• ই-পেপার

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে প্রাণ গেল তিন মাস বয়সি শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে প্রাণ গেল তিন মাস বয়সি শিশুর
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সি এক কন্যা শিশু মারা গেছে।

শনিবার (২৭ জুন) ভোরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মেঘলা ঘোষ জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়।  শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, শিশুটিকে নিস্তেজ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসেন অভিভাবকরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। 

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গয়েন্দা পুলিশ। শুক্রবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

শনিবার (২৭ জুন) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন– পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা এলাকার মো. সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকার মো. আরিফুল ইসলাম (৪০)। 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অপরাধ স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা সংঘবদ্ধ চক্র হিসেবে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করতেন। এরপর ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন এবং সেই টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। 

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই চক্রটি ভুয়া নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাত এবং বিকাশ এজেন্ট নম্বরের মাধ্যমে চাঁদার টাকা সংগ্রহ করত। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ নামধারী আরো দুজন এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘চক্রের পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং পুরো চক্রটিকে শনাক্ত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।’ 

জনসাধারণকে সতর্ক করে ওসি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কেউ ফোনে অর্থ দাবি করলে বা ভয় দেখালে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানানোর আহ্বান করছি।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ পুলিশের

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে শ্রমিক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ পুলিশের
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেডের শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধের সময় বাধা দিলে পুলিশ-শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি এলাকায় ওই ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি শাহীনূর আলম জানান, ‘শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনের শ্রীপুর-তেলিহাটি সড়কে নিহত লিজা আক্তারের মৃত্যুর বিচারের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়। সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাথর ছুড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
 
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘শ্রীপুরে শ্রমিক মৃত্যুর ঘটনায় আজ শনিবার শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা সড়ক অবরোধের পাশাপাশি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি খারাপ হলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

তিনি আরো বলেন, ‘শ্রমিক মৃত্যু ঘটনায় তদন্ত চলছে। ওই মৃত্যুর মৃত্যুর ঘটনার জের ধরে বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই সুযোগে চারটি কারখানায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। 

উল্লেখ্য, গত বুধবার রাতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন শ্রীপুরের তেলিহাটি এলাকার কালার কো লিমিটেডের নারী শ্রমিক লিজা আক্তার। তিন দফায় ছুটি চাইলেও না দিয়ে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। রাত সাড়ে ১২টার দিকে  তার মৃত্যু হয়। পরদিন ওই খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকরা বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভ পাশের অন্য কারখানাতেও ছড়িয়ে পড়ে। কতিপয় শ্রমিক আশপাশের ৪টি কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।  

নড়াইল

জেলার ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা

নড়াইল সংবাদদাতা
জেলার ৬০ শতাংশ গ্রামীণ সড়কই কাঁচা
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের নিরালী-দেবভোগ সড়ক। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

বর্ষাকালে ঘোরে না যানবাহনের চাকা। পাঁচ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটির অধিকাংশে এ সময় হাঁটু সমান কাদা। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে জীবন অর্ধেক শেষ। অবর্ণনীয় দুর্ভোগ থেকে রক্ষায় গ্রামবাসী ছুটেছেন  সরকারি দপ্তরে, কিন্তু মেলেনি প্রতিকার। 

এমন অবস্থা নড়াইল সদর উপজেলার নিরালী-দেবভোগ সড়কের। সদর উপজেলার কলোড়া ইউনিয়নের নিরালী গ্রাম থেকে একই উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগে গেছে সড়কটি। নদীর কূলঘেঁষা দুই গ্রামের বাসিন্দাদের চলাচলের মাধ্যম এই সড়ক পাকা করার দাবি অনেক পুরনো। কিন্তু বছরের পর বছর প্রতিশ্রুতি পেলেও সে দাবি বাস্তবায়িত হয়নি। 

এদিকে মুলিয়া ইউনিয়নের পানতিতা নদীর কূল হয়ে আখুদা দেবভোগ, এগারোখান সড়কটিও রয়ে গেছে কাঁচা। কয়েক শ মানুষের বসবাস এ গ্রাম দুটিতে। সড়ক কাঁচা হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় এ অঞ্চলের বাসিন্দাদের। 

শুধু এই দুই গ্রামের সড়ক নয়। জেলার তিন উপজেলার গ্রামীণ সড়কগুলোর অধিকাংশই এখননো কাঁচা। বর্ষা মৌসুমে এসব সড়কে শিক্ষার্থীসহ বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 

সম্প্রতি সরেজমিনে নিরালী-দেবভোগ সড়কে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে কাদা আর কাদা। তিন গ্রামের মানুষের বাড়ি থেকে বের হয়ে সড়কটি দিয়ে যাওয়ার উপায় নেই। 

স্থানীয়রা জানান, সড়কটির কারণে মাঠের ফসল ঘরে তুলতে তাদের  কষ্টের শেষ নেই। 

নিরালী গ্রামের সম্রাট বিশ্বাস বিশ্বাস বলেন, জন্মের পর থেকে কাঁচা রাস্তা দিয়ে চলাচল। সারা বছর ফসল আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়। শীতকালে রাস্তা দিয়ে চলাচল করা গেলেও বর্ষাকাল  তা একেবারেই ব্যবহারের অনুপযোগী পড়ে। তিনি জানান, গ্রামটির অধিকাংশ পরিবার পান পাতার ওপর নির্ভরশীল। পান পাতা বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু সে পান যানবাহনে করে বাজারে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাদা ভেঙে মাথায় করে পান বহন করে নিয়ে যেতে হয় বাজারে। 

সম্রাট বিশ্বাসের অভিযোগ, সড়কটি নির্মাণের জন্য রাজনৈতিক নেতাদের কাছে বারবার বলা হলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই জোটেনি। স্থানীয়রা একাধিকবার আবেদন করেও কোনো প্রতিকার পাননি। 

শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের বাবুল বিশ্বাস বলেন, ‘দেবভোগ নিরালী ছয় কিলোমিটার দীর্ঘ সড়ক পাকা করতে একাধিকবার রাজনৈতিক নেতাদের বলা হয়েছে। ভোট আসলে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলে না।’

মুলিয়া ইউনিয়নের পানতিতা গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী পপি রায়ের ভাষ্য, প্রতিদিন কাদা ভেঙে তাকে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। 

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) অধীনে থাকা এক হাজার ৪৪৭ টি সড়ক, যার দৈর্ঘ্য তিন হাজার ২২৫ কিলোমিটার। গ্রামীণ এ সড়কের ৬০ শতাংশ কাঁচা। এর মধ্যে রয়েছে, সদর উপজেলায় মোট সড়ক রয়েছে এক হাজার ১৮১ কিলোমিটারের মধ্যে কাঁচা সড়ক ৭৩৮ কিলোমিটার। এ উপজেলায় কাঁচা সড়ক রয়েছে ৬২ শতাংশ। 

লোহাগড়া উপজেলায় মোট সড়ক রয়েছে এক হাজার ১৯৯ কিলোমিটার এর মধ্যে কাঁচা ৭৮৯ কিলোমিটার। এ উপজেলায় কাঁচা সড়ক রয়েছে ৬০ শতাংশ।

কালিয়া উপজেলায় মোট সড়ক রয়েছে ৭৪৫ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৪৩৩ কিলোমিটার। এ উপজেলায় কাঁচা সড়ক রয়েছে ৫৮ শতাংশ ।

স্থানীয় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর বলেন, জেলায় ৬০ শতাংশ সড়ক এখনো কাঁচা। চলতি অর্থবছরে কয়েকটি প্রকল্পের মাধ্যমে কিছু সড়ক সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন, কিছু রাস্তা টেন্ডারে রয়েছে। এসব সড়ক জেলা অবকাঠামো উন্নয়ন ও বৃহত্তর যশোর জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে আনার জন্য কাজ চলছে। প্রকল্পগুলো পাস হলে  আগামী অর্থবছরে কাঁচা ও পাকা সড়ক ৫০ শতাংশে আনতে পারব।