• ই-পেপার

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার

ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে কৌশলগত পরিবর্তনের কথা জানালেন জাপানের কোচ

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে কৌশলগত পরিবর্তনের কথা জানালেন জাপানের কোচ

বিশ্বকাপের রাউন্ড থার্টি টুর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার দেশ জাপান। রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের গুরুতপূর্ণ কৌশল পরিবর্তনের কথা জানালেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। 

তিনি ঘোষণা দিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ যদি পেনাল্টি শুটআউটে গড়ায়, তবে খেলোয়াড়দের ওপর ছেড়ে না দিয়ে নিজেই পেনাল্টি শট নেওয়াদের তালিকা এবং ক্রম নির্ধারণ করবেন।

সোমবার অনুষ্ঠিতব্য এই মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই কৌশলগত পরিবর্তনের কথা জানান তিনি। 

কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনজন খেলোয়াড় পেনাল্টি কিক মিস করায় রাউন্ড সিক্সটিন থেকে থেকে ছিটকে যায় জাপান। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ড্র হলে, মোরিয়াসু খেলোয়াড়দের কাঁধ থেকে একটি বড় সিদ্ধান্তের ভার নামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মোরিয়াসু বলেন, ‘এবারও যখন পেনাল্টি শুটআউটের সম্ভাবনা রয়েছে, তাই আমি গতবিশ্বকাপের মতো খেলোয়াড়দের স্বেচ্ছায় এগিয়ে আসার পরিবর্তে শট নেওয়াদের ক্রম নির্ধারণ করতে চাই। আমার মনে হয়, আমিই সিদ্ধান্ত নেব এবং ঠিক করব কে শট করবে।’

প্রথমবারের মতো ফাইনালে ওঠার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে জাপানি দলটি উত্তর আমেরিকায় গিয়েছে। কারণ গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো হাই-প্রোফাইল দলগুলোর বিরুদ্ধে জয় এই যুক্তিকে আরো জোরালো করেছে। তাতে বিশ্বকাপে দলটি ভালো ফল করতে পারে।

মোরিয়াসু বলেছেন, অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে জাপান কার্লো আনচেলোত্তির ব্রাজিলকে ৩-২ গোলে পরাজিত করে। ওই জয়ই এই ম্যাচের আগে জাপানিদের বাড়তি প্রেরণা জোগাবে। 

গ্রুপ পর্বে চোট পাওয়ায় দলের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো এই ম্যাচে খেলতে পারবেন না বলে যোগ করেন জাপানের এই কোচ।

‘ব্রাজিল একসময়ের পরাশক্তি দল, কিন্তু আজকাল তেমন কিছু শুনি না’

ক্রীড়া ডেস্ক
‘ব্রাজিল একসময়ের পরাশক্তি দল, কিন্তু আজকাল তেমন কিছু শুনি না’
ব্রাজিলকে এখন আর শক্তিশালী দল মনে করেন না জাপানের স্ট্রাইকার শিওগাই। ছবি : রয়টার্স

মাঠের আগে শুরু হয়েছে কথার লড়াই। ম্যাচের ফল যাই হোক না কেন আগে কথায় প্রতিপক্ষকে কাবু করার কৌশল এটেছে জাপান। তা না হলে সেলেসাওদের নিয়ে এমন খোঁচা মারতে যাবেন কেন কেন্টো শিওগাই।

ব্রাজিল এখন ফুটবলের পরাশক্তি নয় বলে জানিয়েছেন শিওগাই। জাপানের স্ট্রাইকার বলেছেন, ‘ব্রাজিল একসময় ফুটবলের পরাশক্তি ছিল। এখন তাদের খবর কি? তাদের সম্পর্কে তো আজকাল তেমন কিছুই শুনি না...। আমার মনে হয় এখন ফ্রান্স আর আর্জেন্টিনাই শক্তিশালী দল।’

আজ রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল-জাপান। শেষ ৩২-এর লড়াইয়ে মাঠে নামার আগে লড়াইয়ের উত্তাপই যেন বাড়িয়ে দিলেন ২১ বছর বয়সী শিওগাই।

ইতিমধ্যে অবশ্য শিওগাইয়ের কথার জবাব দিয়েছেন মার্কিনিওস। ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘এটা হয়তো তাদের অহংকারের অংশ। তবে ব্রাজিল এখনো দুর্দান্ত দল। আগামীকাল (আজ) শুধু আমাদের আসল শক্তি দেখানো প্রয়োজন। এসব কথাবার্তা তাদের কাছেই থাক। ম্যাচে আমাদের বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। যেন প্রতিটি বলের জন্য লড়াই করতে পারি এবং যেভাবে ম্যাচটা জেতা উচিত সেভাবে জিততে পারি।’

মুখের পর এবার মাঠে জবাব দেওয়ার পালা ব্রাজিলের। দেখা যাক হিউস্টনে কী হয়?

দলের ভরাডুবিতে কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং

ক্রীড়া ডেস্ক
দলের ভরাডুবিতে কোচের পদ থেকে পদত্যাগ করলেন হং
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হং মিয়ং-বো। গেল শনিবারের ফলাফলের পর গ্রুপ পর্বে তৃতীয় স্থান অর্জনকারী আটটি দলের একটি হিসেবে কোরিয়ানরা রাউন্ড থার্টি টুতে উঠতে না পারায় কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।

রবিবার (২৮ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় দলের অনুশীলন ক্যাম্পে এই ঘোষণা দেন হং।

সহ-আয়োজক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্রের সাথে ‘গ্রুপ এ’তে ছিল দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করলেও মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানে হেরে যায় তারা। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করায় সেরা আটটি তৃতীয়-স্থান অধিকারী দলের তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয় দলটি।

অনুশীলন ক্যাম্প থেকে দেওয়া এক বিবৃতিতে হং বলেন, ‘যারা কোরিয়ান ফুটবলকে ভালোবেসেছেন এবং সবসময় জাতীয় দলকে সমর্থন করেছেন, সেই সকল নাগরিকদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই’। 

আজ আমি দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াতে চাই। এই দায়িত্ব গ্রহণ করা আমার জন্য কখনোই সহজ সিদ্ধান্ত ছিল না। তবে একবার সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমি অন্য কোনো কারণ বিবেচনা করিনি।

আমি বিশ্বাস করতাম যে আমার একমাত্র কাজ হলো আমাকে অর্পিত দায়িত্ব শেষ পর্যন্ত পালন করা বলে যোগ করেন এই কোচ।

২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের বিদায়ের পর হংকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অধীনে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে টানা ১১ বার অংশগ্রহণের সুযোগ পায়।

সন হিউং-মিন, লি কাং-ইন এবং কিম মিন-জায়ের মতো তারকাখচিত দল নিয়ে নকআউট পর্বে যাওয়ার ব্যাপক প্রত্যাশা থাকলেও, শেষ পর্যন্ত মাত্র এক বছরের মাথায় বিদায় নিতে হলো এই অভিজ্ঞ কোচকে। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপেও দলের ব্যর্থতার পর প্রথম দফায় পদত্যাগ করেছিলেন হং।

জাপানের বিপক্ষে নেইমারকে কত মিনিট খেলাবেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
জাপানের বিপক্ষে নেইমারকে কত মিনিট খেলাবেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে খেলতে নামার আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেইমার। ছবি : রয়টার্স

মাঠে ফেরার অপেক্ষা ফুরিয়েছে নেইমারের। ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন তিনি। ম্যাচ টাইম অবশ্য খুব একটা পাননি ব্রাজিলিয়ান তারকা। 

তবে যোগ করা সময়সহ ২১ মিনিটের মতো খেলেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন নেইমার। ৩টি গোলের সুযোগ তৈরি করেন তিনি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জাপানের বিপক্ষে। মাঠে নামার আগে তাই প্রশ্ন আজ কত মিনিট খেলবেন সান্তোসের উইঙ্গার।

প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন সেই কার্লো আনচেলত্তি অবশ্য স্পষ্ট উত্তর দেননি। শুধু জানিয়েছেন, আগের থেকে বেশি সময় খেলার জন্য প্রস্তুত আছেন নেইমার। ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমার দারুণভাবে নিজেকে তৈরি করেছে। দুঃখজনক হলো শুরু থেকে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি সে। তবে গত সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। দুর্ভাগ্যজনকভাবে যদিও সর্বশেষ ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন আরো বেশি সময় খেলতে প্রস্তুত সে।’

তবে এটা অনেকটা স্পষ্ট, আজও বদলি হিসেবে নামতে হচ্ছে নেইমারকে। সেটাও নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর। আনচেলত্তি বলেছেন, ‘তবে সে কত সময় খেলবে, তা অনেকটাই নির্ভর করছে ম্যাচের প্রেক্ষাপট এবং আগামীকাল (আজ) পরিস্থিতি কিভাবে এগোয় তার ওপর।’

বাংলাদেশ সময় ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। শেষ ৩২-এর লড়াইয়ে যারা জিতবে তারাই পরের রাউন্ডে সুযোগ পাবে। বিপরীতে পরাজিত দল বাড়ির টিকিট কাটবে।