• ই-পেপার

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

বাংলাদেশকে পুরোনো দিনে ফেরাবেন না, ফল ভালো হবে না: মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে পুরোনো দিনে ফেরাবেন না, ফল ভালো হবে না: মাহমুদা মিতু
সংগৃহীত ছবি

অনেক প্রাণের বিনিময়ে ১৭ বছরের পরের বাংলাদেশেকে পুরোনো দিনে না ফেরানোর আহ্বান জানিয়েছেন এনসিপি নেত্রী ও মহিলা সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা মিতু। তিনি বলেছেন, পুরোনো দিনে ফিরলে তার ফল ভালো হবে না।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ কথা বলেন।

ড. মাহমুদা মিতু বলেন, বিগত ১৭ বছরে আমরা অনেকেই অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি। আমরা বরাবরই এই সংসদকে ‘মজলুমের সংসদ’ বলে থাকি। এটি খুব ছোট কোনো কথা নয়। এই সংসদে ভাইহারা বোন আছেন, স্বামীহারা বিধবা স্ত্রী আছেন, পিতৃহারা সন্তান ও ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা মানুষ আছে। এই সংসদ শহীদের রক্তের সংসদ। 

তিনি বলেন, রাজনৈতিক জীবন কোনো সহজ পথ নয়। এখানে ত্যাগ আছে, ঝুঁকি আছে ও লড়াই আছে। কেউ হারে আবার কেউ জিতে যায়। কিন্তু আমার মনে হয়, জিতে গেলেও রাজনৈতিক লড়াই কখনো শেষ হয় না।

তিনি রাজনীতির অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না।’

 

গুম-খুনের বিচার দাবিতে আজ ঢাকায় ১১ দলীয় জোটের সমাবেশ

অনলাইন ডেস্ক
গুম-খুনের বিচার দাবিতে আজ ঢাকায় ১১ দলীয় জোটের সমাবেশ
সংগৃহীত ছবি

আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আমলে সংঘটিত গুম-খুনের বিচারের দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ হবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া আগামী ৪ জুলাই সারা দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দল। 

গতকাল সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১-দলীয় জোট। এর আগে সকাল ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি এখনো চলমান। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি, এ বিচার প্রক্রিয়া ধীরগতি করে রাখা হয়েছে। ফ্যাসিবাদের উত্থান সরকার না ঠেকাতে পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি যুবদলের

অনলাইন ডেস্ক
দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি যুবদলের

অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করবে যুবদল। মঙ্গলবার (২৩ জুন) জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এ কর্মসূচি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।  

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান।

জানতে চাইলে দপ্তরের দায়িত্বে থাকা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন,  ‘বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। শুধু তাই নয়, আমাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অত্যন্ত নিকৃষ্ট ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ 

তিনি বলেন, “রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবেলা করেছি, আর এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেওয়া হবে।”

সোহেল বলেন, কোনো রাজনৈতিক দল বা মহল যদি আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে যুবদলের কোটি কর্মী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল রাজপথে পাহারাদারের ভূমিকা পালন করবে। আমরা দলের সব স্তরের নেতাকর্মীকে শান্ত ও সুশৃঙ্খল থেকে রাজপথে এই কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

শিবির নেতা হত্যা ও এমপিপুত্রের মুক্তিতে সংসদে বিরোধী দলের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
শিবির নেতা হত্যা ও এমপিপুত্রের মুক্তিতে সংসদে বিরোধী দলের ক্ষোভ
সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে আটক এক সংসদ সদস্যের (এমপি) পুত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এই ক্ষোভ প্রকাশ করেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নির্মমভাবে সাইফুল্লাহকে হত্যা করেছে। সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ। আমি অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তারে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোনো দলের হতে পারে না। খুনি খুনিই, সে যে দলেরই হোক না কেন। তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

প্রসঙ্গত, গাইবান্ধায় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে রবিবার (২১ জুন) স্থানীয় বোনারপাড়া বাজারে সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে হত্যা করা হয়। এই হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেসুর রহমানকে ইতিমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংসদে রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘দেশের সব সংবাদমাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম এবং চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্রকে মুচলেকায় মুক্তি দেওয়ার খবরও গণমাধ্যমে এসেছে।’

রফিকুল ইসলাম খানের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটি পয়েন্ট অব অর্ডার নয়। পয়েন্ট অব অর্ডার হচ্ছে সংসদের চলমান কোনো বিষয়ের ওপর। এরপরও যদি সংসদ সদস্য মনে করেন এটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন স্পিকার।’

পরে অধিবেশনের একপর্যায়ে জামায়াতের আরেক সংসদ সদস্য নজিবুর রহমান মোমেন আবার প্রসঙ্গটি সংসদে তোলেন। এ সময় স্পিকারের আসনে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীনের উদ্দেশে তিনি বলেন, শিবির নেতা হত্যা ও মুচলেকায় এমপিপুত্রের মুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে নোটিশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

নজিবুর রহমান জানান, তিনি নিজেও এই নোটিশে সমর্থন দিয়েছেন। বিষয়টি নিয়ে সংসদে আলোচনার জন্য তিনি সভাপতির সদয় বিবেচনা ও দৃষ্টি আকর্ষণ করেন।