সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) ভোররাতে উপজেলার রায়গঞ্জ-পাঙ্গাসী সড়কে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জ সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মোটরসাইকেল নিয়ে বের হন আসিফ। পথে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







