দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর কক্সবাজারের মাতারবাড়ী চ্যানেলে নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে জরুরি রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি অত্যাধুনিক ড্রেজার দিয়ে এই পলি অপসারণের কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্র জানায়, বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল ব্যবহার করে নিয়মিত কয়লাবাহী জাহাজ চলাচল করছে। অদূর ভবিষ্যতে এখানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী বড় আকারের বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা (গভীরতা) হ্রাস পেয়েছে। ফলে বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই ড্রেজিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাতারবাড়ী চ্যানেলের বর্তমান মরফোলজিক্যাল (ভৌগোলিক গঠন) অবস্থা এবং পলি জমার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, এই চ্যানেলের জন্য ‘ট্রেইলিং সাকশন হপার ড্রেজার’ (টিএসএইচডি) সবচেয়ে উপযোগী ও কার্যকর।
চট্টগ্রাম বন্দরের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবকাঠামো। চ্যানেলের নির্ধারিত নাব্যতা বজায় থাকলে বৃহৎ আকারের বাণিজ্যিক, কয়লা ও এলএনজিবাহী জাহাজ কোনো রকম ঝুঁকি ছাড়াই বন্দরে ভিড়তে পারবে। বড় জাহাজের এই নিরাপদ আগমন দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখবে এবং বৈদেশিক বাণিজ্য কার্যক্রমকে আরো গতিশীল করবে।

