• ই-পেপার

নীলফামারীতে বাস উল্টে নিহত ১, আহত ১৫

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুটিতে থাকা এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা নগরের চকবাজার ডিসি সড়ক এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে ৫টার দিকে নাজিম উদ্দিন স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের স্কুটিকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসক স্বামী-স্ত্রী দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটো চালকসহ নিহত ২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটো চালকসহ নিহত ২
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিক্সার চালক ও যাত্রী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নেপেন কুজুর (৫০) মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে, ফিলকস কুজুর ফিলকস কুজুর (৬০) পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ ঝাড়আমবাড়ী গোপালপুর সড়কে সিলিমপুর মোড় এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নেপেন কুজুর ঘটনাস্থলেই নিহত ও অটোরিক্সা যাত্রী ফিলকস কুজুর গুরুতর আহত হয়। পরে ফিলকস কুজুরকে মুমূর্ষ অবস্থায় পুলিশের পিকআপ ভ্যানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানায়, নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং পিকআপ ও অটোভ্যান জব্দ করা হয়েছে।

দা-কুড়াল দিয়ে হামলার পর ৭ লাখ টাকা লুট, মূল আসামি গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
দা-কুড়াল দিয়ে হামলার পর ৭ লাখ টাকা লুট, মূল আসামি গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের পটিয়ায় দা ও কুড়াল দিয়ে হামলা চালিয়ে প্রায় ৭ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ শাহিন আলম (২৩) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। বুধবার (২৪ জুন) ভোরে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদী মার্কেটসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা রনি দাশ (৩০) ও তানভীর হোসেনের (২২) পথরোধ করে চার সদস্যের একটি ছিনতাইকারী দল।

পরে দুর্বৃত্তরা ধারালো দা ও চায়নিজ কুড়াল দিয়ে তাদের আহত করে প্রাণনাশের হুমকি দেয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, একটি সনি এ-সেভেন থ্রি ক্যামেরা, ১৬-৩৫ মিমি ও ৫০ মিমি লেন্স, একটি আরএস-৪ গিম্বল এবং একটি শাওমি ১১আই মোবাইল ফোন ছিনিয়ে নেয়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।

ঘটনার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত করে পুলিশ। এসআই সমীর ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত নম্বরবিহীন কালো রঙের একটি পালসার-১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে মূল আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় পটিয়া থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে পানিতে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর
শিশু হামীম মিয়া। সংগৃহীত ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় পানিতে ডুবে হামীম মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার চিলকির কুড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামীম মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে কয়েকজন শিশুর সঙ্গে কুড়ার পাশে খেলতে যায় হামীম। একপর্যায়ে সবার অজান্তে সে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি গরু আনতে গিয়ে কুড়ার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, খেলাধুলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ অবগত করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।