• ই-পেপার

পয়োবর্জ্যের অবৈধ নিষ্কাশন বন্ধে ডিএনসিসির যৌথ কর্মপরিকল্পনা

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিনজন আটক

অনলাইন ডেস্ক
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিনজন আটক
বিএনপি নেতা বাদশা

রাজধানীর আদাবরে সালিসি বৈঠক শেষে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) আদাবরের নবোদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়। তারা হলেন শোয়েব, আরমান ও নয়ন।

নিহত আবুল বাসার বাদশা আদাবর থানা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। একই ঘটনায় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন আহত হয়েছেন।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

জানা গেছে, বিশ্বকাপ খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিসি বৈঠক হয়। বৈঠক শেষে সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। এ সময় পথের মধ্যে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইউনিট সভাপতি সাদ্দাম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।

হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর

নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাল জাইকা

অনলাইন ডেস্ক
নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানাল জাইকা

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ৭ জন জাপানি নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

বুধবার (২ জুলাই) রাজধানীর উত্তরায় মেট্রো রেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্র (এমইআইসি) আয়োজিত স্মরণসভায় এ শ্রদ্ধা জানানো হয়।

জাইকা জানায়, নিহত সাত জাপানি নাগরিক বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অবদানেই ঢাকা মেট্রো রেলের ভিত্তি রচিত হয়। এটি বর্তমানে রাজধানীর লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাংলাদেশ-জাপান অংশীদারির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

স্মরণসভায় উপস্থিত ছিলেন জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুইয়া, জাইকা বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি তাকাহাশি জুনকো, জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোআকি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপান সরকার ও দূতাবাসের অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শৌগাতুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জুলাই হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরের কাফরুল থানায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা (দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক) রবিউল ইসলাম রবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. আব্দুল আলীম আসামিকে আদালতে হাজির করে আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আসামির গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি ছাত্রলীগের পদধারী নেতা। ছাত্র আন্দোলন চলাকালে  এ আসামি মিরপুর বিআরটিএর সামনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরদের নির্দেশনা বাস্তবায়ন করতে সেখানে উপস্থিত ছিল। তারা সেখান ছাত্র-জনতার ওপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। যার ফলে ভুক্তভোগী মাহবুব সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলামসহ কয়েকজন গ্রেপ্তারের বিরোধিতা করে শুনানি করেন। তারা আদালতে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি ইতিমধ্যে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। ফের নতুন এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। 

শুনানি শেষে আইনজীবী ফয়সাল ইসলাম জানান, আমরা আদালতে বলেছি, এ আসামির পক্ষে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতের একটি বেঞ্চ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে নতুন মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে রুল জারি করেছেন। সেটি আদালতে জমা দেওয়ার পরেও আজকে  একটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে উচ্চ আদালতের রুলস ভায়োলেন্স হয়েছে। 

মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সালের ১৭ জুলাই ছাত্র আন্দোলনের সময়ে মিরপুরের বিআরটিএর সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাহবুব হাসান মামুন।এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সাহীনুর ওই বছরের ২১ নভেম্বর মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের আবেদনে পুলিশ বলেছে, ওই আসামি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সন্দিগ্ধ এ আসামি ছাত্রলীগ করার কারণে এজাহারনামীয় আসামিসহ ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলন দমনের জন্য গুলি করে ভিকটিমকে হত্যা করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে রিমান্ড আবেদন করা হতে পারে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, মামলা ৮৯

অনলাইন ডেস্ক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, মামলা ৮৯
সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ায়ী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৮২ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

এ সময় তাদের হেফাজত হতে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১ টি শর্টগান, ১ টি ছুরি, ১ টি রড, ১ টি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, ১ টি ল্যাপটপ, ১ টি এসএসডি, ১৫ টি মোবাইল, ১৬০ টি সিম কার্ড, ১ টি প্রাইভেটকার, ১ টি ট্রাক, ১ টি স্কুল ব্যাগ ও নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।