• ই-পেপার

শেষ মুহূর্তের নাটকে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া

নকআউটের ভাগ্য সহায় হয়নি দক্ষিণ কোরিয়ার

ক্রীড়া ডেস্ক
নকআউটের ভাগ্য সহায় হয়নি দক্ষিণ কোরিয়ার
ছবি : রয়টার্স

বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। ৪৮ দলের নতুন বিশ্বকাপের নিয়মে সেরা আট তৃতীয় হওয়া দল নকআউটে ওঠার সুযোগ পেলেও সেই তালিকায় জায়গা করে নিতে পারেনি এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

গ্রুপ ‘এ’-তে একটি জয় ও দুটি হারে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। শুরুতে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ এবং শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে একই ব্যবধানে হেরে নকআউটে ওঠার সম্ভাবনা জটিল করে ফেলে তারা।

শেষ দিনে অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করছিল কোরিয়ার ভাগ্য। শুরুতে সেরা তৃতীয় দলগুলোর তালিকায় অষ্টম স্থানে থাকলেও প্রথমে ক্রোয়েশিয়া ঘানাকে ২-১ গোলে হারিয়ে এগিয়ে যায়। এরপর ডিআর কঙ্গো উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট অর্জন করলে দক্ষিণ কোরিয়া শীর্ষ আটের বাইরে ছিটকে পড়ে। ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের।

এদিকে, ডিআর কঙ্গো প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। অন্যদিকে আলজেরিয়া নাটকীয়ভাবে অস্ট্রিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয়।

এটি ছিল দক্ষিণ কোরিয়ার ১২তম বিশ্বকাপ অংশগ্রহণ। এর আগে তারা তিনবার নকআউট পর্বে খেলেছিল। ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল দলটি। এ ছাড়া ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে শেষ ষোলোতে খেলেছিল কোরিয়ানরা। তবে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারল না তারা।

আলজেরিয়া-অস্ট্রিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়ল ইরানের

ক্রীড়া ডেস্ক
আলজেরিয়া-অস্ট্রিয়ার নাটকীয় ড্রয়ে কপাল পুড়ল ইরানের
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ইরানকে। রবিবার (২৮ জুন) গ্রুপ জে-তে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর শেষ ৩২-এ ওঠার স্বপ্ন ভেঙে যায় এশিয়ার দলটির। সেরা আট তৃতীয় হওয়া দলের তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করে তারা।

নকআউটে উঠতে হলে আলজেরিয়া বা অস্ট্রিয়ার যেকোনো এক দলকে হারতে হতো। কিন্তু দুই দলের রুদ্ধশ্বাস ড্রয়ে সেই সুযোগ আর পায়নি ইরান। ফলে বিশ্বকাপে সপ্তমবার অংশ নিয়েও প্রথমবারের মতো নকআউটে ওঠার অপেক্ষা আরো দীর্ঘ হলো তাদের।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর আয়োজক দেশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি। তার অভিযোগ, পুরো টুর্নামেন্টজুড়ে তাদের সঙ্গে অন্যায্য আচরণ করা হয়েছে।

ম্যাচ শেষে ঘালেনোয়ি বলেন, ‘আয়োজক দেশ আমাদের সঙ্গে মোটেও ভালো আচরণ করেনি। ভবিষ্যতে কোনো দল যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হস্তক্ষেপ কামনা করছি।’

তিনি আরো বলেন, ‘আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। এত বাধা-বিপত্তির মধ্যেও তারা যেভাবে লড়াই করেছে, তা ইতিহাসে লেখা থাকবে। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা সত্যিই হতাশাজনক। তারপরও আমরা ভালো খেলেছি এবং বিশ্বের কাছে ইরানের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। এটিই আমাদের সবচেয়ে বড় অর্জন।’

বিশ্বকাপ চলাকালে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানকে অ্যারিজোনার টুকসন থেকে প্রশিক্ষণ ক্যাম্প সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিতে হয়। এ ছাড়া তিনটি গ্রুপ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াতেও নানা ধরনের ভ্রমণ ও লজিস্টিক সমস্যার মুখোমুখি হয় দলটি।

বিদায়ের আগে নিজেদের ড্রেসিংরুমে একটি হাতে লেখা বার্তাও রেখে যায় ইরান। সেখানে সিয়াটলের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লেখা হয়, ‘ফুটবল শুধু খেলা নয়, এটি চরিত্রেরও পরীক্ষা।’

বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি

গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর সূচি। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে এবার নকআউট পর্বে খেলবে ৩২টি দল। আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে বাঁচা-মরার লড়াই, যেখানে হারের সঙ্গে সঙ্গেই শেষ হবে বিশ্বকাপ অভিযান।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এ খেলবে বিশ্বকাপে অভিষেকেই চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে। অন্যদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে কঠিন পরীক্ষা ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে।

ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন, জার্মানির সামনে প্যারাগুয়ে। স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে, ইংল্যান্ডের প্রতিপক্ষ ডিআর কঙ্গো। এ ছাড়া বেলজিয়াম-সেনেগাল, নেদারল্যান্ডস-মরক্কো, মেক্সিকো-ইকুয়েডর, সুইজারল্যান্ড-আলজেরিয়া, কলম্বিয়া-ঘানা, অস্ট্রেলিয়া-মিশর, আইভরি কোস্ট-নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচও বাড়তি আকর্ষণ ছড়াবে।

তারিখ         ম্যাচ   স্টেডিয়াম

         স্বাগতিক শহর                   

বাংলাদেশ সময়
২৯ জুন দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০
২৯ জুন ব্রাজিল বনাম জাপান এনআরজি স্টেডিয়াম হিউস্টন, যুক্তরাষ্ট্র রাত ১১:০০
৩০ জুন জার্মানি বনাম প্যারাগুয়ে জিলেট স্টেডিয়াম বোস্টন, যুক্তরাষ্ট্র রাত ২:৩০
৩০ জুন নেদারল্যান্ডস বনাম মরক্কো এস্তাদিও বিবিভিএ গুয়াদালুপে, মেক্সিকো সকাল ৭:০০
৩০ জুন আইভরি কোস্ট বনাম নরওয়ে এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১১:০০
১ জুলাই ফ্রান্স বনাম সুইডেন মেটলাইফ স্টেডিয়াম ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র রাত ৩:০০
১ জুলাই মেক্সিকো বনাম ইকুয়েডর এস্তাদিও অ্যাজটেকা মেক্সিকো সিটি সকাল ৭:০০
১ জুলাই ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম আটলান্টা, যুক্তরাষ্ট্র রাত ১০:০০
২ জুলাই বেলজিয়াম বনাম সেনেগাল লুমেন ফিল্ড সিয়াটল, যুক্তরাষ্ট্র রাত ২:০০
২ জুলাই যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা লেভাইস স্টেডিয়াম সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র সকাল ৬:০০
৩ জুলাই স্পেন বনাম অস্ট্রিয়া সোফাই স্টেডিয়াম লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র রাত ১:০০
৩ জুলাই পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া বিএমও ফিল্ড টরন্টো, কানাডা ভোর ৫:০০
৩ জুলাই সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া বিসি প্লেস ভ্যাঙ্কুভার, কানাডা সকাল ৯:০০
৪ জুলাই অস্ট্রেলিয়া বনাম মিশর এটি অ্যান্ড টি স্টেডিয়াম ডালাস, যুক্তরাষ্ট্র রাত ১২:০০
৪ জুলাই আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে হার্ড রক স্টেডিয়াম মায়ামি, যুক্তরাষ্ট্র ভোর ৪:০০
৪ জুলাই কলম্বিয়া বনাম ঘানা অ্যারোহেড স্টেডিয়াম কানসাস সিটি, যুক্তরাষ্ট্র সকাল ৭:৩০

শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক
শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ আর্জেন্টিনার
ছবি : রয়টার্স

লিওনেল মেসি ছিলেন না শুরুর একাদশে। তবু প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও বদলি হিসেবে নেমে আবারও নিজের ছাপ রাখলেন মেসি। তার দারুণ এক ফ্রি-কিকের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। ১৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জিওভানি লো সেলসো গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৩১ মিনিটে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাওতারো মার্তিনেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা আরো একটি গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর ৫৫ মিনিটে ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান। এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

গোল হজমের পাঁচ মিনিট পর, ৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বেঞ্চ থেকে নেমেই আক্রমণে গতি আনেন তিনি। ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক থেকে নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলে ম্যাচের সব অনিশ্চয়তার ইতি টেনে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ গোল এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৯তম গোল। পাশাপাশি টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য কীর্তিও গড়েছেন তিনি।

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ অভিষেক শেষ করল জর্ডান।