ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়ছে গ্রাহকরা।
সর্বশেষ বুধবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের তৎপরতায় ট্রান্সফরমারটি সম্পূর্ণ খুলে নিতে পারেনি চোরচক্র।
পল্লী বিদ্যুৎ সমিতির ছাগলনাইয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আলমাছ উদ্দিন জানান, চুরির চেষ্টায় ট্রান্সফরমারটির কিছু ক্ষতি হলেও দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
তিনি বলেন, এর আগের দিন ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকা ও শুভপুর ইউনিয়ন থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ঘটনায় বিদ্যুৎ বিভাগের আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা।
একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলেও জানতে পেরেছেন। তিনি সম্প্রতি থানায় যোগদান করেছেন উল্লেখ করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।




