• ই-পেপার

এমপি রায়হান সিরাজী

বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য নির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি, যা হতাশাজনক

বগুড়ায় মাদক সেবনের দায়ে শ্রমিকের কারাদণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় মাদক সেবনের দায়ে শ্রমিকের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে শাহ আলম সেখ (৩২) নামের এক শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত শাহ আলম সেখ ধুনট সদর পাড়া এলাকার পিয়ার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম।

স্থানীয় সূত্র জানায়, শাহ আলম সেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তিনি প্রায়ই মাদক সেবন করে মাতলামি করতেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সদর পাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেন।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি মাদক ও জুয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন।

বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার : ভূমি প্রতিমন্ত্রী

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার : ভূমি প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক। যা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনুধাবন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এ দেশে প্রান্তিক কৃষকদের উৎসাহ জোগাতে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। এতে বুঝা যায়, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। 

শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। 

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল। তবু সরকার দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ডটি দিয়ে কৃষকরা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষি পণ্যসহ ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণ করতে পারবে। এ ছাড়া বর্তমান সরকার প্রতি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। 

হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপক করেন হাটহাজারী উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন।

উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল ও কৃষক সেলিম শিকদার। 

অনুষ্ঠানে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ কৃষিবিদ মো. শামসুল আলমসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

ঝিনাইদহে আধিপত্য বিস্তারে বিএনপি-আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে আধিপত্য বিস্তারে বিএনপি-আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬
সংগৃহীত ছবি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ছানোয়ার হোসেন ছনো (৫৫), মিজান আলী (৪৫), বিভান আলী (২২), ঝন্টু মিয়া (৪৫), মতিয়ার রহমান (৫০), আক্তার মোল্লা (৩২), রাশিদুল ইসলাম (৩৫), বরকত মোল্লা (৪০), ফেন্টু মিয়া (৫০), মশিয়ার রহমান (৪২), তোজিবার মোল্লা (৬৫), কবির মণ্ডল (৩০), রুবেল মণ্ডল (৩২), কাবিল (৪০), তোতা মিয়া (৩৪), নুর আলী (৫৪) ও বাচ্চু মিয়া (৩২)। তাদের মধ্যে কয়েকজনকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং তিনজনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থকদের সঙ্গে সাবেক ইউপি সদস্য ও বিএনপি সমর্থক মশিয়ার রহমানের অনুসারীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানপক্ষের লোকজন তাদের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাদের অন্তত সাতজন আহত হয়েছেন।

তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জেনেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে : এমপি আবু আশফাক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে : এমপি আবু আশফাক
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শনিবার (২০ জুন) দোহার উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সকালে সুতারপাড়া ইউনিয়নের পদ্মা বাইপাস নিকড়া-ডায়ারকুম সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন এমপি আবু আশফাক। পরে তিনি বানাঘাটা জাহিদ কমিশনারের বাড়ির রাস্তা, ঝনকি রানী বিল্ডিংসংলগ্ন সড়ক, নারিশা পশ্চিম চর সড়ক, লটাখোলা সিপিডিএন ও ঢাকা প্রজেক্ট এলাকার সড়ক, এসপি আনোয়ারের বাড়ির সামনের সড়ক, কার্তিকপুর ব্রিজসংলগ্ন সড়ক, চর কুশাই সড়ক এবং বাংলাবাজার সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন।

এ ছাড়া দোহার পৌরসভা, সুতারপাড়া, নারিশা, বিলাসপুর, মাহমুদপুর ও কুসুমহাটি ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১১টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এমপি আবু আশফাক বলেন, ‘বিগত সরকারের আমলে দখল হওয়া খাল-বিল পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দোহার-নবাবগঞ্জের প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে পাকা সড়ক নির্মাণ করা হবে, যাতে জনগণের যোগাযোগব্যবস্থা আরো উন্নত হয়।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমি যত প্রতিশ্রুতি দিয়েছি, সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি। আগামী পাঁচ বছরে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে। উন্নত সড়ক যোগাযোগ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চার করবে। একই সঙ্গে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার উপজেলা নির্বাহী প্রকৌশলী রাজু আলম, টিসিএল গ্রুপের চেয়ারম্যান তানভীর আহমেদ সানু মোল্লা, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।