• ই-পেপার

জামালপুরে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে লুট, র‍্যাব পরিচয়ধারী চক্রের ৫ সদস্য আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে লুট, র‍্যাব পরিচয়ধারী চক্রের ৫ সদস্য আটক
সংগৃহীত ছবি

র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। 

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ভুয়া র‌্যাব পরিচয়পত্র, পাঁচটি র‌্যাব লেখা কালো জ্যাকেট, পাঁচটি ক্যাপ, একটি মাইক্রোবাস, ছয়টি নম্বরপ্লেট, একটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার, একটি খেলনা পিস্তল এবং তিন জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) কেরানীগঞ্জের কমদতলী এলাকায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।

গ্রেপ্তারকৃতরা হলেন—আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮), সুমন (৩৬), সারোয়ার হোসেন সাগর (৩৫), সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) এবং কাঞ্চন (৩৫)।

ওসি সফিকুল ইসলাম সুমন জানান, গত বৃহস্পতিবার আশুলিয়া থানায় র‌্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের হয়। মামলার পর ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার আসামিরা একটি টয়োটা মাইক্রোবাসে করে সাভারের আকরাইন এলাকা থেকে খাগান বাজারের দিকে যাচ্ছেন। পরে ডিবির একটি দল আকরাইন বাজার মোড়ে অবস্থান নিয়ে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় এবং পাঁচজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার দোকান বন্ধ করে প্রায় তিন ভরি স্বর্ণ, ৪০ ভরি রুপা ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে র‌্যাব পরিচয়ধারী একটি দল তাঁর গাড়ি থামিয়ে চোখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার কাছে থাকা স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকা লুট করে ভবানীপুর এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে র‌্যাব ও ডিবি পুলিশের পরিচয়ে সংঘটিত অপরাধের অভিযোগ রয়েছে। আশুলিয়া থানায় দায়ের করা ডাকাতি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। 

ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

ফেনী প্রতিনিধি
ফেনীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
ছবি: কালের কণ্ঠ

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে যে দারুণ উৎসবের আমেজ বিরাজ করছে, তার ঢেউ লেগেছে ফেনীতেও। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা, সমর্থন ও উন্মাদনা প্রকাশ করতে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল সমর্থকদের এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

​শুক্রবার (১৯ জুন) বিকেলে ‘ব্রাজিল ফ্যান ক্লাব ফেনী’র উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ব্রাজিল সমর্থক। হলুদ-সবুজ জার্সিতে সেজে, হাতে সেলেসাওদের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে পুরো শহর মুখরিত করে তোলেন তারা।

​বিকেলে শহরের একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক (যেমন : ট্রাঙ্ক রোড, মিজান রোড ও জেল রোড) প্রদক্ষিণ করে। এ সময় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের এক বিশাল বহর শোভাযাত্রায় যোগ দেয়। ঢাক-ঢোল, ব্যান্ড পার্টি আর ভুভুজেলা বাঁশির শব্দে শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​শোভাযাত্রায় সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক বাবা-মা তাদের ছোট ছোট সন্তানদের ব্রাজিলের জার্সি পরিয়ে এই আনন্দ মিছিলে নিয়ে আসেন। শোভাযাত্রাটি দেখতে সড়কের দুই পাশে ভিড় জমান অসংখ্য উৎসুক মানুষ।

​আয়োজক ও ব্রাজিল ফ্যান ক্লাবের অন্যতম সমন্বয়ক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ফুটবল শুধু একটা খেলা নয়, এটি আমাদের কাছে এক বিশাল আবেগের নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এবং জেলার সব ব্রাজিল ভক্তকে একই সুতোয় বাঁধতেই আমাদের এই আয়োজন। এবার যেহেতু দলে নেইমারসহ একঝাঁক তরুণ তুর্কি রয়েছে, আমাদের বিশ্বাস হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) মিশন এবার সফল হবেই।

গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
নিহত মো. মাহিম শেখ। সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম শেখ ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল সমর্থক মাহিম বাড়ির উঠানে একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল। পরে বাতাসে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সে গাছে উঠে বাঁশটি পুনরায় সোজা করার চেষ্টা করে।

এ সময় বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে মাহিম বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবক শুভ বলেন, ‘ছেলেটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে খেলার সময় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভেচকি গ্রামে এই  ঘটনা ঘটে।

​পারিবারিক সূত্রে জানা যায়, দুই সহোদর মায়ের সঙ্গে খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যায় বাড়ির পাশে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় দুই ভাই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।