বাস্তব জীবনে তারা বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি। তবে এবার বড় পর্দায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আগামী ২৮ আগস্ট মুক্তির সূচিতে রয়েছে তাদের অভিনীত দুটি ভিন্নধর্মী সিনেমা, ফলে বক্স অফিসে জমে উঠতে পারে স্বামী-স্ত্রীর লড়াই।
সেদিনই মুক্তি পাওয়ার কথা সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘ভ্যান : ফোর্স অব দ্য ফরেস্ট’ এবং দক্ষিণী সুপারস্টার ইয়াশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। দুটি বড় বাজেটের ছবির একসঙ্গে মুক্তি ঘিরে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ভারতীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বক্স অফিস লড়াইগুলোর একটি হতে পারে এই প্রতিযোগিতা। কারণ, দুই ছবিকেই ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

লোককাহিনি, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানে নির্মিত ‘ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এ সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া।
নির্মাতাদের দাবি, ছবিতে দর্শক সিদ্ধার্থকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখতে পাবেন। সিনেমার গল্পকে আরও শক্তিশালী করতে সম্প্রতি এর কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য পুনরায় ধারণও করা হয়েছে।
)
অন্যদিকে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ‘কেজিএফ’খ্যাত অভিনেতা ইয়াশ। দীর্ঘদিন ধরেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
বিভিন্ন সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, এই চরিত্রের জন্য তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে এবং এটি তার অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি।
তবে ২৮ আগস্টের লড়াই শুধু সিদ্ধার্থ ও কিয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। একই দিনে মুক্তির তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত বড় বাজেটের সিনেমা ‘ঈথা’। ফলে বক্স অফিসে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, একই দিনে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেলে হল বণ্টন ও দর্শক বিভাজনের কারণে আয়-ব্যয়ে প্রভাব পড়তে পারে। তাই শেষ মুহূর্তে কোনো একটি ছবির মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির তারিখ পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।





