• ই-পেপার

চলে গেলেন মঞ্চনাট্যের কিংবদন্তি বিজয়া মেহতা

‘টক্সিক’-এর টিজার ঘিরে বিতর্ক, নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে ক্ষুব্ধ দর্শক

বিনোদন ডেস্ক
‘টক্সিক’-এর টিজার ঘিরে বিতর্ক, নারী চরিত্রের উপস্থাপনা নিয়ে ক্ষুব্ধ দর্শক
সংগৃহীত ছবি

কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক’–এর নতুন টিজার প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামের এই বিশেষ প্রমোটি সিনেমার নারী চরিত্রগুলোর সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রকাশ করা হলেও, মুক্তির পর সেটি সমালোচনার মুখে পড়েছে।

বুধবার প্রকাশিত টিজারে নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের উপস্থিতি দেখানো হয়। তবে অনেক দর্শকের অভিযোগ, চরিত্রগুলোর ব্যক্তিত্ব, সংলাপ বা গল্পের গুরুত্ব তুলে ধরার বদলে তাদের অতিরিক্ত গ্ল্যামারাস ও যৌন আবেদনময়ীভাবে উপস্থাপন করা হয়েছে।

Rate the new glimpse of Toxic out of 10 ? #Toxic #ToxicOnAugust26 #Yash

টিজারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত একটি প্রমোতে তাদের চরিত্রের গভীরতা তুলে ধরা হয়নি; বরং কেবল দৃষ্টিনন্দন উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

কিছু নেটিজেন আরো কঠোর প্রতিক্রিয়া জানিয়ে টিজারটিকে ‘এই দশকের সবচেয়ে অশালীন প্রচারণাগুলোর একটি’ বলেও মন্তব্য করেছেন। এমনকি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে সিনেমাটি আটকে দেওয়ার দাবিও তুলেছেন কেউ কেউ। বিশেষ করে একজন নারী নির্মাতা হিসেবে গীতু মোহনদাস কেন এমন উপস্থাপনার পথ বেছে নিলেন—সেই প্রশ্নও উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সমালোচনার বড় অংশই কেন্দ্রীভূত হয়েছে টিজারের শেষ দৃশ্যকে ঘিরে। অনেকের দাবি, সেখানে নারী চরিত্রগুলোকে ‘মেল গেজ’ বা পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ক্যামেরাবন্দি করা হয়েছে, যা অপ্রয়োজনীয় এবং কুরুচিপূর্ণ।

ANMOL JAMWAL (@jammypants4) / Posts / X

বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইন আলোচনা প্ল্যাটফর্ম রেডিটেও। সেখানে অনেক ব্যবহারকারী লিখেছেন, সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত হওয়ায় পরিণত বিষয়বস্তু নিয়ে তাদের আপত্তি নেই। তবে নারী চরিত্রগুলোর উপস্থিতি মাত্র কয়েক সেকেন্ডে সীমাবদ্ধ রাখা এবং তাদের গল্প বা ব্যক্তিত্বের কোনো ইঙ্গিত না দেওয়ায় তারা হতাশ।

উল্লেখ্য, একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত ছবিটি ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পরে এটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় ডাব করে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনের ওয়েব সিরিজ

বিনোদন প্রতিবেদক
ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনের ওয়েব সিরিজ
সংগৃহীত ছবি

বাংলাদেশ বিশ্বকাপে খেলে না, কিন্তু বিশ্বকাপ এলেই দেশের অলিগলি থেকে শহর—সবখানেই ছড়িয়ে পড়ে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের তুমুল উন্মাদনা। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে তর্ক, পতাকা টানানো, খুনসুটি আর আবেগ যেন হয়ে ওঠে এক ভিন্ন উৎসব। সেই চেনা বাস্তবতাকেই পর্দায় তুলে আনছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে তৈরি হওয়া এই বিশেষ আবহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটি। খেলা হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাঠে, কিন্তু সমর্থকদের উন্মাদনায় যেন আরেকটি বিশ্বকাপ বসে বাংলাদেশের পাড়া-মহল্লায়। সেই গল্পই হাস্যরসের মোড়কে তুলে ধরা হবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’-এ।

সিরিজটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মাদ হাসান। এতে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী ও ইশতিয়াক আহমেদ রোমেল। 

নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, বাংলাদেশের মহল্লাগুলোতে বিশ্বকাপ এলেই যে মজার মজার ঘটনা ঘটে, সেগুলোই সিরিজে তুলে ধরা হয়েছে।

তার কথায়, ‘ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে তাই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি।’

‘ব্রাজেন্টিনা ক্লাব’-এর মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অভিনয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এর আগে বিজ্ঞাপনে কাজ করলেও নাটক বা সিরিজে অভিনয় এবারই প্রথম।

জামাল বলেন, ‘এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।’

অভিনয়ের অভিজ্ঞতাকে ‘ম্যাজিক্যাল’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয়।’

নিজের অভিনয় নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও বেশ খোলামেলা জামাল। তিনি বলেন, ‘আমার অভিনয় দেখে দর্শকরা মজা করুক, মিমস বানাক, ট্রল করুক—তাতে আমার কোনো আপত্তি নেই।’

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আগামী ৭ জুলাই থেকে সিরিজটি স্ট্রিমিং শুরু হবে। আট পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ২৫ মিনিট।

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

বিনোদন ডেস্ক
স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেলের জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিও ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মেসির সম্ভাব্য পারিশ্রমিক।

প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওটিতে শুরুতে দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক তখনই হাতে একটি বিশেষ ট্র্যাকার নিয়ে সেখানে প্রবেশ করেন মেসি। কিছুক্ষণ পর পিটার নিজের পরিচয় বদলে স্পাইডারম্যানে রূপ নেন। ভিডিওর শেষ মুহূর্তে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে উড়তে দেখা যায় মেসিকে, যা ভক্তদের জন্য ছিল বড় চমক।

ভিডিওটি প্রকাশের পরই হলিউডভিত্তিক কয়েকটি সূত্র দাবি করে, মাত্র ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা। তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করেনি সনি পিকচার্স কিংবা মেসির প্রতিনিধিরা। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি মার্ভেলের আসন্ন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর প্রচারণার অংশ। ছবিটি আগামী ৩১ জুলাই মুক্তির কথা রয়েছে।

ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ও দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্ভেল কমিকস অনুযায়ী, এটি পিটার পার্কারের তৈরি একটি বিশেষ ডিভাইস, যা প্রথম ব্যবহার করা হয়েছিল ভিলেন ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে।

এ ছাড়া ট্র্যাকারের পর্দায় একাধিক লাল সংকেত দেখা যাওয়ায় অনেক ভক্তই মনে করছেন, এটি মার্ভেলের মাল্টিভার্সের নতুন কোনো ইঙ্গিত হতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, নতুন সিনেমার গল্প শুরু হবে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার পর থেকে। সেই কাহিনিতে পৃথিবীর সবাই ভুলে যায় যে, পিটার পার্কারই স্পাইডারম্যান। নতুন অধ্যায়ে তার সঙ্গে ‘পানিশার’ ও ‘হাল্ক’-এর মতো জনপ্রিয় চরিত্রদেরও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে।

মেসির উপস্থিতিতে এই প্রচারণামূলক ভিডিও ইতোমধ্যেই ফুটবলপ্রেমী ও মার্ভেল ভক্ত—দুই পক্ষের মধ্যেই আলাদা উন্মাদনা তৈরি করেছে। তবে তার অভিনয় বা পারিশ্রমিক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই।

‘অসভ্যের মতো ছবি-ভিডিও তোলেন কেন?’, চটেছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
‘অসভ্যের মতো ছবি-ভিডিও তোলেন কেন?’, চটেছেন অভিনেত্রী
সংগৃহীত ছবি

তারকাদের ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের সঙ্গে বলিউড তারকাদের দ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সোনাক্ষী সিনহা। এর আগে একাধিকবার প্রকাশ্যে আপত্তি তুলেছেন জয়া বচ্চনও। এবার একই ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রীদের উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন নেহা। দীর্ঘদিন ধরে নিজের অজান্তে কিংবা আপত্তি সত্ত্বেও পেছন দিক থেকে ছবি ও ভিডিও ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভিডিওতে নেহাকে বলতে শোনা যায়, ‘অসভ্যের মতো পেছন দিক থেকে ছবি-ভিডিও কেন তোলেন? বন্ধ করুন এগুলো।’

Interesting Facts About Neha Dhupia

শুধু নিজের জন্য নয়, সব শিল্পীর ক্ষেত্রেই এমন আচরণ অনুচিত বলেও মন্তব্য করেন তিনি। নেহার কথায়, ‘শুধু আমার নয়, কারো ক্ষেত্রেই এটা করা উচিত নয়। বারবার বলতে বলতে আমরা ক্লান্ত। এসব আর চলবে না। আমরা আপনাদের সঙ্গে সম্মান রেখেই কথা বলি, আপনারাও সেই সম্মান বজায় রাখুন।’

অভিনেত্রীর এই বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকের মতে, কারো আপত্তি থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট ভঙ্গিতে ছবি বা ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। বিশেষ করে নারী তারকারাই এ ধরনের ঘটনার বেশি শিকার হন। 

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ‘ভিউ’ পাওয়ার আশায় এমন ভিডিও তৈরি করা হয় বলেও অভিযোগ তুলেছেন অনেকে।

Neha Dhupia Rocks In Saree | Neha Dhupia Rocks In Saree

অন্যদিকে, একাংশের মত ভিন্ন। তাদের দাবি, জনসমক্ষে তারকাদের ছবি বা ভিডিও ধারণ করা সংবাদকর্মী ও আলোকচিত্রীদের পেশাগত দায়িত্বের অংশ। তাই সংবাদ সংগ্রহের সীমা কোথায় শেষ হবে এবং ব্যক্তিগত গোপনীয়তা কোথা থেকে শুরু হবে— সেই প্রশ্নও নতুন করে সামনে এসেছে।

তবে নেহা ধুপিয়াই প্রথম নন। এর আগেও জাহ্নবী কাপুর, রশ্মি দেশাই, শানায়া কাপুর এবং আয়েশা খানসহ একাধিক অভিনেত্রী অভিযোগ করেছেন, তাঁদের পেছন দিক থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তারা সবাই এই প্রবণতাকে অস্বস্তিকর, অসম্মানজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছিলেন।

বিনোদন অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, ডিজিটাল যুগে ‘পাপারাজ্জি সংস্কৃতি’ আগের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। কয়েক সেকেন্ডের একটি ভিডিও বা ভাইরাল ক্লিপ লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। 

সেই প্রতিযোগিতায় অনেক সময় পেশাগত নৈতিকতার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। আর তাতেই বারবার প্রশ্নের মুখে পড়ছে তারকাদের ব্যক্তিগত পরিসর, সম্মতি ও মর্যাদার বিষয়টি।