• ই-পেপার

চৌদ্দগ্রামে পরপর তিন গাড়ির সংঘর্ষ, ট্রাকের হেলপার নিহত

লক্ষ্মীপুরে ৫ হত্যার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না : এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ৫ হত্যার ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না : এমপি খায়ের ভূঁইয়া
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি রাজনৈতিক বিষয় নয় এবং হিন্দু মুসলমানের বিষয়ও নয়। এটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

খায়ের ভূঁইয়া বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যা হবে আমরা তা আশা করি। এর সঙ্গে যদি অন্য কেউ থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা হিন্দু মুসলমানের বিষয় নয়। এটাকে পুঁজি করে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না। ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে কৌশল করে ভুল তথ্য প্রচার করে বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি সাবধান করে দিচ্ছি। 

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই ভাই ভাই। এখানে আমরা সকল সাংবাদিকদের চিনি জানি। কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানাচ্ছি। 

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু ও রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
 

ফরিদপুর

শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাই গ্রেপ্তার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাই গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে-জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্। 

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শাশুড়ি ‌(৪২) নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় তার একমাত্র মেয়ের জামাই বিপ্লব মাতুব্বর (২৫) ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মো. আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে করেন এবং ভুক্তভোগীকে উদ্ধার করেন।

সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

ফেনী প্রতিনিধি
ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

ফেনীর ফুলগাজীতে দুর্বৃত্তদের দ্বারা এক কুয়েতপ্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (২৭ জুন) সকালে খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

​নিহত কাজলের স্বামী নুরুল আমিন বর্তমানে কুয়েতপ্রবাসী। তার দুটি সন্তান রয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিহত কাজল তাঁর মাত্র দুই বছর বয়সী ছোট সন্তানকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কাজলের হাত-পা বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ​ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এটি চুরির ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা রহস্য রয়েছে, তা আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

হাসপাতাল চালুর দাবি

সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের
সংগৃহীত ছবি

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া গত এক সপ্তাহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। 

শনিবার বেলা ১১টায় তারা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া চলবে বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট  হাসপাতালের দৃষ্টিনন্দন ১০ তলা ভবন নির্মাণ সম্পন্ন হলেও  এক বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে। আমলাতান্ত্রিক জটিলতা আর অবহেলায় এখনো চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। মেডিক্যাল মিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস ও ওয়ার্ডক্লাসের মাধ্যমে হাতে কলমে শিক্ষার সুযোগ নেই। ফলে ৩য় থেকে ৫ম বর্ষের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাসে সরাসরি রোগী দেখার সুযোগ পাচ্ছে না। একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল হাসপাতালের অভাবে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, বারবার আশ্বাস দিয়েও প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় গত ২১ জুন থেকে ক্লাস, পরীক্ষা এবং সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন করছেন তারা। 

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ চৌধুরী, হারুণ উর রশিদ, সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, শাহপরান, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজান আহমেদ মিম, তামিমা রহমান, শামসিয়া তাব্বাসুম মাইশা প্রমুখ।