• ই-পেপার

বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ভিনিসিয়ুসের

ব্রাজিলের বিপক্ষে নিজেদের ‘সেরা’ তারকাকে পাচ্ছে না জাপান

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিপক্ষে নিজেদের ‘সেরা’ তারকাকে পাচ্ছে না জাপান
তাকেফুসা কুবো। ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। তবে ম্যাচটির আগে বড় দুঃসংবাদ পেয়েছে সামুরাই ব্লুরা। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান।

সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু। তিনি জানান, কুবো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তাই ব্রাজিলের বিপক্ষে তাকে মাঠে নামানো হবে না।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও মাঠের বাইরে ছিলেন তিনি। রোববার দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেলেও নকআউট ম্যাচের জন্য তাকে ঝুঁকি নিতে চায় না জাপান।

মরিয়াসু বলেন, ‘কুবো এখনো ব্যক্তিগতভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে সে খেলতে পারবে না। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে ফিরুক।’

কুবোকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে জাপান। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন মরিয়াসু।

তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই আমাদের আন্ডারডগ বলবে। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। গত বছরও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি, তবু আমরা তাদের হারিয়েছিলাম। এবারও ইতিহাস বদলানোর বিশ্বাস নিয়েই মাঠে নামব।’

ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি
অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইভান বেবেক। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ রেফারি ইভান বেবেক। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ব্রাজিল ও জাপানের মধ্যকার শেষ ৩২-এর ম্যাচে তাকে অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (এভিএআর) হিসেবে নিয়োগ দিয়েছে ফিফা।

৪৪ বছর পর বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম ক্রোয়েশিয়ান কর্মকর্তা হিসেবে আগেই ইতিহাস গড়েছিলেন বেবেক। এবার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচেও দায়িত্ব পাওয়ায় তার প্রতি ফিফার আস্থারই প্রতিফলন দেখা যাচ্ছে।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হবে ব্রাজিল ও জাপানের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিতব্য এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।

প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে।

অনুদানের বিষয়ে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’

এর আগে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার।

এদিকে মাঠেও ফিরতে প্রস্তুত হচ্ছেন নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলতে সক্ষম।

আজ সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরো দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

বিশ্বকাপের দাবিদার কারা, জানালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের দাবিদার কারা, জানালেন রোনালদো
রোনালদো নাজারিও। ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই শিরোপার সম্ভাব্য দাবিদারদের নাম জানিয়ে দিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তবে নিজের দেশ ব্রাজিলকেও শিরোপা দৌড় থেকে বাদ দিতে নারাজ তিনি।

জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলছে। তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আর জার্মানি সব সময়ই বিপজ্জনক। এই চার দলই ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।’

রোনালদোর মতে, ব্রাজিলের শিরোপা স্বপ্ন অনেকটাই নির্ভর করছে নেইমারের ওপর। দীর্ঘ ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করার পর স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।

ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার মতো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য বর্তমান দলে আর কারো নেই। সে এখন ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। আমি বিশ্বাস করি, নকআউট পর্বে সে সমালোচকদের জবাব দেবে।’

২০০২ বিশ্বকাপে চোট কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানো রোনালদো নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি জানি ইনজুরি থেকে ফিরে বড় মঞ্চে খেলাটা কতটা কঠিন। তাই নেইমারের জন্য আমি রোমাঞ্চিত। তার আর কিছু প্রমাণ করার নেই, তবে সে যদি নিজের সেরাটা খেলতে পারে, তাহলে সবাইকে ভুল প্রমাণ করবে।’

যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন। তবে রোনালদোর বিশ্বাস, ভিনিসিয়ুসের ফর্মের পাশাপাশি নেইমারের অভিজ্ঞতা যোগ হলে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন আরো শক্তিশালী হবে।