• ই-পেপার

রামগঞ্জে মেহেদী হত্যা মামলায় শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

পাশের বাড়ির হাঁস 'খাবার চোর', প্রতিবেশীদের মারামারি গড়াল থানায়

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
পাশের বাড়ির হাঁস 'খাবার চোর', প্রতিবেশীদের মারামারি গড়াল থানায়
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে হাঁসের পা ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা শ্রীনগর থানায় অভিযোগ দিয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাসিন্দা সুর্বনা (২০) তার স্বামী রহমান, বর্তমানে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় মিঠু শেখের বাড়িতে ভাড়া থাকেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি হাঁসের পা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় আবু কালাম ও সামসু মোল্লাহ তাদের আল মক্কা জামে মসজিদের পশ্চিমে হামলা চালান। এ সময় ঘরে থাকা তিন নারী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আহতরা জানান, বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আবু কালাম বলেন, বিবাদীরা শামসুকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। আমি তাদের থামানোর চেষ্টা করি এবং হাঁসের বিষয়টি নিজেদের মধ্যে বসে শান্তিপূর্ণভাবে সমাধান করার পরামর্শ দিই। কিন্তু তারা সবাই আমাকে ঘিরে ধরে। পরে আমি সেখান থেকে চলে আসি। অথচ ঘটনাটিতে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন দত্ত বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেল রাবি শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেল রাবি শিক্ষার্থী!
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী মহানগরী মেহেরচন্ডী এলাকায পারিবারিক কলহের জেরে মুগুর দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষক বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই  ঘটনাটি ঘটে।

নিহতের নাম রেজাউল করিম (৬০)। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত ছেলের নাম রাকিবুল করিম (২৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়েন এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মারা যান। এর পরপরই রাকিবুল পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে রাকিবুল তার বাবাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
জেলার মানচিত্র

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের ১৬টি থানার সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এবং বিভিন্ন দাবিতে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এরপর হঠাৎ করে ব্যানার নিয়ে রাস্তায় মিছিল বের করে ভিডিও ধারণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা স্থান ত্যাগ করেন। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২২) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রাম নগরীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম চলছে। আমাদের ১৬টি থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এপিবিএন সদস্যরাও মাঠে কাজ করছেন। এই নিরাপত্তা ব্যবস্থা আগামী ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।

এদিকে, রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি চিঠিতে বলা হয়েছে, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাসহ ছয় জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।

সাপে কাটা রোগীদের চিকিৎসায় সন্দ্বীপ হাসপাতালে ২০ অ্যান্টিভেনম প্রদান

সন্দ্বীপ( চট্টগ্রাম)  প্রতিনিধি
সাপে কাটা রোগীদের চিকিৎসায় সন্দ্বীপ হাসপাতালে ২০ অ্যান্টিভেনম প্রদান
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সাপে কাটা রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগের মধ্যে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আমির হোসেন আজাদ। সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে তিনি সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রদান করেছেন।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানষ বিশ্বাসের কাছে আনুষ্ঠানিকভাবে এসব অ্যান্টিভেনম হস্তান্তর করা হয়।

সন্দ্বীপ স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হওয়ায় জরুরি চিকিৎসা সেবা পেতে প্রায়ই ভোগান্তির শিকার হন রোগীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রয়োজনীয় অ্যান্টিভেনমের সংকট এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে না পারায় সম্প্রতি কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানষ বিশ্বাস বলেন, ‘সন্দ্বীপের মতো বিত্তবান ও সমাজসেবী ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ ও ভ্যাকসিনের সংকট অনেকটাই দূর হবে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।’

অ্যান্টিভেনম প্রদানকারী স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট শাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ‘রাজকন্যা’র স্বত্বাধিকারী আমির হোসেন আজাদ বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই সবচেয়ে বড় তৃপ্তি। আমি চাই সন্দ্বীপের অন্যান্য বিত্তবান ও দানশীল ব্যক্তিরাও সমাজের প্রয়োজনীয় খাতে এগিয়ে আসুন। সম্মিলিত উদ্যোগেই স্বাস্থ্যসেবাকে আরো শক্তিশালী করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘সাপে কাটার পর কুসংস্কার, ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণই রোগীর জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।’

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সাপে কাটা রোগীদের চিকিৎসা সেবাকে আরো সহজলভ্য করবে এবং জরুরি পরিস্থিতিতে প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।