• ই-পেপার

বাংলাদেশ-চীনের সম্পর্ক আরো জোরদার হবে : রিজভী

জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নিজেদের সংস্কৃতি  ও ঐতিহ্য সম্পর্কেও জানতে, ভালোবাসতে ও চর্চা করতে হবে।

তিনি বলেন, যে জাতি তার সংস্কৃতিকে ধারণ করে, সে জাতি কখনো পথ হারায় না। নতুন প্রজন্ম যদি নিজের শেকড়কে ভুলে যায়, তাহলে সে জাতির অগ্রগতি কখনোই পরিপূর্ণ হতে পারে না।  

আজ বৃহস্পতিবার ময়মনসিংহ আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশতাক আহমেদ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে শিক্ষিত, মানবিক, সংস্কৃতিবান, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন জাতি গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, মানুষের কল্যাণে সামান্য হলেও অবদান রাখার মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ একজন শিক্ষিত মানুষের সবচেয়ে বড় পরিচয়।

প্রিন্স বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নয়; শিক্ষা মানুষকে আলোকিত করে, মানবিক করে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। বর্তমান বিশ্ব জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার বিশ্ব। তাই শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, কুসংস্কার ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি আধুনিক, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক
বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জঁ-মার্ক সেরে-শার্লেটে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। 

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়। 

মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

অনলাইন ডেস্ক
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জনসচেতনতা তৈরি করতে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি দিয়েছে ১১ দল।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মগবাজারের সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার; ২৩,২৪,২৫ চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ ও ৫ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

সংবাদ সম্মেলন হামিদুর রহমান আযাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার এক দলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছে বিএনপি। ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে তারা।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

ভেনেজুয়েলায় আজ ভোরের দিকে সংঘটিত ভয়াবহ জোড়া ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, আমি ভেনেজুয়েলার এই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, ভেনেজুয়েলার জনগণ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। আমরা তাদের এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে এগিয়ে আসার জন্য ভেনেজুয়েলার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভেনেজুয়েলার সরকার ও জনগণ শিগগির তাদের এই কঠিন বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত সেক্রেটারি।