চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে সিদ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টা থেকে রোববার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা বসতঘরের দেয়াল সিদ কেটে ভেতরে প্রবেশ করে। চুরির সময় ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।





