যশোরের কেশবপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের পর আইনি প্রক্রিয়া ছাড়াই সেটি ফেরত চায় মালিকপক্ষের লোকজন। পুলিশ সদস্য না দেওয়ায় তার ওপর হামলা চালিয়ে সেটি ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি পুনরুদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ তাকে আটক করেন। এ সময় মোটরসাইকেল মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নেওয়ার জন্য বললেও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর মেরে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্য আহত হন। পরে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওই মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলাকারীদের আটকের অভিযান চলছে। এ ছাড়া চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।




