আরো বলা হয়, উপর্যুক্ত বিষয়সমূহের আলোকে বিশ্ববিদ্যালয় মনে করে যে, আজীবনের জন্য প্রফেসর ইমেরিটাস পদে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর নিয়োগ বাতিলের সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ, প্রশাসনিক স্বচ্ছতা, আর্থিক জবাবদিহি এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা, স্বচ্ছতা ও জবাবদিহি রক্ষার স্বার্থে আইন ও বিধিমালার যথাযথ অনুসরণ সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৪৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮ হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন শনাক্তে ৭৩ শতাংশ সফল কমিউনিটি প্যারামেডিক

নিজস্ব প্রতিবেদক
গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন শনাক্তে ৭৩ শতাংশ সফল কমিউনিটি প্যারামেডিক
ছবি : কালের কণ্ঠ

গ্রামীণ এলাকায় মা ও শিশুস্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্যের প্রমাণ তুলে ধরে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় কমিউনিটি প্যারামেডিকদের (সিপি) আনুষ্ঠানিক স্বীকৃতি ও অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সরকারের কর্মকর্তা, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, দেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতি মোকাবিলায় ইতোমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজারের বেশি কমিউনিটি প্যারামেডিক কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ফার্স হোটেলে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের ‘আস্থা’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ।

সভায় উপস্থাপিত ব্র্যাকের এক গবেষণায় দেখা যায়, গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন শনাক্তকরণে কমিউনিটি প্যারামেডিকদের সাফল্যের হার ৭৩ শতাংশ, যেখানে সাধারণ সেবাদাতাদের ক্ষেত্রে তা মাত্র ৩৬ শতাংশ। গর্ভধারণ পরীক্ষায় এ হার যথাক্রমে ৮১ ও ৪৬ শতাংশ, রক্ত পরীক্ষায় ৫৭ ও ৩৩ শতাংশ। এছাড়া জটিল রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করার ক্ষেত্রে কমিউনিটি প্যারামেডিকদের সাফল্যের হার ৯৪ শতাংশ।

গবেষণায় আরো দেখা যায়, কমিউনিটি প্যারামেডিকদের কাছে আসা অর্ধেকের বেশি মানুষ আগে গ্রাম্য চিকিৎসক বা ওষুধের দোকানের ওপর নির্ভরশীল ছিলেন। বর্তমানে তারা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে সেবা নিচ্ছেন, যা এ খাতে মানুষের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর ফলে চিকিৎসা ব্যয় কমছে এবং সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে ‘আস্থা’ প্রকল্পের টিম লিডার আবদুল আওয়াল বলেন, ‘বাংলাদেশ গত ১৫ বছরের বেশি সময় ধরে কমিউনিটি প্যারামেডিক তৈরিতে কাজ করছে। এখন সময় এসেছে তাদের সরকারি স্বীকৃতি দিয়ে একটি নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার।’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ডিজিএফপি) সহকারী পরিচালক (এমসিএইচ) মনজুর হোসাইন বলেন, ‘দেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ব্যাপক ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে কমিউনিটি প্যারামেডিকরা কার্যকর বিকল্প হতে পারেন। তাদের কাজের পরিধি আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।’

কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ডা. আবু মুহাম্মদ জাকির হুসাইন বলেন, ‘গ্রামীণ জনগণের সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন কমিউনিটি প্যারামেডিকরা। তাদের সরকারি স্বাস্থ্যব্যবস্থার সঙ্গে আরও সরাসরি সম্পৃক্ত করা প্রয়োজন।’

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. কাওসার আফসানা বলেন, ‘গবেষণায় প্রমাণ হয়েছে, যথাযথ প্রশিক্ষণ ও তদারকি নিশ্চিত করা গেলে কমিউনিটি প্যারামেডিকরা উচ্চমানের স্বাস্থ্যসেবা দিতে সক্ষম। সরকার নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করলে সেখানে বিদ্যমান ১০ হাজার প্রশিক্ষিত সিপিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’

আইসিডিডিআর,বির গবেষক ডা. সোহানা শফিক বলেন, ‘শুধু গ্রাম নয়, শহরাঞ্চলেও স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ রয়েছে। তাই কমিউনিটি প্যারামেডিক মডেলটি শহরেও প্রয়োগ করা সম্ভব কি না, তা নিয়ে ভাবা প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বলেন, ‘২০১৩ সালের কমিউনিটি প্যারামেডিক নীতিমালা সংস্কার, কারিকুলামের মানোন্নয়ন এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের তদারকি জরুরি। এ বিষয়ে সুইসকন্ট্যাক্টের ‘আস্থা’ প্রকল্প ও বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) সঙ্গে ভবিষ্যতে আরও কাজ করার সুযোগ রয়েছে।’

সমাপনী বক্তব্যে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসাইন বলেন, ‘সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন মডেল খুঁজতে হবে না। আমাদের কাছে ইতোমধ্যে ১০ হাজারের বেশি প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিক রয়েছে। এখন প্রয়োজন তাদের কাজের স্থায়ী স্বীকৃতি ও কার্যকর সংযুক্তি।’

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি হয়।

উল্লেখ্য, ‘আস্থা’ প্রকল্পটি নোভারটিস, হ্যাপেল ফাউন্ডেশন, লাগুনা ফাউন্ডেশন এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হচ্ছে।

হাম সন্দেহে আরো ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
হাম সন্দেহে আরো ৪ জনের মৃত্যু

সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে রোগীর সংখ্যা ৮৬৯ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০৭ জনের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগী সংখ্যা ৮১ হাজার ২৮৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ৭৭ হাজার ৬১৩ জন।

অপরদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৬০৯ জন। এ সময় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের।