• ই-পেপার

বিশ্বকাপের মাঝেই পুরনো ঠিকানায় ফিরলেন সিলভা

ব্রাজিলের গোলকিপারদের জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত ফিফার

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের গোলকিপারদের জার্সি বদলে ফেলার সিদ্ধান্ত ফিফার
বিশ্বকাপে ব্রাজিলের তিন গোলকিপার (বাঁ থেকে) এদেরসন, ওয়েভারতন ও আলিসন। ছবি : ফিফা

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। তবে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের আগে ব্রাজিলিয়ান গোলকিপারদের জার্সির রং বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

ও গ্লোবো লিখেছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের তিন গোলকিপার আলিসন, এদেরসন ও ওয়েভারতনের লাল জার্সি পরার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি গোলকিপারদের গাঢ় সবুজ জার্সি, শর্টস ও মোজা পরে খেলার নির্দেশ দিয়েছে। আর এই ম্যাচে স্কটল্যান্ডের গোলকিপাররা পরবেন ধূসর রঙের জার্সি।

শেষ মুহূর্তে কেন এই পরিবর্তন আনা হলো, সে বিষয়ে ফিফা কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ম্যাচের অফিশিয়াল কিট গ্রাফিকসে স্পষ্ট দেখা গেছে, নির্ধারিত লাল জার্সির পরিবর্তে গাঢ় সবুজ জার্সি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, বিশ্বকাপে গোলকিপারদের লাল রঙের কোনো জার্সি বানানোই হয়নি। এমনকি ব্রাজিল দলের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির ওয়েবসাইটেও এই ম্যাচের জন্য গোলকিপারদের গাঢ় সবুজ জার্সি পাওয়া যাচ্ছে। এর একটি নাইকির নিজস্ব সংস্করণ, অন্যটি জর্দান ব্র্যান্ডের।

‘সি’ গ্রুপে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এবার স্কটল্যান্ড হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে ওঠার লক্ষ্য কার্লো আনচেলত্তির দলের। এই ম্যাচ দিয়েই প্রায় তিন বছর পর দেশের হয়ে খেলবেন নেইমার জুনিয়র।

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
ছবি : রয়টার্স

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুই দাপুটে জয়ে গতকাল রাতেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের পর আলবিসেলেস্তেদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত।

গ্রুপ পর্বের বাধা তো পেরোনো গেল, তবে রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কারা হচ্ছে? এই নিয়ে এখন ফুটবলবিশ্বে তুমুল জল্পনা-কল্পনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ সেরা হওয়ায় নকআউটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। এই গ্রুপে থাকা চার দল হলো– স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।

ইতোমধ্যে রাউন্ড অব বত্রিশের দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ৪ জুলাই মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন (আর্জেন্টিনা) এবং ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনার সমর্থকদের জন্য মজার ব্যাপার হলো, লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাবেক হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। ফলে ঘরের মাঠের চেনা আঙিনাতেই নকআউটের মিশন শুরু করবেন মেসিরা।

‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। অন্যদিকে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই পুরোপুরি নির্ভর করছে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হচ্ছে।

ফের বাড়তি সুবিধা? মেসির রেকর্ড গড়া গোল নিয়ে প্রশ্ন

ক্রীড়া ডেস্ক
ফের বাড়তি সুবিধা? মেসির রেকর্ড গড়া গোল নিয়ে প্রশ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ কিংবা এফএ কাপ ফুটবল দুনিয়ায় যেখানেই চোখ রাখা যাক না কেন, ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’ বা ভিএআর যেন প্রতি সপ্তাহেই নতুন কোনো বিতর্কের জন্ম দিচ্ছে। এবার তো মঞ্চটা আরও বড়, ১০৪ ম্যাচের মহাকাব্যিক ফিফা বিশ্বকাপ!

বিশ্বকাপের বড় ম্যাচগুলোর প্রধান প্রধান বিতর্কিত ঘটনা, ভিএআর প্রোটোকল এবং ইএসপিএন-এর চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের একটি বহুল আলোচিত ঘটনা।

সেদিন মাঠে লিওনেল মেসি যখন নিজের রেকর্ড ভাঙা বিশ্বকাপ গোলটি উদযাপন করছিলেন, তখন অস্ট্রিয়া শিবিরের চোখে-মুখে ছিল চরম হতাশা আর ক্ষোভ। তাদের দাবি ছিল, গোলের ঠিক আগের মুহূর্তে বিল্ড-আপে অস্ট্রিয়ান ডিফেন্ডার জাভার শ্লাগারের ওপর ফাউল করেছিলেন আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর সেই ফাউল থেকেই মূলত বল কেড়ে নিয়ে গোলটি পায় আর্জেন্টিনা। তবে মাঠে থাকা মূল রেফারি অস্ট্রিয়ার সেই আবেদন নাকচ করে গোলের বাঁশি বাজান।

অন-ফিল্ড রেফারির দেওয়া গোলের সিদ্ধান্তটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে ভিএআর এবং এটিকে সম্পূর্ণ সঠিক গোল হিসেবে ঘোষণা করে।

গোল হওয়ার আগের অ্যাটাকিং ফেজটি (আক্রমণের মুহূর্ত) অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে ভিএআর প্যানেল। তারা নিশ্চিত হন যে, গোলের বিল্ড-আপে কোনো ফাউল হয়নি। ম্যাক অ্যালিস্টার এবং শ্লাগারের মধ্যকার শারীরিক সংঘর্ষটিকে মাঠের রেফারির কোনো ‘স্পষ্ট ভুল’ হিসেবে বিবেচনা করা হয়নি। আর তাই মাঠের রেফারিকে অন-ফিল্ড রিভিউ (পিচসাইড মনিটর দেখার) দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি ভিএআর।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এর মতে, ম্যাক অ্যালিস্টার ও শ্লাগারের মধ্যকার সেই ধাক্কাধাক্কিতে ভিএআর হস্তক্ষেপ না করে একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ, ঘটনাটি আদৌ ফাউল ছিল কিনা, তা নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে।

সংঘর্ষের মুহূর্তে অস্ট্রিয়ান খেলোয়াড় শ্লাগারের পা মাটিতে শক্ত অবস্থানে ছিল না। বরং তার নিজের শরীরী মুভমেন্ট এবং ভরবেগই ম্যাক অ্যালিস্টারের দিকে ধাবিত হয়েছিল, যা আলটিমেটলি এই শারীরিক সংঘাতের অন্যতম কারণ।

চলতি বিশ্বকাপে ভিএআর-এর হস্তক্ষেপের ন্যূনতম সীমা বেশ উঁচুতে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মাঠের রেফারিং দল যখন একবার ঘটনাটিকে ফাউল না বলে ইশারা করেছে, তখন শতভাগ নিশ্চিত কোনো ভুল প্রমাণ না পাওয়া পর্যন্ত ভিএআর-এর পক্ষে গোল বাতিলের সুপারিশ করার কোনো নিয়ম নেই।

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

ক্রীড়া ডেস্ক
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
ছবি : রয়টার্স

অস্ট্রিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ৩২ নিশ্চিত করেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর আজ সকালে জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফলাফলের পর ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়াটাও নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের। গ্রুপসেরা হওয়ার পর এখন ফুটবল দুনিয়ায় তুমুল জল্পনা, রাউন্ড অব ৩২-এ কার মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। 

গ্রুপ পর্বের এখনও এক ম্যাচ বাকি থাকলেও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে লড়তে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিরুদ্ধে। আর এই ‘এইচ’ গ্রুপেই রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় এই গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপরই ঝুলে আছে মেসিদের প্রতিপক্ষের ভাগ্য।

চলুন দেখে নেওয়া যাক জটিল সব সমীকরণে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কোন দল—

স্পেন হবে যদি
উরুগুয়ে যদি শেষ ম্যাচে স্পেনকে হারিয়ে দেয় এবং অন্য ম্যাচে সৌদি আরব ও কেপ ভার্দে ড্র করে, তবে স্পেন রানার্সআপ হিসেবে আর্জেন্টিনার সামনে পড়বে। এমনকি উরুগুয়ে জিতলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও স্প্যানিশদের রানার্সআপ হওয়ার পথ তৈরি হতে পারে।

কেপ ভার্দে হবে যদি
স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়, তবে স্পেন হবে গ্রুপসেরা আর কেপ ভার্দে রানার্সআপ। আবার স্পেন জিতলে এবং কেপ ভার্দে-সৌদি ম্যাচ ড্র হলেও আফ্রিকার দেশটিই হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

সৌদি আরব হবে যদি 
স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারালে রানার্সআপ হবে সৌদি। আবার স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালেও সমীকরণ একই থাকবে। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে মেসিদের সামনে পড়ার সুযোগ পাবে সৌদি।

উরুগুয়ে হবে যদি
যদি শেষ ম্যাচে উরুগুয়ে এবং কেপ ভার্দে উভয় দলই জয় তুলে নেয়, তবে রানার্সআপ নির্ধারণে আসবে গোল ব্যবধানের হিসাব। বর্তমানে দুই দলেরই গোল ব্যবধান শূন্য এবং গোল সংখ্যাও সমান (২টি করে)।

গোল ও ব্যবধান সমান থাকলে দেখা হবে ‘ফেয়ার প্লে’ বা কার্ডের হিসাব। যেখানে কেপ ভার্দের চেয়ে একটি হলুদ কার্ড কম দেখে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে এগিয়ে আছে উরুগুয়ে।

আবার যদি শেষ রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়, তাহলেও উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং শেষ পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিং বিবেচনা করে রানার্সআপ নির্ধারণ করা হবে।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র বলছে, আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্দে। ভোজিনহার নেতৃত্বে আফ্রিকার এই ছোট দেশটি সৌদিকে হারাতে পারলে ইতিহাস গড়ে নকআউটে মেসিদের মুখোমুখি হবে। তবে উরুগুয়ে যদি স্পেনকে স্তব্ধ করে দেয়, তবে নাটকীয়ভাবে নকআউটের শুরুতেই দেখা যেতে পারে আর্জেন্টিনা-স্পেন হাইভোল্টেজ মহারণ! সব উত্তর মিলবে আগামী শনিবার সকাল ৬ টায় গ্রুপ ‘এইচ’-এর শেষ দুটি ম্যাচের ফল হাতে পাওয়ার পর।