নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নেতৃত্ব ও অংশগ্রহণে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদ ফাইটোকেমিক্যাল ডেটাবেস (Medicinal Plant Phytochemical Database) তৈরি হয়েছে। বাংলাদেশের প্রথম বায়োইনফরম্যাটিক্স প্রতিষ্ঠান Dawn of Bioinformatics (DOB)-এর তত্ত্বাবধানে নির্মিত এই ডেটাবেস গবেষণা ও ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় নতুন দিগন্তের সূচনা করেছে।
এই গবেষণা উদ্যোগের নেতৃত্ব দেন নোবিপ্রবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী এস. কে. ফয়সাল আহমেদ। তিনি দেশের প্রথম বায়োইনফরম্যাটিক্স প্রতিষ্ঠান Dawn of Bioinformatics (DOB)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO)। তার নেতৃত্বে প্রায় দুই বছরের নিরলস প্রচেষ্টায় তৈরি হয়েছে Bangladesh Medicinal Plants and Phytochemicals Database (BMPPD)।
ডেটাবেসটিতে বাংলাদেশের ৭০০-এরও বেশি ঔষধি উদ্ভিদ প্রজাতির প্রায় ৬৩ হাজার অনন্য (Unique) ফাইটোকেমিক্যাল যৌগের তথ্য সংরক্ষিত হয়েছে। গবেষকদের দাবি, দক্ষিণ এশিয়ায় এ ধরনের এটিই সবচেয়ে বড় এবং সর্বাধিক বিস্তৃত ফাইটোকেমিক্যাল ডেটাবেস।
এই গবেষণা দলে নোবিপ্রবির আরো তিন শিক্ষার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা হলেন, বিজিই বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ইমরানুর রহমান, ২০১৮–১৯ শিক্ষাবর্ষের আমির আলভী এবং ২০২০–২১ শিক্ষাবর্ষের প্রমি চৌধুরী বাঁধন।
গবেষকদের মতে, ডেটাবেসটি কম্পিউটারভিত্তিক ওষুধ আবিষ্কার (Computer-Aided Drug Discovery), ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং এবং এথনোফার্মাকোলজি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আধুনিক বায়োইনফরম্যাটিক্স প্রযুক্তি ব্যবহার করে উদ্ভিদজাত রাসায়নিক যৌগের সম্ভাব্য ওষুধি কার্যকারিতা দ্রুত ও স্বল্প ব্যয়ে বিশ্লেষণ করা সম্ভব হবে।
এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফাইটোকেমিক্যাল ডেটাবেস হিসেবে ভারতের IMPPAT 2.0 পরিচিত ছিল, যেখানে প্রায় ১৭ হাজার ৯৬৭টি ফাইটোকেমিক্যাল যৌগ অন্তর্ভুক্ত রয়েছে। নতুন BMPPD ডেটাবেসে প্রায় ৬৩ হাজার অনন্য যৌগ সংযোজনের মাধ্যমে সেই সীমা অতিক্রম করে দক্ষিণ এশিয়ায় নতুন মানদণ্ড স্থাপন করেছে বাংলাদেশ।
বর্তমানে দেশের ৪৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীরা এই ওপেন রিসোর্স ব্যবহার করে গবেষণা পরিচালনা করছেন। গবেষণা সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের বায়োইনফরম্যাটিক্স, ঔষধি উদ্ভিদ গবেষণা এবং নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনাকে আরো এগিয়ে নেবে।
এ প্রসঙ্গে এস. কে. ফয়সাল আহমেদ বলেন, ‘প্রকৃতি শুরু থেকেই যে ভাষায় কথা বলে এসেছে, তারই আধুনিক বৈজ্ঞানিক রূপ হলো বায়োইনফরম্যাটিক্স। বিএমপিপিডি-এর প্রতিটি যৌগের মাঝে লুকিয়ে আছে একেকটি সম্ভাব্য জীবনরক্ষাকারী ওষুধ। দক্ষিণ এশিয়ার ঔষধি ঐতিহ্যকে বায়োইনফরম্যাটিক্সের শক্তিতে বিশ্বমঞ্চে তুলে ধরার সময় এসেছে এবং সেই যাত্রা বাংলাদেশ থেকেই শুরু হচ্ছে।"
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, নোবিপ্রবির শিক্ষার্থীদের নেতৃত্বে ও সক্রিয় অংশগ্রহণে আন্তর্জাতিক মানের এই গবেষণা অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও সম্ভাবনার আরেকটি উজ্জ্বল স্বীকৃতি।





