জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, টানা চার বছর ধরে দেশের সর্বোচ্চ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে সিলন। দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির প্রায় অর্ধেক অংশে এককভাবে অবদান রাখছে সিলন, যা বিশ্ববাজারে বাংলাদেশি চায়ের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও সক্ষমতার এক বড় প্রমাণ।
এনবিআরের তথ্য অনুযায়ী, আবুল খায়ের গ্রুপ ২০২৫ সালে মোট চা রপ্তানির ৪২ শতাংশ একাই করেছে, তাদের রপ্তানির আয় ১৪ লাখ ৭০ হাজার ডলার। মোট রপ্তানির ২৬ শতাংশ করে দ্বিতীয় অবস্থানের রয়েছে ফিনলে টি, এই প্রতিষ্ঠানের আয় ৯ লাখ ১৩ হাজার ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ইস্পাহানি গ্রুপ, এই প্রতিষ্ঠানের রপ্তানির অংশ ১১ শতাংশ, তাদের আয় ৩ লাখ ৮১ হাজার ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সিটি ও ভিভিডভেঞ্চার। বিদেশে চা রপ্তানিতে আরো বেশ কয়েকটি কম্পানি রয়েছে।
রপ্তানিতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি দেশের চায়ের বাজারে নতুনত্ব ও আধুনিকতা আনায় ভূমিকা রাখছে এসব কোম্পানি। তবে দেশের বাজারে গুণগত মানের পণ্য সরবরাহ করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে সিলন।
রপ্তানিকারক এসব প্রতিষ্ঠান দেশের বাজারে পণ্য বিক্রিতেও বৈচিত্র্য এনেছে। তবে বাজারে প্রথমবারের মতো স্ট্যাপলবিহীন (পিনমুক্ত) নিরাপদ টি-ব্যাগ ও আধুনিক পিরামিড আকৃতির টি-ব্যাগ নিয়ে আসে ‘সিলন টি’। দেশের সাধারণ মানুষের চা পানের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে।





