• ই-পেপার

প্রীতি ফুটবল ম্যাচ

জামালপুরে আর্জেন্টিনাকে ৫ গোলে হারাল ব্রাজিল

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন বাগেরহাটের তারেক

বাগেরহাট প্রতিনিধি
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন বাগেরহাটের তারেক
সংগৃহীত ছবি

বাগেরহাটের ফকিরহাটে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন শেখ তারেক নামের এক কর্মী। শুক্রবার (১২ জুন) জুমার দিনে ব্যতিক্রমী উপায়ে দুধ দিয়ে গোসল করে তিনি দল ত্যাগের ঘোষণা দেন।

শেখ তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের একজন কর্মী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ তারেক গত ১৪-১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার জুমার নামাজের আগে তিনি আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

দল ত্যাগের কারণ সম্পর্কে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। আমি দলের একজন দুর্দিনের কর্মী ছিলাম। এখন দলের সুদিন চলছে। এ সময়ে দলে বিভিন্ন অনুপ্রবেশকারী প্রবেশ করছে। নানা কারণে দলের কাছে আমার গুরুত্ব কমে গেছে এবং আমি অবহেলার শিকার হয়েছি। তাই জুমার দিনে দুধ দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে দলটির কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

অনলাইন ডেস্ক
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত  বলে জানিয়েছেন গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক।

তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানার ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
সংগৃহীত ছবি

দিনাজপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ২ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের একটি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, ‘বাংলাদেশ আওয়ামী লীগ-এর নিষেধাজ্ঞা মানি না, মানব না’, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে’, ‘পুলিশ হত্যার বিচার চাই’, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও বিক্ষোভ মিছিল’।

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘চলছে লড়াই, চলবে; ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। ভিডিওটি বর্তমানে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজে ছড়িয়ে পড়েছে।

ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’

বিদ্যুৎ বাঁচাতে পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ

অনলাইন ডেস্ক
বিদ্যুৎ বাঁচাতে পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ

পটুয়াখালীতে ফুটবলপ্রেমীদের জন্য বসানো এলইডি মনিটরের বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগের আয়োজন বন্ধ করে দিয়েছে জেল  প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) ম্যাচ উপভোগের এ আয়োজন বন্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, জনসমাগমস্থলে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের ফুটবলপ্রেমীর উপস্থিতিতে দলের সমর্থন নিয়ে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এ ছাড়াও বিদ্যুৎ অপচয়ের বিষয়টিও তুলে ধরা হয় নোটিশে।

নোটিশ জারির পরে শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় পটুয়াখালীর ঝাউতলার হৃদয় তরুয়া চত্বরে গিয়ে দেখা যায়, ফুটবল উপভোগের জন্য বসানো সব মনিটর সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শকদের বসার জন্য নির্মিত প্যান্ডেলও অপসারণ করে নিচ্ছেন আয়োজকরা। এ সময় প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষ।

পটুয়াখালী পৌর শহরের বাসিন্দা রাকিব বলেন, এত বড় বিশ্বকাপ আয়োজন একসাথে দেখতে পেয়ে আমরা খুব আনন্দিত ছিলাম। সবাই মিলে বড় পর্দায় খেলা দেখা খুবই ভালো লাগার। কিন্তু,  জেলা প্রশাসনের এমন উদ্যোগ আমাদের কষ্ট দিয়েছে। আশা করি, তারা বিষয়টি আরো বিবেচনা করে দেখবেন।

আরেক বাসিন্দা সাব্বির বলেন, আমাদের শহর খুবই শান্তশিষ্ট একটি শহর। এখানে আমাদের সবার মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই ফুটবল খেলা দেখার মতো এমন আয়োজনে কখনোই আইনশৃঙ্খলার অবনতি ঘটবে না বলে আমরা মনে করি। একসঙ্গে ফুটবল উপভোগের অনুভূতিই আলাদা। আমাদের দাবি, যেন আবারও আমাদের বড় মনিটরে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়।

খেলা প্রদর্শনের আয়োজক আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, আমরা বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছিলাম মূলত তরুণদের একটি সুস্থ বিনোদন দেওয়ার জন্য। কিন্তু কী কারণে প্রশাসন আয়োজনটি বন্ধের নির্দেশ দিয়েছে তা আমরা বুঝতে পারছি না। আমাদের এখানে খেলা উপভোগের জন্য বিভিন্ন বয়সী মানুষ আসতেন। এতে মানুষের মধ্যে আরো সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পেতো। এ আয়োজনে সবাই খুশি ছিলেন। তাই সাধারণ মানুষের আবেগ ও আগ্রহের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, যেন খেলা দেখার আয়োজনটি চালু রাখা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎসহ অন্য বিষয়ে সরকারের সাশ্রয় নীতি প্রতিপালনের লক্ষ্যে ফুটবল বিশ্বকাপের ম্যাচসমূহ বৃহৎ পর্দার মাধ্যমে উন্মুক্ত স্থানে প্রদর্শনের অনুমতি প্রদান সমীচীন হবে না।