সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপান ও মাতলামি করার ভিডিও ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ভিডিওতে দেখা যায়, রুহুল আমিন নিজ কক্ষে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত হলে তিনি নানা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। এরপর তাঁর স্বজনরা এসে তাঁকে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে ভুল স্বীকার করে প্রধান শিক্ষক রুহুল বলেন, ‘মানসিক অশান্তির জন্য মদ খেয়েছিলাম। ওই সময় মাথা ঠিক ছিল না, মদ্যপ অবস্থায় কী বলেছি এবং কী করেছি তা মনে নেই।’
শাহজাদপুরের ইউএনও সাবরিনা শারমিন বলেন, ‘বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ তাঁকে শোকজ করেছেন।’

